এখনই ১০০ আসনে প্রার্থী ঠিক করার সিদ্ধান্ত জাপার
আগামী সংসদ নির্বাচনে এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিতে এখনই অন্তত ১০০ আসনের প্রার্থী ঠিক করে মাঠপর্যায়ে কাজ শুরু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি (জাপা)।গতকাল রোববার সকালে বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর সভায় এ বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতারও সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ বিষয়ে আজ সোমবার জাপার সংসদীয় দলের বৈঠক হবে। বৈঠক শেষে বিকেলে উপনির্বাচনে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সভাপতিত্বে সভায় দলের সভাপতিমণ্ডলীর ৩২ জন সদস্য অংশ নেন। সভাপতিমণ্ডলীর একাধিক সদস্য জানান, গতকাল জাপার সভাপতি-মণ্ডলীর সভায় দলের চেয়ারম্যান এরশাদ আগামী নির্বাচনে ৩০০ আসনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সমঝোতার লক্ষণ ক্ষীণ। এ প্রসঙ্গে তিনি গতকাল প্রথম আলোয় প্রকাশিত সংবাদের কথাও উল্লেখ করেন।সভায় আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা উঠলে দলের সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য এখনই অন্তত ১৫০ আসনে প্রার্থী বাছাই করার প্রস্তাব করেন, যাতে এসব প্রার্থী এখনই নিজ নিজ এলাকায় কাজ শুরু করতে পারেন। প্রস্তাবকারীরা মনে করেন, প্রার্থিতার ব্যাপারে পাকা আশ্বাস না পেলে কেউ এলাকায় টাকা খরচ করতে উৎসাহী হবেন না। এ প্রস্তাব বিবেচনায় নিয়ে প্রথমে ১০০ আসনে প্রার্থী ঠিক করার নীতিগত সিদ্ধান্ত হয়, যাতে তাঁরা এলাকায় গিয়ে এখনই কাজ শুরু করতে পারেন। জানতে চাইলে সভাপতিমণ্ডলীর সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী মাহমুদ হাসান এ ধরনের সিদ্ধান্তের কথা স্বীকার করেন।অবশ্য জাপার মহাসচিব রুহুল আমীন হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘আগামী নির্বাচন সামনে রেখে সেপ্টেম্বর থেকে নভেম্বর—এ তিন মাস আমরা সারা দেশে সাংগঠনিক সফর করব। এ জন্য ১৫টি সাংগঠনিক দল গঠন করা হবে। এরপর বিভাগীয় ও পুরোনো জেলা শহরগুলোতে জনসভা করব।’গাজীপুর উপনির্বাচন: জাপার একাধিক নেতা জানান, প্রধান বিরোধী দল বিএনপি গাজীপুরের উপনির্বাচন বর্জন করছে। বিএনপির অনুপস্থিতিতে সেখানে ভোটের অঙ্ক কী দাঁড়ায়, তা দেখার জন্য আওয়ামী লীগ প্রার্থীর বিপরীতে প্রার্থী দিতে চাচ্ছে ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক এ দল। এখানে তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমিকে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। তাই জাপা যাতে ‘ওজনদার’ প্রার্থী দেয়, সে জন্য গতকালের সভায় দলের কয়েকজন নেতা প্রস্তাব করেন। এ ক্ষেত্রে জাপার সভাপতিমণ্ডলীর সদস্য কাজী মাহমুদ হাসানের কথা ভাবা হচ্ছে বলে দলের একটি সূত্র জানায়। কাজী মাহমুদ হাসানও এ কথা স্বীকার করেন। তিনি গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আমাকে বলা হয়েছিল। কিন্তু এরশাদ সাহেবকে বলেছি, এত অল্প সময়ের জন্য আমি নির্বাচনে যেতে চাচ্ছি না।’জাপার নেতারা মনে করছেন, সরকারের ওপর সাধারণ মানুষ ভীষণ নাখোশ। গাজীপুরের উপনির্বাচনে তাজউদ্দীন আহমদের মেয়েকে আওয়ামী লীগ প্রার্থী করলেও এলাকায় দলটির ভেতরে প্রকাশ্যে-অপ্রকাশ্যে দ্বন্দ্ব আছে। এই অবস্থায় ভালো প্রার্থী দিতে পারলে জাপা প্রার্থীর জেতার সম্ভাবনা আছে। ভালো প্রার্থী না পেলে শেষ পর্যন্ত জাপা নির্বাচন থেকে সরেও দাঁড়াতে পারে বলে দলটির গুরুত্বপূর্ণ একজন নেতা জানিয়েছেন।