এখনই তারেককে আনতে চায় না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগির দেশে ফিরছেন না। তারেকের প্রতি সরকারের মনোভাব ও তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার সর্বশেষ অবস্থা বিচার-বিশ্লেষণ করে খালেদা জিয়াই চাইছেন না তারেক এখনই দেশে ফিরে আসুক। তবে তারেকের একজন চিকিৎসক প্রথম আলোকে বলেছেন, রাজনৈতিক অবস্থা স্বাভাবিক থাকলে ২০১২ সালের দিকে তারেক দেশে ফিরে আসতে পারেন। এখন তিনি অনেকটাই সুস্থ। ওই চিকিৎসক জানান, বিএনপির আইনজীবীরা তারেকের মামলাগুলোর সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করছেন। তা ছাড়া তারেকের দেশে ফেরার ব্যাপারে সরকার ও বিদেশিদের মনোভাব বোঝারও চেষ্টা করছে বিএনপি।তারেক রহমান বর্তমানে প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে আছেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন তারেক। প্রায় দেড় বছর ধরে তিনি সেখানে অবস্থান করছেন।বিএনপির নেতারা বলেছেন, তারেককে বিএনপির নেতৃত্বে বসানোর প্রস্তুতি চলছে। তারেকের নেতৃত্ব মানতে দলের যেসব জ্যেষ্ঠ নেতার যে আপত্তি ছিল, তা দূর হয়েছে বলেও মনে করছেন বিএনপির নীতিনির্ধারকেরা।বিএনপির নেতা ও তারেকের ঘনিষ্ঠ বলে পরিচিত এক নেতা প্রথম আলোকে জানান, আগামী দুই বছরের মধ্যে তারেকের দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। তারেক এখন অনেকটা সুস্থ হলেও তাঁর দেশে ফেরার বিষয়টি নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর। এই নেতা মনে করেন, তারেক দেশে ফিরলে তাঁকে কারাগারে পাঠানো হবে, এটা অনেকটাই নিশ্চিত। আগামী নির্বাচন পর্যন্ত কারাগারে থাকার চেয়ে বাইরে থেকে দলের কার্যক্রম পরিচালনায় সহায়তা করা অনেক ভালো বলে মনে করেন খালেদা জিয়া।বিএনপির এক নেতা জানান, আপাতত জনগণের কাছে তারেকের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ এ বছরজুড়ে চলবে। বিএনপিপন্থী বুদ্ধিজীবী ও স্থানীয় গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে এই কাজ করছে বিএনপি। ইতিমধ্যে ১০টি জায়গায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ২০০৫ সালে তারেক রহমান নিজ উদ্যোগে তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সভা করেন। এখন এই সভার গুরুত্ব নিয়ে আলোচনা হচ্ছে। তাই ঘুরেফিরে তারেকের নাম আসাটা তো স্বাভাবিক। বিদেশে বসেই দল চালাচ্ছেন তারেক: বিএনপির এক নেতা প্রথম আলোকে বলেন, দলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা লন্ডনে তারেকের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, চেয়ারপারসনের নির্দেশে দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শমসের মবিন চৌধুরী তারেকের সঙ্গে লন্ডনে দেখা করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দফা তারেক রহমানের সঙ্গে সাক্ষাত্ করেছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহও তারেক রহমানের সঙ্গে লন্ডনে সাক্ষাত্ করেছেন বলে জানা গেছে।বিএনপির কাউন্সিলের আগে ও পরে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো লন্ডনে বসেই তারেক রহমান নিয়েছেন বলে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, সুস্থ হলেই তারেক দেশে ফিরে আসবেন। আগামী দিনে তারেকই বিএনপির হাল ধরবেন—এটা নিয়ে সন্দেহ নেই। তারেকের দেশে ফেরা বাধামুক্ত করতে নেওয়া পদক্ষেপগুলো ব্যর্থ: দলীয় সূত্র জানায়, দেশি-বিদেশি সংশ্লিষ্ট কোনো মহল থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় খুব শিগগির দেশে ফিরতে পারছেন না তারেক। তা ছাড়া তারেকের স্ত্রীও চান না এখনই তিনি রাজনীতিতে সক্রিয় হন।সূত্র জানায়, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় খালেদা জিয়া তারেক রহমানের মামলা প্রত্যাহার ও তাঁর দেশে ফেরার ক্ষেত্রে বাধা আছে বলে তাঁদের অবহিত করেছেন। একে এদের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তা ছাড়া বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতাও সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে যোগাযোগ করে তারেকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন বলে জানা গেছে। এই দুই পর্যায় থেকেই কোনো ইতিবাচক সাড়া পায়নি বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া ১২টি মামলা প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে। কিন্তু এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতার আশ্বাস পায়নি বিএনপি। শুধু একটি হাস্যকর মামলা প্রত্যাহার করা হয়েছে। তা ছাড়া তারেকের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করার পর বিএনপি এখন মনে করছে, সরকার তারেকের দেশে ফেরার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।