এখন ‘শেষ ভালো’র অপেক্ষা
বীরেন্দর শেবাগের কথাবার্তাও তাঁর ব্যাটিংয়ের মতোই। কোনো ঘোরপ্যাঁচ নেই। মনে যা আছে, অবলীলায় তা বলে ফেলেন। তবে ক্রিকেটীয় অক্ষমতার উদাহরণ হিসেবে বাংলাদেশকেই কেন বারবার বেছে নেন, তা একটা রহস্য বটে। বছর তিনেক আগে চট্টগ্রাম টেস্টের আগের দিন বাংলাদেশকে ‘অর্ডিনারি’ ঘোষণা করে দিয়ে ক্রিকেট-আবেগে টইটম্বুর এ দেশের মানুষের চোখে ‘জাতীয় শত্রু’তে পরিণত হয়েছিলেন।সেখানে তা-ও কথাটা প্রাসঙ্গিক ছিল। কাল ইংল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদ টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশকে টেনে আনাটা একেবারেই অপ্রাসঙ্গিক। সেখানে নাকি তিনি বলেছেন, ইংল্যান্ড তো আর বাংলাদেশ নয়, ২০ উইকেট নিতে তাই অনেক কষ্ট করতে হবে।শেবাগের ওপর রাগটা আরও বেড়ে গেল? আহা, রাগ করবেন কেন, বরং শেবাগ যেন আরও বেশি বেশি এ ধরনের কথা বলেন, এ কামনা করুন। তাতে তো বাংলাদেশেরই লাভ! শেবাগের ওই টিপ্পনীতে উদ্দীপিত হয়েই কি না, ওই চট্টগ্রাম টেস্টে ভারতকে কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ।বোঝাই যাচ্ছে, কাল সংবাদ সম্মেলনে যাওয়ার আগে ঢাকা টেস্টের স্কোরটা কেউ তাঁকে বলেনি। শেবাগের কথাটা তাই সঙ্গে সঙ্গেই বুমেরাং হয়ে ফিরে গেল তাঁর দিকে। এমন এক দিনে তিনি টিপ্পনীটা কাটলেন, যে দিনের মতো খুব কম দিনই বাংলাদেশের উইকেট প্রতিপক্ষের বোলারদের জন্য এমন দুষ্প্রাপ্য বলে প্রমাণিত। যে দিন শেবাগের কথা শুনে বাংলাদেশের ব্যাটসম্যানদের চেয়ে রামপল-বেস্ট-নারাইনদের বেশি মেজাজ খারাপ হবে। তুমি তো বাপু বাংলাদেশের উইকেট খুব সস্তা বলে দিয়েই খালাস, আমরা না মজাটা বুঝছি!সারা দিনে উইকেট পড়ল মাত্র তিনটি। আগের দিনের ১৬৪ রানের সঙ্গে যোগ হলো আরও ২৯১। দিন শেষে স্কোরবোর্ড টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরের মহিমায় জ্বলজ্বলে। সর্বোচ্চ স্কোরটা (২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে ৪৮৮) পেরিয়ে যেতে আর মাত্র ৩৪ রান লাগে। আজ সকালে কেউ হ্যাটট্রিক-ফ্যাটট্রিক করে না ফেললে যা না হওয়ার কোনো কারণ নেই।বাংলাদেশ কি তাহলে টেস্টটা ড্র করে ফেলল? ওয়েস্ট ইন্ডিজ কোচ ওটিস গিবসন মনে করিয়ে দিলেন, টেস্টের এখনো দুই দিন বাকি এবং বাংলাদেশ ৭২ রানে পিছিয়ে। ড্রটাই বাংলাদেশের লক্ষ্য—এক সাংবাদিকের এমন মন্তব্যেও আপত্তি করলেন, ‘এটা তো নেতিবাচক চিন্তাভাবনা। বাংলাদেশ তো এই টেস্টে জিতেও যেতে পারে।’তা তো পারেই। আরও ১৮০ ওভারের খেলায় কত কিছুই তো সম্ভব। এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই বাংলাদেশের এক ইনিংসে দুটি সেঞ্চুরি আছে। মাহমুদউল্লাহ ও নাসির যেভাবে খেলছেন, তাতে ২০০৪ সালে সেন্ট লুসিয়ার সেই কীর্তির পুনরাবৃত্তিও সম্ভব। কালই যেটি হতে হতেও হলো না। ২৬ রানে কট বিহাইন্ড হয়েও সাকিব নতুন জীবন পেয়েছিলেন রামপল নো বল করায়। সেঞ্চুরিটা যখন বরমাল্য হয়ে গলায় জড়ানোর অপেক্ষায়, সেটি ছুড়ে ফেলে দিয়ে এলেন নিজেই। রামপলের ওই বলটা হাফভলি বানানোর অকারণ চেষ্টা করতে গিয়ে শর্ট কভারে ক্যাচ দেওয়ার পর যে আক্ষেপ মাঠেই প্রকাশ করে গেছেন।বাংলাদেশের জন্য টুকরো টুকরো হিরণ্ময় ছবিতে সাজানো এই দিনে ওই ছবিটা শেষ পর্যন্ত দিনের চূড়ান্ত ফ্রেম নয়। সেখানে উইকেটে হাঁটু গেড়ে বসে দুই হাত মেলে দেওয়া নাঈম ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের ৫২৭ রানের জবাব দিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের ধৈর্যের যে বটিকা সেবন জরুরি, সেটি ফার্মেসিতে কিনতে পাওয়া যায় না লিখেছিলাম। নাঈম কীভাবে কীভাবে যেন তা জোগাড় করে ফেলেছেন!ভুল বলা হলো। বরং নাঈম প্রমাণ করলেন পুরোনো সত্যিটাকেই—লম্বা ইনিংস খেলাটা অভ্যাসের ব্যাপার, যে অভ্যাসটা তিনি অনেক দিন ধরেই করছেন। এই টেস্টে এসেছেন জাতীয় লিগে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করে। অপরাজিত ১৩৭ রানের প্রথম সেঞ্চুরিটি ৪২৮ মিনিটে ৩৩৬ বল খেলে। এ মাসের শুরুতেই দ্বিতীয়টি ৩১০ মিনিটে ২৩৩ বলে ১২৭। কিন্তু টেস্ট ক্রিকেট আর জাতীয় লিগে ঠিক ততটাই পার্থক্য, যতটা স্টেইন আর স্যামির বলের গতিতে। নাঈম যেন সেই পার্থক্য ঘুচিয়েই দিলেন।টেস্ট ব্যাটিং অনেক দিনই আর শুধু ঠুকঠুকে আবদ্ধ নেই। তবে ‘আদর্শ টেস্ট ব্যাটিং’ কথাটা এখনো বেঁচেবর্তেই আছে। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের চন্দরপলের ডাবল সেঞ্চুরি যেটির বড় উদাহরণ। ১৪৫ টেস্টের অভিজ্ঞতাঋদ্ধ ২৬টি টেস্ট সেঞ্চুরির মালিকের সঙ্গে তুলনা করাটা বাড়াবাড়ি। তবে নাঈম তো এই টেস্টে ‘বাংলাদেশের চন্দরপল’-ই।প্রথম ঘণ্টা বোলারকে দাও, বাকি সময়টা তোমার—পুরোনো এই আপ্তবাক্য মেনে কাল প্রথম ঘণ্টায় ৫০ বলে মাত্র ৭ রান। পরের এক ঘণ্টায় ৪৭ বলে ২৭। দ্বিতীয় সেশনে ৭১ বলে করলেন ৪০ রান। তার পরও শেষ পর্যন্ত যে তিনি ‘চন্দরপল’ নন, আউটের ধরনে যেন প্রমাণ করে গেলেন সেটিই।তাতে কি! প্রায় ছয় ঘণ্টায় ২৫৫ বলে ১০৮ রান—নাঈমের প্রথম টেস্ট সেঞ্চুরি তাঁর ব্যক্তিগত অর্জন ছাপিয়ে টেস্ট দল বাংলাদেশেরই বড় একটা বিজ্ঞাপন হয়ে গেল। সাকিবের সঙ্গে চতুর্থ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড ১৬৭ রানের পর মুশফিকুরের সঙ্গে তাঁর ৭৬ রানের জুটিতে কখন যে বাংলাদেশ ফলোঅনের ওই লক্ষণরেখা পেরিয়ে গেল, টেরই পাওয়া গেল না।তবে এখনো সবচেয়ে বড় সত্যি ওটিস গিবসনের ওই কথাটাই—দুই দিন এখনো বাকি। সব ভালো যার শেষ ভালো—পাঁচ দিন শেষে এটি বলতে পারলেই হয়!তৃতীয় দিন শেষেওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৫২৭/৪ ডি.বাংলাদেশ ১ম ইনিংস: ৪৫৫/৬