এখন স্পষ্টতই পাকিস্তান টুকরো হয়ে গেছে
[প্রতিরোধের মার্চ বিদেশি পত্রিকায় বাংলাদেশ ’৭১ ১৯৭১-এর শুরু থেকেই বিদেশি গণমাধ্যমগুলো বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে। এমনকি যেসব দেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছে, সংবাদপত্রগুলো সেখানেও বাংলাদেশের কথা বলেছে, নিজ দেশের সরকারের ভূমিকাকে ধিক্কার দিয়েছে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ৩১টি পত্রিকায় প্রকাশিত এ প্রসঙ্গে কিছু নমুনা সংবাদ, সম্পাদকীয় ও রাজনৈতিক বিশ্লেষণের অনুবাদ আজ থেকে ছাপা হচ্ছে। সিডনি মর্নিং হেরাল্ডের সম্পাদকীয়]পূর্ব পাকিস্তানে কী ঘটছে জানা অসম্ভব। রেডিও পাকিস্তানের ভাষ্য অনুযায়ী প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীই মূলত পূর্বাংশ নিয়ন্ত্রণ করছে, শেখ মুজিবুর রহমানকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে বন্দী করে রাখা হয়েছে এবং পূর্ব পাকিস্তানে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। ভারতীয় প্রতিবেদন অনুযায়ী শেখ মুজিবুর মুক্ত, ১৬ হাজার শক্তিশালী পূর্ব পাকিস্তানি (বাঙালি) রাইফেলস সদস্য ও পুলিশ টিক্কা খানের বাহিনীর মোকাবিলা করছে এবং দুদিনের জনযুদ্ধে বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক মৃত্যুবরণ করেছে (সংখ্যা ১০ হাজার না লাখ, জানা নেই)। এখন স্পষ্টতই পৃথিবী জেনে গেছে পাকিস্তান টুকরো হয়ে গেছে; অলৌকিক কোনো রাজনৈতিক ঘটনা ছাড়া পাকিস্তানকে আর এক করা সম্ভব নয়।এ ধরনের অলৌকিক ঘটনা ঘটবে, বিশ্বাস করার কারণ নেই। ইতিহাসের জঘন্য রক্তাক্ত অধ্যায়—ব্রিটিশরা আয়ারল্যান্ডে যা করেছে, ফরাসিরা আলজেরিয়াতে যা করেছে এবং এ ধরনের আরও অনেক ঘটনার ব্যাপারে অন্ধ থেকে ইয়াহিয়া খান সেনাবাহিনীর বল প্রয়োগের মাধ্যমে সংহতি পুনরুদ্ধারের চেষ্টা করছেন। এর ফলাফল যদি এতটা ট্র্যাজিক না হতো তার আশা হাস্যকর ঠেকত। পশ্চিম পাকিস্তানের সংখ্যালঘুর আধিপত্যে গঠিত কৃত্রিম পাকিস্তানে সাড়ে সাত কোটি বাঙালির ওপর আনুগত্য চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন—যেখানে গণতান্ত্রিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোটে জনগণ শেখ মুজিবুর এবং পূর্ব পাকিস্তানের জন্য তাঁর দাবিকৃত স্বায়ত্তশাসনের প্রতি আনুগত্য ঘোষণা করেছে। মৃত-জন্ম গণপরিষদে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করা শেখ মুজিবুর সামরিক শাসন জারির পর পূর্ব পাকিস্তানে কার্যত একটি বেসামরিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে তাঁর কর্তৃত্ব প্রদর্শন করেছেন এবং সম্ভাব্য কনফেডারেশনের স্বার্থে তিনি বিশেষভাবে নমনীয় থেকেছেন। কেবলমাত্র প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ভেঙে যাওয়ার পর তিনি স্বাধীনতার ডাক দিয়েছেন। আলোচনা ভেঙে যাওয়ার দায় প্রেসিডেন্টেরই, তিনি পশ্চিম পাকিস্তানি সংখ্যালঘু স্বার্থ রক্ষা করতে গিয়ে গণতান্ত্রিক নির্বাচনের রায়কে অস্বীকার করেছেন। প্রেসিডেন্ট ইয়াহিয়ার ক্ষমতা আছে—ট্যাংক, গোলন্দাজ বাহিনী ও যুদ্ধবিমান দিয়ে পূর্ব পাকিস্তানের শহরগুলোয় সাময়িক বিজয় তিনি হয়তো দেখাতে পারবেন। কিন্তু দীর্ঘমেয়াদে সেনা ঘাঁটি থেকে হাজার মাইল দূরে তাঁর সেনাদল দিয়ে তিনি কেমন করে আশা করেন যে গেরিলা যোদ্ধাদের পরাস্ত করবেন—যে যুদ্ধ তেতে উঠবে বাঙালি জাতীয়তাবাদের শক্তিতে, যে যুদ্ধ চলতে থাকবে অনির্দিষ্টকাল ধরে পূর্ব পাকিস্তানের দুর্গম গ্রাম্য প্রান্তরে? সমঝোতাকারী কাউকে চোখে পড়ছে না—ভারত তো নয়ই। পাকিস্তানি সেনাবাহিনীর এই জড়িয়ে পড়া ভারতের জন্যও নিশ্চয়ই সুখের খবর নয়, কারণ এর ধাক্কা অশান্ত পশ্চিমবঙ্গকেও আঘাত করার আশঙ্কা সৃষ্টি করবে। পশ্চিম পাকিস্তানে বিপুল বিনিয়োগ সত্ত্বেও বায়াফ্রার সংখ্যালঘুদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার দুঃখজনক স্মৃতির তাড়া খেয়ে ব্রিটেনের পুনরায় জড়িয়ে পড়ার সম্ভাবনা নেই।কেবল ইয়াহিয়া খানের শুভবুদ্ধির উদয় হলেই এই ট্র্যাজেডির দীর্ঘায়িত হওয়া রোধ করা যেতে পারে। কিন্তু মনে হচ্ছে তাঁর অঙ্গীকার সংঘর্ষের দিকেই। (২৯ মার্চ ১৯৭১ প্রকাশিত)অনুবাদ : এম এ মোমেন