এখনো জীবন্ত লেগ স্পিন শিল্প
বিশ্বকাপে শহীদ আফ্রিদি, ইমরান তাহিরদের সাফল্য প্রমাণ করে, লেগ স্পিনের জাদুকর শেন ওয়ার্ন অবসর নিলেও লেগ স্পিন শিল্পটা মরেনি।সর্বশেষ যে মহান লেগ স্পিনার ক্রিকেটকে করেছেন গৌরব দান, তিনি শেন ওয়ার্ন। ২০০৭ সালে অবসর নেওয়ার আগে ওয়ার্ন সব সময়ই তাঁর জাদুকরি ডেলিভারি ও গুগলি দিয়ে ব্যাটসম্যানদের ধোঁকা দিয়েছেন। সময়ের স্রোতে তাঁর লেগ স্পিনের বাটনটা এবার বিশ্বকাপে পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি, বিশ্বকাপে অভিষিক্ত দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, কানাডার বালাজি রাওয়েরও হাতে। তাঁরা প্রমাণ করছেন, কবজি ঘোরানো স্পিনাররা এখনো সীমিত ওভারের ক্রিকেটের বড় শক্তি।আফ্রিদি এখন পর্যন্ত এই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি। একমাত্র বোলার হিসেবে তিন ম্যাচেই ন্যূনতম ৪ উইকেট করে নেওয়ার অসামান্য এক কীর্তি গড়েছেন। দুই ম্যাচে নিয়েছেন ৫ উইকেট করে। এক ম্যাচে ৪—তিন ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১৪!পাকিস্তানি বংশোদ্ভূত ইমরান তাহির দক্ষিণ আফ্রিকা দলের হয়ে তিন ম্যাচেই নিয়েছেন ১১ উইকেট। এই বিশ্বকাপে কানাডার মাঠের পারফরম্যান্স মোটেই বড় মুখ করে বলার মতো নয়। দলের চরম ব্যর্থতার মধ্যে উজ্জ্বল ব্যতিক্রম বালাজি রাও। ভারতীয় বংশোদ্ভূত এই লেগি লেগ স্পিন ও গুগলি ব্যবহার করে তিন ম্যাচে নিয়েছেন ৬ উইকেট।ক্রিকেটে একজন লেগ স্পিনারের প্রয়োজনীয়তা কতটা, তা বুঝিয়ে দিয়েছেন লেগ স্পিনের আরেক কিংবদন্তি অনিল কুম্বলে। ৬১৯টি টেস্ট ও ৩৩৭টি ওয়ানডে উইকেটের মালিক ভারতের সাবেক অধিনায়ক কুম্বলে বলেছেন, ‘ওয়ানডে ক্রিকেটে একজন লেগ স্পিনারের খুব প্রয়োজন। বিশেষ করে, ইনিংসের মাঝের ওভারগুলোতে বোলিং আক্রমণে বৈচিত্র্য আনতে। একজন লেগ স্পিনারকে কখনোই কেউ উপেক্ষা করতে পারবে না।’ একদিনের ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির মালিক আফ্রিদির দ্রুতগতির ডেলিভারি প্রায়ই ব্যাটসম্যানদের বিভ্রান্তিতে ফেলে। আফ্রিদি এটি খুবই উপভোগ করেন, ‘আমি সব সময়ই আমার বোলিংয়ের দিকে মনোযোগ দিই। আমি স্রেফ উইকেট টু উইকেট বল করার চেষ্টা করি। এটা বেশ কাজে দেয়। মাঝেমধ্যে টার্ন পাই, মাঝেমধ্যে বল সোজা যায়। এতে এলবিডব্লু পাওয়ার ভালো সুযোগ থাকে।’বিশ্বকাপে লেগ স্পিনাররা বরাবরই ব্যাটসম্যানদের ওপর ছড়ি ঘুরিয়েছেন। ১৯৮৩ ও ১৯৮৭ বিশ্বকাপে পাকিস্তানের কিংবদন্তি স্পিনার আবদুল কাদির নিয়েছিলেন মোট ২৪ উইকেট। তাঁর স্বদেশি মুশতাক আহমেদ ১৯৯২ ও ১৯৯৬ বিশ্বকাপে নেন ২৬ উইকেট। ওয়ার্ন ১৯৯৬ ও ১৯৯৯ বিশ্বকাপের ১৭ ম্যাচে নেন ৩২ উইকেট। ১৯৯৬ বিশ্বকাপে মোহালির সেমিফাইনাল, ১৯৯৯ বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল—তিনটি ম্যাচই বিখ্যাত হয়ে আছে ওয়ার্নের জাদুকরি ঘূর্ণির কারণে। এএফপি।