এখনই বড় আন্দোলনে যাচ্ছে না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার রায় এবং তাঁর দুই ছেলের বিরুদ্ধে থাকা মামলা নিয়ে এখনই বড় কোনো আন্দোলনে যেতে চায় না বিএনপি। দলটির নীতিনির্ধারকেরা মনে করেন, এটি সরকারের একটি ফাঁদ। শুধু এ নিয়ে আন্দোলন হলে সেটিকে পারিবারিক বিষয় বলে সরকারি দল প্রচারের সুযোগ পাবে।বিএনপির একটি সূত্র জানিয়েছে, দলের অপেক্ষাকৃত তরুণ নেতারা এখনই কঠোর আন্দোলনের পক্ষে। গতকাল বৃহস্পতিবার এক যৌথ সভায় তাঁরা এই মত প্রকাশ করেছেন বলে জানা গেছে। তবে গত বুধবার রায় ঘোষণার পর রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে আন্দোলন কর্মসূচি ঘোষণার কোনো সিদ্ধান্ত হয়নি।বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, রায় ঘোষণার পর গত বুধবার রাতে তাঁর এবং আরও কয়েকজন সদস্যের সঙ্গে খালেদা জিয়া কথা বলেছেন। তিনি বলেন, ‘এ ধরনের একটি ঘটনার পর যে কারও পক্ষে স্বাভাবিক কাজ করা কঠিন। তবে আমি খালেদা জিয়াকে উদ্বিগ্ন দেখেছি। কিন্তু তিনি বিচলিত ছিলেন না।’ বিষয়টি নিয়ে আইনগতভাবে কতটা করা যায়, সে ব্যাপারটি তিনি খতিয়ে দেখছেন।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ‘রায়ের ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। তবে বাড়ি ছাড়ার জন্য সরকারের দেওয়া নোটিশ প্রতিহিংসামূলক ও দুঃখজনক। রাষ্ট্রীয় ক্ষমতার জোরেই এটা করা হয়েছে। এতে গণতান্ত্রিক সৌজন্য ব্যাহত হবে।’মীর্জা ফখরুল বলেন, সরকারের আচরণ অত্যন্ত প্রতিহিংসামূলক। বিএনপিকে ফাঁদে ফেলার কৌশল। সরকার প্রচার করতে চায় যে বিরোধী দলের আন্দোলন ব্যক্তিগত ইস্যুতে। তিনি বলেন, শুধু এই ইস্যুতে কোনো কর্মসূচি নেই। সামগ্রিক বিষয়ে যে কর্মসূচি চলছে, তা অব্যাহত থাকবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘দলকে দুর্বল করার জন্য এটা করা হচ্ছে। সরকারের এজেন্ডা কোর্টের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। এখন আন্দোলন করাই বিএনপির সামনে একমাত্র পথ। আপাতত আমরা জনমত সৃষ্টির লক্ষ্যে কাজ করব। জনগণকে সচেতন করব। কেননা, মারমুখী সরকারের বিরুদ্ধে এটাই বিএনপির একমাত্র সম্বল।’নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের যৌথসভায় উপস্থিত কয়েকজন নেতা জানান, আপাতত এ ইস্যুতে কর্মসূচি বলতে আগামী শনিবার বেলা তিনটায় মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হবে। এরপর রাজধানীর মুক্তাঙ্গনে সমাবেশ শেষে মগবাজার মোড় পর্যন্ত গিয়ে মিছিলটি শেষ হবে। তবে এর সঙ্গে চলমান অন্যান্য দাবিও অন্তর্ভুক্ত থাকছে।যৌথসভায় অংশ নেওয়া বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা আগামী দিনে হরতাল, অবরোধসহ সরকারবিরোধী কঠোর আন্দোলনে যাওয়ার ব্যাপারে একমত হয়েছেন। ঈদ ও পূজার কারণে এখনই কর্মসূচিতে না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয় বলে তাঁরা দাবি করেন।খালেদার বাড়ি ছাড়ার রায়ের বিষয়ে বিএনপির করণীয় সম্পর্কে জানতে চাইলে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, জাতীয়তাবাদী শক্তির প্রতীক বেগম জিয়া ও তাঁর পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে বিএনপি প্রতিবাদ জানাবে। সরকারকে ফাঁকা মাঠে গোল করতে দেওয়া হবে না। কোনো কর্মসূচি থাকছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি অতীতের মতো দেশের জনগণকে রক্ষায় কর্মসূচি দেবে।যৌথসভায় অংশ নেওয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী জানান, নেতারা এ সরকারের দুঃশাসন মোকাবিলায় হরতালের পক্ষে মতামত তুলে ধরেছেন। স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান বলেন, নেতারা মনে করেন, এই সরকারের বিরুদ্ধে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়া উচিত।স্মরণ সভা: সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে বিকেলে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শোকসভার আয়োজন করা হয়। ওই সভায় বিএনপির মহাসচিব বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন দলের সহসভাপতি সেলিমা রহমান।