এখনো জমেনি ঈদের বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের কেনাকাটা দু-এক দিনে শেষ হওয়ার নয়। বাড়ির সবার জন্যই চাই নতুন কিছু। সঙ্গে নিকটজন, বন্ধুবান্ধবের জন্যও কিছু কেনাকাটার তাগিদ থাকে। ফলে কেনাকাটার ফর্দের কলেবর ক্রমেই বেড়ে ওঠে।ওদিকে আবার ইচ্ছা থাকলেও তা পূরণের সামর্থ্যে টানাটানি পড়ে যায়। রোজার মাসে সাংসারিক খাইখরচেই বাড়তি ব্যয় হয়ে যায়। সীমিত আয়ের লোকের পক্ষে সেই বাড়তি খরচের ধাক্কা সামলে বাড়ির সবার বায়না-আবদার মিটিয়ে ঈদের কেনাকাটা করা রীতিমতো দুঃসাধ্য হয়ে ওঠে। সে কারণেই মধ্যবিত্ত ক্রেতাদের খুব হিসাব করে নামতে হয় ঈদের বাজারে।কেনাকাটার জায়গার অভাব নেই। প্রায় পুরো শহরেই ছোট-বড় দোকানপাট, সুপার মার্কেটের বিস্তৃতি। তার মধ্যে তুলনামূলক কম দামে ভালো জিনিসটি কোথায় পাওয়া যায়, সেই খোঁজখবর নিতেই এখন মার্কেটগুলোতে যাওয়া-আসা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকার বিপণিবিতানগুলোতে খোঁজ নিয়ে দেখা গেল, ঈদের কেনাবেচার সেই ব্যতিব্যস্ত পরিবেশ এখনো তৈরি হয়নি। খ্যাতনামা মার্কেটগুলোতেই লোকসমাগম বেশি। কেনার চেয়ে বাজারে ঈদে নতুন কী এল, দরদাম কেমন—এসব যাচাই-বাছাই করতেই তাঁরা আগ্রহী ছিলেন বেশি। পান্থপথের বসুন্ধরা সিটির তৈরি পোশাকের দোকান রাসফার স্বত্বাধিকারী রাব্বি চৌধুরী জানালেন, ঈদের বেচাকেনা বলতে যা বোঝায় তা শুরু হয়নি। রোজার ১৫ দিন পেরিয়ে যাওয়ার পর বিক্রিতে গতি সঞ্চার হবে বলে তাঁরা আশা করছেন। এবার পোশাকের ওপর কর বাড়ায় দাম বেশি। ভারতের তৈরি বড় মেয়েদের টপস ১০০০ থেকে ২০০০ টাকা, চীনের তৈরি টপস ৬০০ থেকে ১০০০ টাকা। ভারতে তৈরি ছোটদের টপস ৮০০ থেকে ১৫০০ টাকা। দেশে তৈরি সালোয়ার-কামিজের দাম ২৬০০ থেকে ৫০০০ টাকা বলে জানালেন স্মার্টটেক্সের বিক্রয় ব্যবস্থাপক তৈয়ব। সুতি, সিল্ক, এন্ডিতে এসব তৈরি। ছোটদের থ্রি পিস ১০০০ থেকে ১৬০০ টাকা। নকশা করা কামিজের দাম ৮৫০ থেকে ২০০০ টাকা।পণ্য আছে দোকানভরা। অপেক্ষা শুধু কেনাকাটা জমে ওঠার।