গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বর্তমান রাজনীতিকে ‘রুগ্ণ’ আখ্যা দিয়ে সুস্থ রাজনীতি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।গতকাল শনিবার রাজধানীতে গণফোরামের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান কামাল হোসেন। তিনি এ সময় বলেন, সুস্থ রাজনীতির মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীনতা এসেছিল। বর্তমানে যে রাজনীতি চলছে, সে সময় এই রাজনীতি থাকলে অনেক মাথাই বিক্রি হয়ে যেত। স্বাধীনতা আসত না।প্রবীণ এই আইনজ্ঞ বলেন, দরপত্র নিয়ন্ত্রণ বা পাওয়াকে অশুভ ব্যবসা বলা যেতে পারে, রাজনীতি বলা যায় না। কিছু লোভী লোকের ইচ্ছাপূরণও জাতীয় লক্ষ্য হতে পারে না। কিন্তু এখন এই রাজনীতিই চলছে। তিনি অভিমত দেন, দেশকে এগিয়ে নিতে হলে কিছু হওয়ার বা পাওয়ার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। দল মতনির্বিশেষে সবাইকে সুস্থ রাজনীতির চর্চা করার আহ্বান জানান কামাল হোসেন।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, চারদলীয় জোট সরকারের বিপদ থেকে দেশ এখন আপদের হাতে পড়েছে। দলীয়করণকে এখন রাজনৈতিক অধিকার হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এমনভাবে চলতে থাকলে রাষ্ট্রযন্ত্রের আর দরকার কী? দেশের সবকিছু সাংসদদের মধ্যে ভাগ করে দিলেই হয়।দেশ দুটি দল বা জোটে বিভক্ত হয়ে গেছে মন্তব্য করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আহ্বায়ক খালেকুজ্জামান বলেন, এ থেকে বেরিয়ে আসতে না পারলে সুস্থ রাজনীতি আসবে না।বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান বলেন, বিএনপি ও আওয়ামী লীগের এত দোষ, তা বলে শেষ করা যাবে না। এদের বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।আওয়ামী লীগের নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, সংসদকে সব ক্ষমতার কেন্দ্রবিন্দু মনে করা হয় গণতন্ত্রে। কিন্তু সাংসদেরা মনে করেন, তাঁরা নিজেরাই নির্বাচিত হয়ে পাঁচ বছরের জন্য ক্ষমতা পেয়ে গেছেন। তাঁরা সাংবাদিকদের সংসদে এনে জিজ্ঞাসাবাদের দাবি জানান। এটা রাজনীতি হতে পারে না।রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণফোরামের নেতা জামাল উদ্দিন আহমেদ, সুব্রত চৌধুরী, হারুন তালুকদার প্রমুখ।