এখনো ছিনতাই-ই করছেন তাঁরা
চট্টগ্রাম নগরে ডাকাতির প্রস্তুতিকালে গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশের একজন সদস্য এবং সাবেক দুই সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে একটি মাইক্রোবাস ও একটি হাতকড়া উদ্ধার করা হয়। সাবেক দুই পুলিশ সদস্য গত বছর ছিনতাই করতে গিয়ে ধরা পড়ে চাকরি হারান। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া সাতজনের মধ্যে কনস্টেবল নুরুল ইসলাম ওরফে সুমন দামপাড়া পুলিশ লাইনে কর্মরত। তাঁর নম্বর ৩২৯। অন্য দুজন সাবেক পুলিশ সদস্য সাজ্জাদ হোসেন ওরফে রনি ও গোলাম মোস্তফা। চট্টগ্রাম নগরের শহীদ মিনার এলাকায় ২০০৮ সালের ২৪ জুলাই আড়াই লাখ টাকা ছিনতাইকালে এ দুজন আটক হন। পরে তাঁদের কোয়ার্টার গার্ডে রাখা হয়। বিভাগীয় তদন্তের পর ডিসেম্বরে দুজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।গ্রেপ্তার হওয়া বাকি চারজন হলেন আলাউদ্দিন, কামরুল, জাবেদ ও কামাল। কামরুল আটক মাইক্রোবাসের মালিক। তিনি জেলা পুলিশের একজন উপপরিদর্শকের (এসআই) শ্যালক বলে পুলিশের কাছে স্বীকার করেন। অন্য তিনজন পেশাদার ডাকাত বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্র জানায়, খাতুনগঞ্জের ব্যবসায়ীরা এ পথ দিয়ে যাওয়ার সময় ছিনতাইয়ের উদ্দেশ্যে গতকাল বিকেলে মাইক্রোবাস নিয়ে আনসার ক্লাবের কাছে অবস্থান নেন পুলিশের কনস্টেবল নুরুল ইসলাম ও তাঁর সহযোগীরা। খবর পেয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসীন দুই কনস্টেবল নিয়ে আনসার ক্লাবের কাছে ওত পেতে থাকেন। এ সময় এসআই মহসীনকে দেখে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে পথচারীদের সহায়তায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে।নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীদের মোটা অঙ্কের টাকা ছিনতাই হবে—এমন আগাম খবর পান পুলিশ কর্মকর্তা মহসীন। এ কারণে তিনি বিশেষ কৌশলে সাতজন ডাকাতকে গ্রেপ্তার করেন, যাঁদের মধ্যে একজন পুলিশ কনস্টেবলও আছেন। তিনি বলেন, দুই কনস্টেবল গত বছর ছিনতাই করতে গিয়ে ধরা পড়ে চাকরিচ্যুত হন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিউদ্দিন মাহমুদ বলেন, এসআই মহসীন বাদী হয়ে গ্রেপ্তার হওয়া সাতজনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে ডাকাতির মামলা করেছেন।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ডাকাতদের কাছ থেকে একটি হাতকড়া পাওয়া গেছে। ওই হাতকড়ায় ‘পুলিশ’ লেখা আছে। গ্রেপ্তারের পর আসামিদের আটকে রাখতে হাতকড়া ব্যবহার করে পুলিশ। গত বছর অনুরূপ হাতকড়া ও ওয়্যারলেস সেটসহ ভুয়া র্যাব সদস্যদের পাহাড়তলী পুলিশ গ্রেপ্তার করেছিল।