এখন ‘ব্লেম গেম’ করার সময় নয়: প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ও বিরোধী দলের উদ্দেশে প্রধান বিচারপতি ফজলুল করিম বলেছেন, এখন ‘ব্লেম গেম’ করার সময় নয়। সংসদীয় গণতন্ত্র টিকিয়ে রাখতে প্রধান দুই দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মাসিক লিগ্যালএইড ‘সংসদীয় গণতন্ত্রে জবাবদিহিতা: প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে।প্রধান বিচারপতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি বলেন, ‘বিশ্বব্যাপী যখন গণতন্ত্র সমাদৃত, তখন আমাদের দেশে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। যেখানে গণতন্ত্রই প্রশ্নবিদ্ধ, সেখানে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা সুদূর পরাহত। স্বাধীনতার ৩৯ বছর পেরিয়ে গেলেও জনগণ স্বাধীনতার সুফল ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা পায়নি।’ ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় জবাবদিহিতার উদাহরণ টেনে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা সুদৃঢ় করতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধের অনুশীলন করতে হবে।প্রধান বিচারপতি বলেন, আমলাতান্ত্রিক জটিলতায় জনগণের মূল চাহিদা পূরণে ব্যর্থ হয়। নির্বাচিত প্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করলে এ জটিলতা বহুলাংশে নিরসন সম্ভব। এ জবাবদিহি নিশ্চিত হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। বিচারকদের উদ্দেশে তিনি বলেন, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করতে হবে।বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী । তিনি দুই বিচারপতিকে শপথ না দেওয়ার পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করে বলেন, এটা খারাপ হয়েছে। এর মাধ্যমে প্রধান বিচারপতিকে এক ধরনের হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বর্তমান স্বাধীন বিচার বিভাগে নির্বাহী বিভাগের অদৃশ্য হস্তক্ষেপের সমালোচনা করে বলেন, এখন যে অবস্থা চলছে, তা হচ্ছে ‘জুডিশিয়ারি ইন এ গ্লাস হাউস’। এটা গণতন্ত্রের জন্য সুখকর নয়। বর্তমান সংসদের কঠোর সমালোচনাও করেন এই সাবেক প্রধান বিচারপতি। তিনি বলেন, সাংসদেরা সংসদীয় গণতন্ত্রের কোনো দায়-দায়িত্ব পালন করেন না। সংসদ জনগণের হলেও জনগণের কোনো কল্যাণ বয়ে আনছে না।