কারওয়ানবাজারে এক জনৈক ক্রেতা পাউরুটি কিনতে আসেন। গাজীপুরের কোনো একটি প্রতিষ্ঠানের চকচকে মোড়ক দেখে কেনেন। কেনার পর প্যাকেটের গায়ে দেখেন, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি দোকানে এসে ফেরত দিতে বলেন। কিন্তু দোকানদার বলেন, বিক্রীত মাল ফেরত দেওয়া হয় না। শুরু হয় বাগিবতণ্ডা। অন্য ক্রেতাদের চাপে দোকানদার তা ফেরত দিতে বাধ্য হন। ওই ক্রেতাকে জিজ্ঞাসা করি, ভোক্তা অধিদপ্তরে এ বিষয়ে অভিযোগ করতে পারেন। ক্রেতার সরাসরি উত্তর, ‘অধিদপ্তর কোথায় জানা নেই।’ বললাম, আপাতত বাণিজ্য মন্ত্রণালয়ে। ক্রেতা বললেন, ‘মন্ত্রণালয়ে কি আমার মতো সাধারণ লোক ঢুকতে পারবে? এত ঝুটঝামেলা কে করবে?’ আমাদের দৈনন্দিন জীবনে এমন ভোগান্তির অন্ত নেই। অধিক মূল্যে কোনো পণ্য, ওষুধ বা সেবা বিক্রি জ্ঞাতসারে ভেজালমিশ্রিত পণ্য বা সেবা বিক্রি, মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর কোনো দ্রব্য কোনো খাদ্যপণ্যের সঙ্গে যা মেশানো নির্দিষ্ট, অসত্য বা মিথ্যা বিজ্ঞাপন, মাপে কম দেওয়া, প্রতিশ্রুত পণ্য বা সেবা না দেওয়া, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্র্রে ত্রুটি, নকল পণ্য বা সেবা উৎপাদন বা বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ইত্যাদি বেআইনি কার্যকলাপ অহরহ ঘটছে। পরিবহন, টেলিযোগাযোগ, পানি সরবরাহ, পয়োনিষ্কাশন, জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ, আবাসিক হোটেল ও রেস্তোরাঁ, স্বাস্থ্যসেবা ইত্যাদি খাতেও ব্যাপক অনিয়ম দেখা যায়।এসব ক্ষেত্রে ভোক্তার অধিকার রক্ষা করতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটি পাসের এক বছর পেরিয়ে গেলেও অদ্যাবধি সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়নি এর দুয়ার। তাই গত এক বছরে ভোক্তা অধিকার-বিরোধী কার্যক্রম ঘটলেও সাধারণ মানুষের প্রতিকারের কোটা শূন্য। প্রাথমিকভাবে অধিদপ্তর প্রতিষ্ঠার পর বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব এর দায়িত্বে ছিলেন। গত নভেম্বরে অধিদপ্তরের প্রথম মহাপরিচালক হিসেবে নিয়োগ পান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল হোসেন। এ ছাড়া অধিদপ্তরে কর্মরত আছেন তিনজন উপসচিব। আবুল হোসেন বলেন, ‘আমরা এখনো ওভাবে কার্যক্রম শুরু করতে পারিনি। তার পরও ঢাকা শহরে আমরা বেশ কিছু সভা-ক্যাম্পেইন করেছি।’ তিনি বলেন, ‘ঢাকার প্রায় ৩০টি কাঁচাবাজারে অধিদপ্তরের পক্ষ থেকে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম শেষ করা হয়েছে। এ কার্যকমে আমরা প্রচারপত্র বিলি করেছি। তবে আপাতত কোনো দণ্ড বা জরিমানা অথবা মামলা করা হয়নি।’ এক বছর হলেও দেশের প্রতিটি জেলা এবং বিভাগীয় পর্যায়ে অফিস চালু করা সম্ভব হয়নি। এ ছাড়া প্রধান কার্যালয়টি এখনো কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ে। সচিবালয়ের ভেতরে হওয়ায় সাধারণ মানুষ এর সেবা পাচ্ছে না। মহাপরিচালক জানান, মূল অফিসের জন্য কারওয়ান বাজারের টিসিবি ভবনের (অষ্টম তলা) ভাড়া নেওয়া হয়েছে। জনবল-কাঠামো অর্থ মন্ত্রণালয়ে অনুমোদনের প্রক্রিয়াধীন। যন্ত্রপাতি কেনার জন্য প্রক্রিয়া চলছে। আর বিধি-প্রবিধান আইন মন্ত্রণালয়ে অনুমোদিত হয়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। নতুন অফিসের কার্যক্রম শুরু না হলে সাধারণ মানুষ এর সুবিধা কোনোভাবেই পাবে না। অধিদপ্তর থেকে জানা যায়, দেড়-দুই মাসের মধ্যে নতুন অফিসে কাজ শুরু হবে। মহাপরিচালক বলেন, ‘আইনে ক্ষমতা দেওয়া আছে, আমরা পুরোপুরি কার্যক্রম শুরু করতে পারলে ভোক্তা সাধারণের অবশ্যই স্বার্থরক্ষা করতে পারব।’ তিনি জানান, এ জন্য অফিস চালুর পর জনগণ ই-মেইল, টেলিফোন, মোবাইল, ফ্যাক্স বা লিখিতভাবে সরাসরি অভিযোগ করতে পারবে। তিনি বলেন, ‘জনগণের প্রতিটি অধিকারকে গুরুত্ব দিয়ে আমরা যথাযথ ব্যবস্থা নেব। আর কোনো অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তের অর্থদণ্ড হলে অভিযোগকারী এর ২৫ শতাংশ পাবেন। ভোক্তা অধিদপ্তরের তাড়াতাড়ি সচিবালয়ের বাইরে এসে কাজ শুরু করা উচিত বলে সাধারণ মানুষের প্রত্যাশা। সংশ্লিষ্ট সবাই আশা করছে, প্রতিষ্ঠানটি ভোক্তাদের পাশে দাঁড়াবে, অধিকার রক্ষায় সহায়তা দেবে। ঢাকার বাইরের নাগরিকদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব কার্যক্রম শুরু করা দরকার। তবে এর সঙ্গে অধিদপ্তরের সিটিজেন চার্টার অর্থাৎ নাগরিক সনদ সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা উচিত বলে বিশেষজ্ঞরা মনে করেন।