এখনই মহাজোট ছাড়ছে না জাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের ভেতরে প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও এখনই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ছাড়ছেন না জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। চলমান রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা পরিষ্কার না হওয়া পর্যন্ত জাপার অবস্থান আপাতত নড়চড় হচ্ছে না বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে।জাপার দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলের শীর্ষস্থানীয় নেতাদের একটি অংশ মনে করছে, সরকার ও বিরোধী দলের মুখোমুখি অবস্থানের কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি বড় ধরনের অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। এ অবস্থায় তড়িঘড়ি করে মহাজোট ত্যাগ করলে এর সুফল যতটা না জাপার পক্ষে যাবে, তার চেয়ে বেশি যাবে বিরোধী দলের অনুকূলে। এ কারণে নীতিনির্ধারকদের এই অংশটি ধীরে-সুস্থে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে। কিন্তু দলটির নেতৃত্বের আরেক অংশ এখনই মহাজোট ছাড়ার পক্ষে। এই অংশের নেতারাই গত শনিবার দলের সভাপতিমণ্ডলীর সভায় মহাজোট ছাড়ার ব্যাপারে সবচেয়ে সরব ছিলেন। এই অংশের একজন প্রভাবশালী নেতা প্রথম আলোকে বলেন, দলীয় প্রধান এরশাদ শিগগিরই মহাজোট ছাড়ার ঘোষণা দেবেন বলে তাঁরা আশাবাদী। জানতে চাইলে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, মহাজোট ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সভাপতিমণ্ডলীর সদস্যরা দলের চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছেন। দলীয় সূত্রগুলো জানায়, মহাজোট থেকে বেরিয়ে আসতে অনেক আগে থেকেই এরশাদের ওপর নেতা-কর্মীদের চাপ ছিল। সর্বশেষ গত শনিবার সভাপতিমণ্ডলীর সভায় দলের ২২ জন নেতা এরশাদকে এখনই মহাজোট থেকে বেরিয়ে আসার অনুরোধ জানান। জানতে চাইলে জাপার সভাপতিমণ্ডলীর সদস্য ও এরশাদের মুখপাত্র কাজী ফিরোজ রশীদ প্রথম আলোকে বলেন, ‘আমরা অবশ্যই মহাজোট ছাড়ব। তবে জাতীয় পার্টি সব সময় চলমান পরিস্থিতি বিবেচনায় রেখে রাজনীতি করার চেষ্টা করে। এ ক্ষেত্রে তা করা হবে।’অবশ্য প্রায় দুই বছর ধরে দলীয় সভা-সমাবেশে মহাজোট ত্যাগের হুমকি, আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার এবং বিএনপি না এলেও আগামী নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে আসছিলেন এরশাদ। এসব হুমকি-ধমকি এরশাদের রাজনৈতিক কৌশল বলে মনে করেন রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিরা।দলীয় সূত্রগুলো জানায়, সাম্প্রতিক সময়ে এরশাদের এ কৌশলে কিছুটা পরিবর্তন এসেছে। আর তা হচ্ছে আগামী নির্বাচন হবে কি না, তা নিয়ে বক্তৃতা-বিবৃতিতে ঘোরতরভাবে শঙ্কা প্রকাশ করা। এ পরিস্থিতিতে বিএনপি না এলেও নির্বাচনে যাওয়ার এত দিনকার ঘোষণা থেকেও সরে এসেছে জাপা। কিছুদিন থেকে এরশাদ বলাবলি করছেন, প্রধান বিরোধী দল নির্বাচনে না এলে তা গ্রহণযাগ্য হবে না। জাপা সে ধরনের কোনো নির্বাচনে অংশ নেবে না।মহাজোটে থেকে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও কার্যক্রমের সমালোচনা করার যে কৌশল এরশাদ দুই বছর ধরে চর্চা করছেন, তা আরও কিছুদিন অব্যাহত রাখা হবে। সর্বশেষ মহাজোটের অন্য শরিকদের নীতিগত অবস্থানের বাইরে এসে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনরত শাহবাগে গণজাগরণ মঞ্চের বিপক্ষে বক্তব্য দিয়েছেন এরশাদ। বিএনপিসহ কওমি মাদ্রাসাকেন্দ্রিক বিভিন্ন দল, সংগঠন ও আলেমদের একটি অংশ গণজাগরণ মঞ্চের সরাসরি বিরোধিতা করে মাঠে নামার পর এ বিষয়ে এরশাদও সরব হয়ে ওঠেন। তিনি কথিত নাস্তিক ব্লগারদের শাস্তির দাবিতে আন্দোলরনত ধর্মীয় গোষ্ঠীর পক্ষে সম্প্রতি কড়া বক্তব্য দিয়েছেন।এরশাদের ঘনিষ্ঠ রাজনৈতিক সূত্রগুলো মনে করছে, কথিত নাস্তিক ব্লগারদের নিয়ে আলেম সমাজের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তার রাজনৈতিক সুবিধা যাতে একতরফা বিরোধী দলের দিকে না যায়, সে জন্য এরশাদও এ কৌশল নিয়েছেন। যাতে তিনিও এই রাজনৈতিক সুবিধায় ভাগ বসাতে পারেন। অবশ্য দেশ পরিচালনায় সরকারের নানা ব্যর্থতা, পদ্মা সেতু, হল-মার্ক, শেয়ারবাজারসহ বড় বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, টিপাইমুখে ভারতের বাঁধ নির্মাণ, তিস্তা নদীর পানি বণ্টন চুক্তিসহ বিভিন্ন বিষয়ে বছর দুয়েক ধরে মাঝেমধ্যেই সমালোচনামুখর হয়েছেন এরশাদ। গ্রামীণ ব্যাংকসহ অনেক বিষয়ে সরকারের নীতির সঙ্গে ভিন্নমত পোষণ করে তিনি বক্তব্য দেন। আর ওইসব সমালোচনাপূর্ণ বক্তব্যও এরশাদের রাজনৈতিক কৌশলের অংশ বলে তাঁর দলের অনেকেই মনে করেন, যাতে ক্ষমতাসীনদের নানা ব্যর্থতা, দুর্নীতি ও কেলেঙ্কারির দায় শরিক দল হিসেবে জাপার ওপরও না পড়ে। নাম প্রকাশ না করার শর্তে এরশাদের একজন উপদেষ্টা প্রথম আলোকে বলেন, ‘সামনের কথা বলতে পারছি না, এই মুহূর্তে মহাজোট ছাড়ার কোনো সম্ভাবনা নেই।’ ওই নেতা বলেন, ‘মহাজোট না ছেড়ে আমি যদি সরকারের সমালোচনা করতে পারি, তাহলে জোট ছাড়তে এত তাড়াহুড়া কিসের?’