এখন সময় বেঁধে দেওয়ার কোনো সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দুনিয়ায় আবাসিক ভবন, শপিং মল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ যাবতীয় স্থাপনা অনুমোদন দেওয়ার আগে রাস্তা আছে কতটুকু আছে তা ভেবে দেখা হয়। বৈজ্ঞানিকভাবে সমীক্ষা করে দেখা হয় বিদ্যমান সড়ক বাসিন্দাদের চাপ সামলানোর মতো যথেষ্ট কি না। কিন্তু ঢাকা শহর গড়ে উঠেছে একেবারেই পরিকল্পনাহীনভাবে।একটি শহর অর্থনৈতিকভাবে সফল হতে হলে তা সাইকেলের চাকার মতো গোলাকার হতে হয়। লন্ডন শহরটি সেভাবেই গড়ে উঠেছে। কিন্তু ঢাকা শহর উত্তর-দক্ষিণ লম্বালম্বি, যেদিকে উঁচু ভূমি পাওয়া গেছে সেদিকে বসতি করা হয়েছে। ঢাকা দুভাবে গড়ে উঠেছে—এক. কিছু ব্যক্তি নিজ উদ্যোগে পরিকল্পনা ছাড়াই জমিতে মাটি ভরাট করে বাড়ি তৈরি করেছে, কিন্তু রাস্তার ধার ধারেনি। দুই. ঘন বসতি হয়ে যাওয়ার পর নির্বাহী আদেশে কিছু রাস্তা তৈরি করা হয়েছে, যা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। ফলে বর্তমানে ঢাকায় তিনটির বেশি প্রধান সড়ক নির্মাণ সম্ভব হয়নি। এই সড়ক তিনটি হচ্ছে—উত্তরা-মতিঝিল, যাত্রাবাড়ী-গাবতলী ও গুলিস্তান-মিরপুর।রাজধানীর পান্থপথ, অতীশ দীপংকর সড়ক, বিজয় সরণি, প্রগতি সরণি, রোকেয়া সরণিসহ বেশ কিছু সড়ক নির্বাহী আদেশে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর করা হয়েছে। বসতি গড়ার আগে পরিকল্পনা করে করা হয়নি। ফলে যানজট কমেনি।দমকল বাহিনীর একটি গাড়ি ও একটি অ্যাম্বুলেন্স একসঙ্গে যেতে পারলে প্রকৌশলবিদ্যায় সেটাকে একটি কার্যকর সড়ক বলা হয়। ঢাকায় এ ধরনের সড়ক আছে মাত্র দুই দশমিক পাঁচ শতাংশ।এ অবস্থায় ঢাকাকে বাসযোগ্য করতে হলে প্রথমেই মানুষের স্রোত বন্ধ করতে হবে। এখন ঢাকায় প্রতিদিন দুই হাজারের ওপরে নতুন মানুষ প্রবেশ করছে। পদ্মা সেতু হলে তা আরও বেড়ে যাবে। এ ছাড়া প্রধান তিনটি সড়কের ওপর থেকে চাপ কমাতে হবে। ঢাকার পূর্ব ও পশ্চিমাংশে অন্তত আট-নয়টি প্রধান সড়ক তৈরি করলে মূল সড়কে চাপ কমবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের স্ট্রাকচারাল প্ল্যান, যোগাযোগ মন্ত্রণালয়ের কৌশলগত পরিবহন পরিকল্পনা ও সম্প্রতি করা জাপানি সংস্থা জাইকার সমীক্ষায়ও এ সড়কগুলো করার কথা বলা হয়েছে।পূর্ব-পশ্চিমে নতুন সড়ক হলে বিদ্যমান তিনটি সড়কের চাপ কিছুটা কমে যাবে। তখন শহরের কেন্দ্রীয় এলাকাগুলোতে যানজট কমানোর জন্য ছোট গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে। কারণ, এখনকার যানবাহনের ৮৫ ভাগই ছোট গাড়ি। বাসের বিশেষ লেন করে গণপরিবহন উন্নয়ন করতে হবে। মেট্রোরেল ও উড়াল সড়ক চালু করতে হবে। এগুলো আরও আগেই করা উচিত ছিল। এখন সময় বেঁধে দেওয়ার কোনো সময় নেই। এখনই শুরু করতে হবে।লেখক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক।