এখনো অপেক্ষায় অনেক দুর্গত
যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ এসেছে। দুর্গত এলাকায় জ্বালানি সরবরাহ করা হচ্ছে। কিন্তু ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত দেশটির উত্তর-পূর্ব উপকূলের কিছু এলাকার মানুষকে বিদ্যুৎ ও অন্যান্য সহায়তার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র দুদিন বাকি। অথচ স্যান্ডি-আক্রান্ত উত্তর-পূর্ব উপকূলের এখনো প্রায় ৩৫ লাখ বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুত্হীন অবস্থায় আছে। জ্বালানির সংকটও প্রকট। স্বাভাবিক জীবনে ফিরে আসার অপেক্ষায় আছে তারা।ঘূর্ণিঝড় শেষে প্রেসিডেন্ট ওবামা নিউ জার্সির অংশবিশেষ সফর করেছেন। প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত লোকজনকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষতার জন্য রিপাবলিকান শিবির থেকেও সুনাম কুড়িয়েছেন ওবামা। তবে দুর্গত এলাকার অনেকেই অভিযোগ করেছেন, তাঁদের ব্যাপারে সরকার অবজ্ঞা দেখাচ্ছে। নানা ধরনের সমস্যা ভোগ করছেন তাঁরা। বিদ্যুতের অভাবে তাঁরা অন্ধকারে আছেন। চলছে জ্বালানির সংকট। সরকারের পক্ষ থেকে অন্যান্য সহায়তারও দেখা মিলছে না। এমনকি অপেক্ষার শেষ নিয়েও তাঁরা উদ্বিগ্ন।গত সোমবার যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় স্যান্ডি। এতে শতাধিক ব্যক্তির প্রাণহানি ঘটে। এছাড়া আক্রান্ত এলাকার জনজীবন হয়ে পড়ে বিপর্যস্ত। এখন চলছে সে অবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা।