এখনো চড়া শীতের সবজির দাম, পেঁয়াজের দাম বাড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরবরাহ বাড়লে দাম কমবে—এই নিয়ম এবার খাটছে না শীতের সবজির ক্ষেত্রে। রাজধানীর বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম এখনো চড়া। ফলে শীতে শাকসবজি খাওয়ার সাধের সঙ্গে সাধ্যের তাল মেলাতে পারছে না ক্রেতারা। এদিকে পেঁয়াজের দাম আরও বেড়েছে।হাতিরপুল, কারওয়ান বাজার ও সেগুনবাগিচা কাঁচাবাজার ঘুরে গতকাল শুক্রবার দেখা গেছে, প্রতি কেজি পটোল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। ফুলকপির দর আকারভেদে প্রতিটি ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত।হাতিরপুল বাজারে কলেজশিক্ষক আশরাফুল আযম খান প্রথম আলোকে বলেন, ‘আজব দেশে বাস করছি। শীতেও দেখছি শাকসবজি খাওয়ার উপায় নেই।’ তিনি দোকান থেকে একটি ফুলকপি দেখিয়ে বলেন, ‘এই কপিটার দাম ৪০ টাকা হতে পারে! এদের ধরে কী করা উচিত?’তবে দোকানি আবুল কাশেম বলেন, কারওয়ান বাজার থেকে আনার পর কিছু ফুলকপি থেঁতলে নষ্ট হয়ে গেছে। সেই ক্ষতি পোষাতে একটু বাড়তি দাম নিতে হচ্ছে।গতকাল প্রতি কেজি শিম ৪০ থেকে ৬০ টাকা, করলা ৫০ থেকে ৭০ টাকা, বেগুন ৪০ থেকে ৫০ টাকা, কাঁচা টমেটো ৫০ টাকা, পাকা ৮০ টাকা ও আধা-পাকা ১০০ টাকা, ঢ্যাঁড়স ৫০ থেকে ৫৫ টাকা, পুরাতন আলু ২৫ টাকা, শসা ৪০ থেকে ৫০ টাকা, শালগম ৩৫ থেকে ৪০ টাকা, গাজর ৪০ টাকা, পেঁপে ১৫ থেকে ২০ টাকা এবং মুলা ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হয়। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে শিম ও ঢ্যাঁড়সের। কমেছে মুলা ও নতুন আলুর দাম।দাম আরও বেড়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৫৫ থেকে ৫৮ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৪০ থেকে ৪২ টাকায় বিক্রি হচ্ছে।এক সপ্তাহ আগেও দেশি পেঁয়াজ ৫০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে।কারওয়ান বাজারের দোকানিরা বলছেন, শ্যামবাজার ও মৌলভীবাজারের পাইকারি ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়েছেন। সরবরাহব্যবস্থা ঠিক রাখার জন্য দাম বাড়ালেও তাঁদের কিনতে হয়। তাঁরাও সে অনুযায়ী দাম রাখছেন।প্রতি কেজি কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ টাকা, চীনা রসুন ৯০ থেকে ১০০ টাকা, দেশি রসুন ৫০ থেকে ৫৫ টাকা, চীনা আদা ৫০ থেকে ৫৫ টাকা ও দেশি আদা ৮০ টাকায় বিক্রি হচ্ছে।বেড়েছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম: গত সপ্তাহে ব্রয়লার মুরগির কেজি ছিল ১৩০ থেকে ১৩৫ টাকা। কেজিতে পাঁচ টাকা বেড়ে গতকাল বিক্রি হয়েছে ১৩৫ থেকে ১৪০ টাকায়।মুরগির লাল ডিম এক সপ্তাহের ব্যবধানে হালিতে দুই টাকা বেড়ে ৩৪ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি মুরগির ডিমের হালি ৩৮ থেকে ৪০ টাকা এবং হাঁসের ডিম ৩৮ থেকে ৪০ টাকা।মাছ-মাংসের দাম: গরুর মাংস প্রতি কেজি ২৭০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের দামেও তেমন হেরফের দেখা যায়নি। মাঝারি আকারের এক জোড়া ইলিশ এক হাজার থেকে এক হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে। আগের সপ্তাহেও তাই ছিল।এ ছাড়া রুই ও কাতলা মাছ প্রতি কেজি ২৫০ থেকে ৩৫০ টাকা, বড় আকারের রুই প্রতি কেজি ৪৫০ থেকে ৬০০ টাকা, তেলাপিয়া ১২০ থেকে ১৫০ টাকা, পাঙাশ ১৩০ থেকে ১৫০ টাকা, শিং ৫০০ থেকে ৬০০ টাকা, বড় সিলভার কার্প ১৩০ থেকে ১৫০ টাকা, সরপুঁটি ১৫০ ও চাষের কই মাছ ১৬০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।চাল-ডাল-তেল স্থিতিশীল: চাল, ডাল, ভোজ্যতেল, আটা, ময়দা, চিনি ও লবণের দাম স্থিতিশীল রয়েছে। গতকাল ভালো মানের মিনিকেট ৩৮ থেকে ৪০ টাকা, নাজিরশাইল ৪০ থেকে ৪৬, বিআর-২৮ চাল ৩২ থেকে ৩৪ টাকা কেজিতে বিক্রি হয়।খোলা আটা প্রতি কেজি ৩০ থেকে ৩২ টাকা, দেশি মসুর ডাল ১৩৫ থেকে ১৪০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১৩৪ টাকা এবং পাঁচ লিটার বিক্রি হচ্ছে ৬৫৫ থেকে ৬৬০ টাকায়। চিনি ৫০ টাকা, প্যাকেটজাত চিকন লবণ ৩০ টাকা ও খোলা মোটা লবণ ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।