এখনই বাড়তে শুরু করেছে ছোলার দাম
রমজান মাস সামনে রেখে বাড়তে শুরু করেছে ছোলার দাম। গত এক সপ্তাহে পাইকারি বাজারে ছোলার দাম বেড়েছে কেজিপ্রতি তিন থেকে চার টাকা। ব্যবসায়ীরা বলছেন, রমজান মাসের আগে আরও দু-এক দফা ইফতারের এ অপরিহার্য উপাদানটির দাম বাড়তে পারে।এদিকে মসুর ডালের দামও বেড়েছে। এক মাসে এ ডালের দাম বেড়েছে কেজিতে চার থেকে পাঁচ টাকা।রাজধানীর রহমতগঞ্জ, নারায়ণগঞ্জের ডালপট্টি ও চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে গতকাল মঙ্গলবার আলাপ করে জানা যায়, পাইকারি বাজারে এখন প্রতি কেজি ছোলার দাম ৫৩ থেকে ৫৪ টাকা; এক সপ্তাহ আগে যা বিক্রি হতো ৪৭ থেকে ৪৮ টাকায়। আর উন্নতমানের কিছু ছোলা বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৫ টাকায়। এক সপ্তাহ আগে তা বিক্রি হয়েছে ৫৮ থেকে ৬০ টাকায়।ব্যবসায়ীদের কয়েকজন প্রথম আলোকে বলেন, দুই থেকে আড়াই মাস আগেও ছোলার দাম ছিল ৪২ থেকে ৪৫ টাকা।এদিকে খুচরা ব্যবসায়ীরা ছোলা বিক্রি করছেন ৬০ টাকায়। এক সপ্তাহ আগে তাঁরাই এই ছোলা ৫৬ টাকায় বিক্রি করতেন।রমজান মাসে ইফতারসামগ্রী তৈরিতে মটরেরও (ডাবলি) বেশ ব্যবহার হয়। এ কারণে বেড়েছে মটরের দামও। পাইকারি বাজারে মটর বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩৪ টাকায়। গত সপ্তাহে দাম ছিল ৩২ টাকা। খুচরা ব্যবসায়ীরা মটর বিক্রি করছেন ৪০ টাকায়। এক সপ্তাহ আগের খুচরা দাম ৩৫ টাকা।বেড়েছে মসুর ডালের দামও: পাইকারি বাজারে এখন প্রতি কেজি দেশি মসুর ডালের দাম ৭০ থেকে ৭৮ টাকা। এক সপ্তাহে এই ডালের দাম দুই থেকে তিন টাকা বেড়েছে। তবে খাতুনগঞ্জে দাম কিছুটা কম। সেখানে বিক্রি হচ্ছে ৭২ থেকে ৭৪ টাকায়। বিদেশি মসুর ডালের কেজি ৬৫ থেকে ৭০ টাকা। এর দামও বেড়েছে দুই থেকে তিন টাকা।খুচরা ব্যবসায়ীরা বলেছেন, তাঁরা দেশি মসুর ডাল বিক্রি করছেন ৯৫ টাকা কেজিতে। আর বিদেশি ডাল বিক্রি করছেন ৮৫ থেকে ৮৮ টাকায়। এক সপ্তাহ আগে দেশি ডাল ৯০ ও বিদেশি ডাল ৮২ টাকায় বিক্রি হতো।নারায়ণগঞ্জ জেলা ডাল ভুসি মাল ব্যবসায়ী মালিক গ্রুপের নির্বাহী পরিচালক বিকাশ চন্দ্র সাহা অবশ্য মসুর ডালের দাম বিশেষ বাড়ার সম্ভাবনা দেখেন না। তিনি প্রথম আলোকে বলেন, ‘দেশে মসুর ডালের বাম্পার ফলন হয়েছে। দাম বাড়ার প্রশ্নই আসে না। তবে গত ১৫-২০ দিনের বৃষ্টির কারণে মসুরের গোটা রোদে শুকানো যাচ্ছে না। তাই হয়তো সাময়িকভাবে দাম বাড়তে পারে। তবে এটা থাকবে না।’রহমতগঞ্জের জাহিদ ব্রাদার্সের দোকানি মো. আরমান প্রথম আলোকে বলেন, ‘এই সময়টাতে চাহিদা বেশি থাকায় একটু বেশি দামেই আমরা ডাল, ছোলা বিক্রি করি। সারা বছর সিজন থাকে না, তখন কম দামে বিক্রি করতে হয়।’কেন দাম বাড়ছে: ছোলা ও ডালের দাম বাড়ার কারণ হিসেবে কয়েকটি কারণ দেখালেন রহমতগঞ্জের ব্যবসায়ীরা। তাঁদের মতে, প্রথম কারণ হচ্ছে, ছোলার বাড়তি চাহিদা। আর ডালের চাহিদা সারা বছরই থাকে। দ্বিতীয়ত, সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিদেশ থেকে ছোলা ও ডাল আমদানি না করা। তৃতীয়ত, আন্তর্জাতিক বাজারে বাড়তি দাম। চতুর্থত, ‘অফ-সিজনে’ বেশি দাম দিয়ে কেনা ডাল একসময় কমে বিক্রি করতে হয়েছিল। এখন সুযোগ বুঝে দাম বাড়িয়ে দিয়ে সেই ‘ক্ষতি পুষিয়ে নিচ্ছেন’। বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ডাল ও ছোলার দাম কখনো বাড়ে, কখনো কমে। এভাবেই চলে। রমজান মাসের আগে ছোলার দামটা সব সময়ই একটু বাড়ে।’নারায়ণগঞ্জের বেঙ্গল ট্রেডার্সের স্বত্বাধিকারী বিকাশ চন্দ্র সাহা দায় ছাড়লেন আমদানিকারকের কাঁধে। তিনি বলেন, ‘ছোলা আমদানিকারকেরা যদি সময়মতো সরবরাহ করতেন, তাহলে দামটা বাড়ত না। এ জন্য সরকারের নজরদারি প্রয়োজন।’