এখনই সিটি নির্বাচন না করতে ইসিকে জানিয়েছে সরকার
এ মুহূর্তে সিটি করপোরেশন নির্বাচনের ব্যবস্থা না করার জন্য নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে মৌখিকভাবে সরকারের অবস্থান জানিয়ে দেন বলে জানা গেছে।এ ব্যাপারে নির্বাচন কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, ‘মৌখিক কথার ভিত্তি নেই। আমরা চিঠির অপেক্ষা করছি।’দায়িত্বশীল সূত্র জানায়, প্রচণ্ড গরম আর বর্ষা মৌসুম বলে এ সময় নির্বাচনের জন্য উপযুক্ত নয় বলে মনে করে সরকার। তবে গত শীতে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সিটি নির্বাচনসহ স্থানীয় নির্বাচনের ব্যবস্থা করার অনুরোধ করলেও নির্বাচন কমিশন তা করেনি। তবে মে মাসে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন হঠাৎ করেই তৎপর হয়ে পড়েছে বলে সরকারের দায়িত্বশীল মহলের ধারণা। সোমবার প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের চিঠির জবাব না পেলে ১৮ এপ্রিল তফসিল ঘোষণা করা হবে।সূত্র জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে একটি চিঠিও দেওয়া হবে। ইতিমধ্যেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ফাইল প্রস্তুত করা হয়েছে। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের অনুমোদন পেলে এ মুহূর্তে নির্বাচন না করার জন্য নির্বাচন কমিশনে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে। বাংলা নববর্ষ উপলক্ষে আজ বুধবার সরকারি ছুটি বলে চিঠি দেওয়া সম্ভব হবে না। আগামীকাল বৃহস্পতিবার বা আগামী রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে চিঠি দিতে পারে।সূত্র জানায়, প্রায় আড়াই বছর আগে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের মেয়াদ শেষ হলেও এখনো নির্বাচন হয়নি। গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভের পর ২০০৯ সালের আগস্টে সিটি করপোরেশন নির্বাচনের আইন পাস হয়। এরপর মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনকে চিঠি দেওয়া হয়।