এখনই মহাজোট ছাড়ছে না জাতীয় পার্টি
সরকারের শরিক হয়েও মহাজোটের বিরুদ্ধে ক্রমাগত কথা বলছে, জাতীয় পার্টি। কারণ একটাই, চাওয়া-পাওয়ার হিসাবে গরমিল। দলের চেয়ারম্যান এরই মধ্যে সামনে একক নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। মহাজোট ছাড়ারও আনুষ্ঠানিক ঘোষণার দাবি উঠেছে দলের ভেতর থেকে। এ অবস্থায় দলীয় অবস্থান এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে পরিকল্পনার কথা জানতে দলটির একাধিক জ্যেষ্ঠ নেতার মুখোমুখি হয়েছিলেন এই প্রতিবেদক।সূত্র জানায়, মূলত ক্ষমতার ভাগাভাগি এবং এরশাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হওয়ায় বেঁকে বসেছে জাতীয় পার্টি। তবে একটি সূত্র জানায়, আপাতত এ ধরনের কোনো ঘোষণা আসছে না। সব চাওয়া-পাওয়ার অবসান হবে—এমন ক্ষীণ আশায় এখনই জোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছে না দলটি। তাই আওয়ামী লীগের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে জোট ছাড়ার ঘোষণা না দিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন দলের নেতারা। তবে দলের একাধিক প্রভাবশালী নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলো অনলাইনকে বলেন, এখনই মহাজোট ছাড়ছে না জাতীয় পার্টি।অন্যদিকে চাওয়া-পাওয়ার হিসাবের এ গরমিলই কাজে লাগাতে চাইছে দলের ভেতরে থাকা বিএনপি-ঘেঁষা একটি অংশ। ওই অংশটি চাইছে, ১৭, ১৮ জানুয়ারির তিস্তা লংমার্চ শেষে সমাবেশ থেকেই মহাজোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হোক। এ জন্য তারা চেয়ারম্যানের ওপর চাপ সৃষ্টিরও চেষ্টা করছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কিছু হয়নি।সূত্র জানায়, আগামী নির্বাচনে এককভাবে জাতীয় নির্বাচন করার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে জাতীয় পার্টি। তাদের সামনে থাকবে সাত দফা দাবি। এসব দাবি সামনে রেখে জাতীয় পার্টি সমমনা ছোট কয়েকটি দল নিয়ে আলাদা একটি জোট গঠনেরও চিন্তা করছে।যোগাযোগ করা হলে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এসব বিষয়ে কথা বলতে রাজি হননি।এ বিষয়ে পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ প্রথম আলো অনলাইনকে বলেন, এখন বাস্তবে মহাজোটের কোনো অস্তিত্ব নেই। সামনের সংসদ নির্বাচনে সব কটি আসনে জাতীয় পার্টি এককভাবে প্রার্থী দেবে। এরই মধ্যে আগামী নির্বাচনের জন্য দুজন প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা মহাজোট থেকে জাতীয় পার্টিকে বের করে আনার জন্য চেয়ারম্যানের কাছে আবেদন জানিয়েছি। আশা করি, তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন।’ কবে নাগাদ মহাজোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘ঐতিহাসিক তিস্তা লংমার্চ থেকেই দিক-নির্দেশনা আসবে বলে জাতি আশা করে।’অন্যদিকে দলের সভাপতিমণ্ডলীর অপর এক সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘আমরা মহাজোটে আছি, কাজ করছি। কেউ কেউ ব্যক্তিগতভাবে মহাজোট ছাড়ার পক্ষে মত দিচ্ছেন। তবে দলের ভেতর এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।’সূত্র জানায়, মহাজোট নির্বাচনে জয়লাভ ও সরকার গঠনের পর জাতীয় পার্টি আশা করেছিল, পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে রাষ্ট্রপতি করা, মন্ত্রিসভায় সমানুপাতিক হারে আসন দেওয়া, এরশাদের বিরুদ্ধে করা বিভিন্ন রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং সরকার ও মহাজোটের ভেতর জাতীয় পার্টিকে সঠিকভাবে মূল্যায়ন করা হবে। জোট গঠনের আগে এসব নিয়ে আওয়ামী লীগের সঙ্গে আলোচনাও হয়েছিল। কিন্তু বাস্তবে সরকারের তিন বছর চলে গেলেও এসবের কিছুই হয়নি। মন্ত্রিসভায় জাতীয় পার্টির মাত্র একজনকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে।দলীয় নেতাদের অনেকে প্রকাশ্যে বলছেন, পার্টির চেয়ারম্যানের ভাই জি এম কাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হলেও মূলত তাঁকে ঠুঁটো জগন্নাথ করে রাখা হয়েছে। সরকার ও জোটের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জাতীয় পার্টিকে মোটেই মূল্যায়ন করা হচ্ছে না। এসব কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত ক্ষোভের সঞ্চার হয়েছে।দলের একাধিক নেতা মনে করেন, মহাজোটে থেকে সরকারের অংশীদার হলেও জাতীয় পার্টির কার্যত কোনো লাভ হয়নি। বরং এতে সাংগঠনিক অবস্থা আরও দুর্বল হয়েছে। তাঁরা চাইছেন, জোট ছেড়ে বের হয়ে আসুক এরশাদ।রোববার দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক প্রতিনিধি সভায় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ বলেন, মহাজোট গঠনের আগে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির একটি চুক্তি হয়েছিল। সেখানে প্রথম ছিল এরশাদকে রাষ্ট্রপতি করা হবে। এ ছাড়া মন্ত্রিসভায় সমানুপাতিক হারে আসন দেওয়া হবে, জাতীয় পার্টিকে সঠিকভাবে মূল্যায়ন করা হবে। এ জোট শুধু নির্বাচনী জোট নয়, সরকারের গঠনের জোট। তিনি বলেন, কোনো প্রতিশ্রুতিই রক্ষা করা হয়নি। কোনো মূল্যায়নও করা হয়নি। তিনি এরশাদকে জোট ছেড়ে আসারও আহ্বান জানান। সভায় অংশ নেওয়া নেতারাও কাজী জাফরকে সমর্থন জানান।