এখনো উদ্ধার হননি অপহূত ৭৭ জেলে
সুন্দরবনসংলগ্ন নারিকেলবাড়িয়া ও গঙ্গামতি এলাকায় বঙ্গোপসাগর থেকে গত সোমবার রাতে অপহূত ৭৭ জন জেলেকে আজ বৃহস্পতিবারও উদ্ধার করা যায়নি। জলদস্যু রাজু, আক্কাস, আকাশ ও কৃষ্ণসাগর বাহিনী তাঁদের অপহরণ করে। তাঁদের মধ্যে পাথরঘাটার ১৬ জন জেলে রয়েছেন। অপর জেলেদের বাড়ি বরগুনা, কলাপাড়া, বাগেরহাট ও পিরোজপুরের বিভিন্ন এলাকায়।বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানিয়েছেন, জলদস্যুরা জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করায় তাঁদের ছাড়িয়ে আনা যাচ্ছে না। এত টাকা দিয়ে মুক্ত করার সামর্থ্য গরিব জেলেদের নেই। সরেজমিনে দেখা যায়, সোমবার বঙ্গোপসাগরে জলদস্যুদের বেপরোয়া তাণ্ডব, লুটপাট শেষে ৭৭ জেলেকে অপহরণ ও একজন জেলেকে গুলি করে হত্যার পর দক্ষিণ উপকূলে প্রায় দেড় লাখ সমুদ্রগামী জেলে চরম আতঙ্কের মধ্যে আছেন। তাঁরা ওই ঘটনার পর থেকে আর সাগরে মাছ ধরতে যাচ্ছেন না। আজ বৃহস্পতিবার দুপুরেও পাথরঘাটা, বরগুনা, কলাপাড়া, মহীপুরসহ বিভিন্ন ট্রলার ঘাটে জেলেদের নোঙর করে অলস সময় কাটাতে দেখা যায়। আজ দুপুরে যোগাযোগ করা হলে কোস্টগার্ডের পাথরঘাটা ঘাঁটির কন্টিনজেন্ট কমান্ডার লে. মুশফিক বলেন, অপহূত জেলেদের উদ্ধারের জন্য কোস্টগার্ডের পশ্চিম ও দক্ষিণ জোনের সদস্যরা সুন্দরবন এলাকায় সমন্বিত অভিযান অব্যাহত রেখেছেন।