এখনো অনেক রাস্তা বেহাল
এখনো সব রাস্তাঘাটের উন্নয়ন হয়নি জানিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমি রাস্তা সংস্কারের বিষয়ে এখন পর্যন্ত স্বস্তি পাইনি। এখনো অনেক রাস্তাঘাট বেহাল অবস্থায় আছে। বিশেষ করে জেলা শহরগুলোর রাস্তাঘাটের অবস্থা খারাপ।’আজ মঙ্গলবার বেলা আড়াইটায় চাঁদপুরের গৌরীপুর-কচুয়া-হাজীগঞ্জ সড়ক পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আগামী এপ্রিলের মধ্যে দেশের সব জেলা ও উপজেলার রাস্তাঘাটের মেরামতকাজ সম্পন্ন করে যানবাহন চলাচলের উপযোগী করা হবে। যোগাযোগমন্ত্রী আরও বলেন, রাস্তাঘাট মেরামতের মাধ্যমে জনদুর্ভোগ কমিয়ে জনগণকে স্বস্তি দিতে হবে। পাশাপাশি সেতু-কালভার্টের অসমাপ্ত কাজও সম্পন্ন করা হবে।আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ওবায়দুল কাদের বলেন, ‘শুধুমাত্র মৌসুম উপলক্ষ করে রাস্তাঘাটের উন্নয়ন হবে, এটা ঠিক নয়। এটা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। তাই কোনো বিশেষ দিন বা মৌসুম উপলক্ষ করে কাজ করা ঠিক নয়।’এরপর তিনি হাজীগঞ্জের পাতানিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন। পরে তিনি লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা হন।