এখনই সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃশ্য-১: হুইলচেয়ার ব্যবহারকারী একটি শিশু কিছু বিদেশির সঙ্গে শপিং করতে গেছে। এত দিন দেখেছি আমাদের এখানকার মানুষ বিদেশি দেখলে অবাক-বিস্ময়ে তাকিয়ে থাকে। কিন্তু সেদিন দেখলাম হুইলচেয়ারে বসে থাকা শিশু সেসব বিদেশির চেয়ে বেশি অবাক-বিস্ময়ে দেখার বস্তু হয়ে উঠেছে। দৃশ্য-২: একটি বিশেষ স্কুলের শিক্ষকেরা পূর্বপরিকল্পিত নির্ধারিত রেস্তোরাঁয় নিয়ে গেছেন তাঁদের ছাত্রছাত্রীদের সামাজিকতা বৃদ্ধির লক্ষ্যে। একজন পূর্ণবয়স্ক মহিলার হঠাৎ করে অসম্ভব জোরে চিৎকার শুনে সবাই দৌড়ে আসে। কারণ হিসেবে দেখা গেল, একটি ফুটফুটে চার-পাঁচ বছরের শিশু নাকি তাঁকে জড়িয়ে ধরেছে, তাই তিনি ভয় পেয়ে চিৎকার করেছেন।দৃশ্য-৩: হুইলচেয়ার ব্যবহারকারী একটি শিশু তার মা-বাবার সঙ্গে লিফটে উঠেছে। সেই একই লিফটে আরও একজন শিশু দৌড়ে গিয়ে ওই শিশুটিকে আদর করা মাত্র তার মা সেই শিশুটির হাত ধরে এমন জোরে লিফট থেকে বের করলেন যেন ওই বিশেষ শিশুর কাছে গেলেই তাঁর সন্তান ছোঁয়াচে রোগে আক্রান্ত হবে। হ্যাঁ, পাঠক, প্রতিনিয়ত এমনই অসংখ্য ঘটনার মুখোমুখি হচ্ছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা এবং তাদের মা-বাবারা। আমাদের দেশে শিক্ষিতের হার বাড়ছে ঠিকই, কিন্তু আমরা প্রকৃতপক্ষে কতজন শিক্ষিত হতে পেরেছি? সংখ্যার দিক থেকে বিবেচনা করলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর-ব্যক্তির সংখ্যা এ দেশে কিন্তু কম নয়। মোট জনসংখ্যার ১০ শতাংশ তারা। তবে এই যদি চিত্র হয়ে থাকে, তাহলে এসব মানুষের সব রকম অধিকার আমাদের নিশ্চিত করতে হবে শিগগিরই। তাদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক মর্যাদা, অবসর, বিনোদনের যথাযথ ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের শিশুদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া অত্যন্ত প্রয়োজন। অটিস্টিকসহ বিভিন্ন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের (সেরিব্রাল পলসি, বুদ্ধিপ্রতিবন্ধী, দৃষ্টি সমস্যাগ্রস্ত, শ্রবণ সমস্যাগ্রস্ত, ডাউন্স সিনড্রোম ইত্যাদি) যত দ্রুত সম্ভব বিশেষ স্কুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রত্যেক শিশুর চাহিদা ও দক্ষতার ওপর নির্ভর করবে তার ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা পরিকল্পনা। প্রত্যেক শিশুই আলাদা। কোনো একটি বিষয়ে একজন শিশু পারদর্শী হলেই যে অন্য শিশুটিও সে বিষয়ে সমান পারদর্শী হবে, তা নয়। আমাদের মনে রাখতে হবে, ২০ থেকে ৩০ শতাংশ শিশু, যাদের হাই ফাংশনিং বলা হয় তাদের ক্ষেত্রে রেগুলার স্কুলে গিয়ে শিক্ষাকার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব।এটা ঠিক আর দশটা স্বাভাবিক শিশুর সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মেলামেশা তার সার্বিক বিষয়ে উন্নতির লক্ষ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে অটিস্টিক ও অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর ক্ষেত্রে আমাদের মনে রাখা জরুরি— এটা কোনো ছোঁয়াচে রোগ নয়, একটি অবস্থামাত্র।  পিতা-মাতার পাপের ফল সন্তান নয়, যে কারও ঘরেই এই ধরনের শিশুর জন্ম হতে পারে।  চিকিৎসা করালে অটিজম ভালো হয়ে যাবে বা বড় হওয়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে যাবে—এ ধরনের ধারণা পোষণ না করে শিশুকে কোনো ব্যবস্থাপনার আওতায় জরুরি ভিত্তিতে নিয়ে আসা উচিত। অনেক ক্ষেত্রে দেখা যায়, পরিবারে বাবা বা মা তাঁদের শৈশবে দেরিতে কথা বলতে শিখেছে, সে ক্ষেত্রে তাঁদের কোনো সমস্যা হয়নি বলেই তাঁদের সন্তান দেরিতে কথা বলতেই পারে—এ ধরনের ধারণা ভুল। সব অটিস্টিক শিশুর মধ্যে যে একই বৈশিষ্ট্য থাকবে সে ধারণা ঠিক নয়। অটিজমে আক্রান্ত অনেকেই সুপ্ত প্রতিভার অধিকারী। তবে অধিকাংশ অটিস্টিক শিশু বা ব্যক্তির ক্ষেত্রে খুব সাধারণ দৈনন্দিন কাজকর্মেও অন্যের ওপর নির্ভরশীল হতে দেখা যায়। উপরোল্লিখিত বিষয়গুলো ছাড়াও নিম্নলিখিত সমস্যাগুলো শিশুর মধ্যে দেখা গেলে অবিলম্বে একজন শিশুবিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।  শিশু যদি এক বছরের মধ্যে মুখে অনেক আওয়াজ (ব্যাবলিং) না করে, কিংবা আঙুল দিয়ে বা অঙ্গভঙ্গি করে কোনো কিছু না দেখায়।  ১৬ মাসের মধ্যে যদি এক শব্দের বাক্য না বলে। দুই বছরের মধ্যে যদি দুই শব্দের সংমিশ্রণে বাক্য না বলে।  শিশুর কথা ও সামাজিকতা যদি হঠাৎ হারিয়ে যায়। লেখক: পরিচালক, স্কুল ফর গিফটেড চিলড্রেন(একটি বিশেষ বিদ্যালয়)