ঢাকায় বিদ্যুৎ-পানি-গ্যাসের সমস্যা প্রকট, এসব সমাধান না করে নির্বাচন করলে ফল ভালো হবে না, বড় উদাহরণ চট্টগ্রাম
এখনই ডিসিসি নির্বাচন চায় না সরকার
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন এ বছরও হচ্ছে না। সর্বশেষ আট বছর আগে এ নির্বাচন হয়েছিল। সরকারের ইচ্ছা অনুযায়ী, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনই আগে হবে। সরকার মনে করছে, বর্তমানে বিদ্যুৎ, পানি ও গ্যাসের মতো নাগরিক সমস্যাগুলো প্রকট। এসব সমস্যার সমাধান না করে নির্বাচন করলে ফল ভালো হবে না।গত বুধবার স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম নির্বাচন কমিশনে গিয়ে এই তিন নির্বাচনের সময় নিয়ে সরকারের মনোভাব জানান। এর পরই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সাংবাদিকদের বলেন, ডিসেম্বরের মধ্যে ডিসিসি নির্বাচন সম্ভব না-ও হতে পারে। তা ছাড়া হজ ও বিশ্ব ইজতেমার কারণে স্থানীয় সরকার নির্বাচনও পেছাতে পারে। তবে নির্বাচন কমিশন এর আগে বলেছিল, ডিসিসি ও পৌরসভা নির্বাচন ডিসেম্বরের মধ্যে করা যায়। সে ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পিছিয়ে যাবে। এর আগে গত রোববার সিইসির সঙ্গে বৈঠক শেষে এইচ টি ইমাম সাংবাদিকদের বলেছিলেন, ডিসেম্বরে ডিসিসি ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠানে সরকারের আপত্তি নেই। ডিসিসি ও পৌর নির্বাচনের পর ইউপি নির্বাচন হবে। এইচ টি ইমামের বক্তব্যের পর সরকার অবস্থান পরিবর্তন করে এবং ডিসিসি নির্বাচনের আগে পৌর ও ইউপি নির্বাচনের সিদ্ধান্ত নেয়।আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সরকার কৌশলগত কারণে ডিসিসির আগে ইউপি ও পৌরসভা নির্বাচন করতে চাইছে। ইউপি ও পৌরসভা নির্বাচনের জন্য আইন সংশোধনও করা হয়েছে। সে ক্ষেত্রে ডিসেম্বরের মধ্যেই পৌরসভা ও ইউপি নির্বাচন করে ফেলতে চেয়েছিল সরকার। কিন্তু ঈদুল আজহা, হজ ও বিশ্ব ইজতেমার কারণে তা কিছুটা পিছিয়ে দিতে হচ্ছে। সে ক্ষেত্রে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচনগুলো করার পরামর্শ দিয়েছে সরকার।উপদেষ্টা এইচ টি ইমাম গত রাতে প্রথম আলোকে বলেন, ‘সারা দেশে ২৫০টির মতো পৌরসভা ও সাড়ে চার হাজারের মতো ইউনিয়ন পরিষদ আছে। অনেক পৌরসভা ও ইউনিয়ন আছে, যেখানে ৮-১০ বছর ধরে নির্বাচন হচ্ছে না। আমরা প্রথমে এসব নির্বাচন সম্পন্ন করে তারপর ডিসিসি নির্বাচনের কথা ভাবছি। তা ছাড়া নির্বাচন করতে হবে শান্তিপূর্ণভাবে। এ কারণে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেই আমরা ডিসিসি নির্বাচনের দিকে এগোব।’তবে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একটি সূত্র জানায়, সরকার এখনই ডিসিসি নির্বাচনের জন্য প্রস্তুত নয়। এ নির্বাচনের আগে সরকার বিদ্যুৎ, পানি ও গ্যাসের মতো ঢাকার কিছু নাগরিক সমস্যার সমাধান করতে চায়। সরকার মনে করছে, এসব সমস্যা ডিসিসি নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এর বড় উদাহরণ চট্টগ্রাম। এসব নাগরিক সমস্যা সমাধান না করে নির্বাচন হলে সরকারি দলের মনোনীত প্রার্থী সমস্যায় পড়তে পারেন।আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একজন নেতা জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় সিটি করপোরেশন নির্বাচনে রাজশাহী, বরিশাল, খুলনা ও সিলেটে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন। কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় চট্টগ্রামে দলীয় প্রার্থীর পরাজয় সরকারকে ভাবিয়ে তুলেছে। বর্তমানে বিদ্যুৎ, পানি ও গ্যাসের সমস্যা প্রকট। কাজেই এ অবস্থায় ঢাকায় নির্বাচনের ঝুঁকি নিতে উৎসাহ বোধ করছে না আওয়ামী লীগ। সূত্র আরও জানায়, সরকার মনে করছে, আগামী মার্চ নাগাদ নতুন করে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এটা সম্ভব হলে ঢাকায় বিদ্যুতের সমস্যা থাকবে না। আর বিদ্যুতের সমস্যার সঙ্গে পানির সমস্যাও জড়িত। তাই মার্চের মধ্যে পানির সমস্যাও কেটে যাবে। তখন নির্বাচনে সরকারদলীয় প্রার্থী সুবিধাজনক অবস্থানে থাকবে।এদিকে ইউপি ও পৌর নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাত্মক প্রস্তুতি নিতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি আওয়ামী লীগের জাতীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে পৌর ও ইউপি নির্বাচনে দলের একক প্রার্থী দিতে নির্দেশ দেন তিনি। সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকেও প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচনে একক প্রার্থী যাতে দেওয়া যায়, সে লক্ষ্যে তৃণমূলে দলকে গড়ে তোলার নির্দেশ দেন।এ লক্ষ্যে সাংগঠনিক সম্পাদকদের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সফর করে পরিস্থিতি মূল্যায়ন ও করণীয় ঠিক করতেও নির্দেশ দেন শেখ হাসিনা। আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকেও সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, গবেষণায় এসেছে, ঢাকা বসবাসের অনুপযোগী শহরগুলোর মধ্যে দ্বিতীয়। ১৪০টি শহরের সঙ্গে তুলনা করে এ তালিকা করা হয়েছে। শহরের জঞ্জাল দূর করতে হলে নতুন উদ্যমী নেতৃত্ব দরকার। আট বছর ধরে নির্বাচন হয় না বলে সব কিছু ঝুলে গেছে।যোগাযোগ করা হলে বর্তমান মেয়র সাদেক হোসেন বলেন, এভাবে নির্বাচন ঝুলিয়ে রাখা ঠিক না। দ্রুত নির্বাচন দেওয়া উচিত। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনো ওয়ার্ডগুলোর সীমানা পুনর্গঠন করেনি। এটা দ্রুত করা উচিত।জানা গেছে, ২০১০ সালের আগ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য আলাদা আইন ছিল। রাজশাহী, বরিশাল, খুলনা ও সিলেটের জন্য ছিল একটি আইন। ১৯৯৪ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে হানিফ মেয়র নির্বাচিত হওয়ার দুই বছর পরই আওয়ামী লীগ ক্ষমতায় আসে। কিন্তু তখন মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও নানা অজুহাতে আওয়ামী লীগ নির্বাচন দেয়নি। বিএনপি ক্ষমতায় এসে ২০০২ সালে নির্বাচন দেয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয়নি। মেয়র নির্বাচিত হন সাদেক হোসেন খোকা।সাদেক হোসেনের মেয়াদ শেষ হয় ২০০৭ সালে। কিন্তু ওই সময় তত্ত্বাবধায়ক সরকার এসে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন দিলেও ঢাকায় নির্বাচন করেনি। বর্তমান সরকার ক্ষমতায় এসে নির্বাচনের জন্য সীমানা পুনর্বিন্যাসের উদ্যোগ নিলে মামলা করা হয়। পরে আদালত রায় দেন, সীমানা পুনর্বিন্যাস না করেও নির্বাচন করা যাবে। এরপর সরকারের সবুজসংকেত না থাকায় নির্বাচন হচ্ছে না। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার সময়মতো নির্বাচন না হওয়ার বিষয়ে প্রথম আলোকে বলেন, প্রতিটি সরকারই ক্ষুদ্র দলীয় স্বার্থের কথা বিবেচনা করে সময়মতো নির্বাচন দেয় না। গণতন্ত্রের জন্য দৃঢ় অঙ্গীকারের অভাবে এটা হয়ে থাকে। তিনি বলেন, সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের প্রতিটি শাসনস্তরে নির্বাচিত প্রতিনিধি থাকা বাধ্যতামূলক। সিটি করপোরেশনও এর ব্যতিক্রম নয়।