এখনই পদ্মা সেতু নিয়ে মামলা নয়
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে এখনই মামলা করা সম্ভব নয়। এ বিষয়ে অনুসন্ধান এখনো মামলা করার পর্যায়ে পৌঁছায়নি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান আজ সোমবার দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।দুদক চেয়ারম্যান জানান, আজ বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের তিন সদস্যদের সঙ্গে হোটেলে রূপসী বাংলায় তাঁরা একটি নৈশভোজে অংশ নেবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘পদ্মা সেতু নিয়ে দুদকের অনুসন্ধান এখনো মামলা করার পর্যায়ে পৌঁছায়নি।’ গতকাল রোববার বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক শেষে দুদক চেয়ারম্যান সাংবাদিকদের বলেছিলেন, ‘বাংলাদেশের আইন ও বিধান অনুসরণ করেই দুদক এই তদন্ত পরিচালনা করবে। তদন্তে কাউকে দোষী পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশের আইনেই। এসব বিষয়ে বিশ্বব্যাংকের পর্যবেক্ষকেরাও দুদকের সঙ্গে একমত।’বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকের বরাত দিয়ে দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘তাঁদের নিশ্চিত করেছি, বাংলাদেশের আইন ও বিধান অনুসরণ করে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ অনুসন্ধান করা হবে।’ রোববারের বৈঠকের বরাত দিয়ে দুদক সূত্র জানায়, বাংলাদেশে দুদকের তদন্তের অগ্রগতিসহ অনুসন্ধান দলের দক্ষতা ও জীবনবৃত্তান্ত সম্পর্কে জানতে চেয়েছিলেন বিশ্বব্যাংকের প্রতিনিধিরা। এ ছাড়া আইনের বিভিন্ন প্রক্রিয়া ও দণ্ডবিধি প্রসঙ্গে বিস্তারিত জানতে চান তাঁরা।বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রসিকিউটর লুই গ্যাব্রিয়েল মোরেনো ওকাম্পোর নেতৃত্বে টিমথি টং ও রিচার্ড ওন্ডারম্যান দুই দিনের সফরে গতকাল বাংলাদেশে আসেন।