২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলা উপকূলে আঘাত হেনেছিল। এরপর তিন বছর কেটে গেছে। কিন্তু বিধ্বস্ত উপকূলবাসীর অবস্থার তেমন পরিবর্তন হয়নি। আইলায় ক্ষতিগ্রস্ত বেশির ভাগ মানুষ আগের জীবনে ফিরতে পারেনি।উপকূলের বিধ্বস্ত বেড়িবাঁধগুলো কোনো মতে মেরামত করা হলেও এখনো ঝুঁকির মধ্যে আছে। প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি সত্ত্বেও চিংড়িচাষিরা বাঁধগুলো ছিদ্র করে তাঁদের ঘেরে পানি তুলেই যাচ্ছেন। ২০০৭-এ সিডর ও ২০০৯-এ আইলায় উপকূলের ১৭টি উপজেলার রাস্তাঘাট, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। এখনো সেগুলোর মেরামত শেষ হয়নি।দু-একটি ব্যতিক্রম ছাড়া তিন বছর ধরে আইলাবিধ্বস্ত এলাকার প্রধান ফসল আমন চাষ প্রায় বন্ধ রয়েছে। ঝড়ের পরের দিন থেকে যে খাদ্যসহায়তা শুরু হয়েছিল, তা গত বছর থেকে বন্ধ রয়েছে। কৃষক ঘূর্ণিঝড়ের আগে যে কৃষিঋণ নিয়েছিল, তা সুদে-আসলে বাড়ছে। সরকারের পক্ষ থেকে ওই ঋণের সুদ মওকুফের আশ্বাস দেওয়া হয়েছিল। তাও শেষ পর্যন্ত আশ্বাসের খাতাতেই রয়ে গেছে। আইলার আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল খুলনার দাকোপ, কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলা। স্থানীয় সাংসদ ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, তিন বছর পরও ওই উপজেলাগুলোর দেড় হাজার পরিবারের প্রায় ছয় হাজার মানুষ এখনো বাস্তুহারা অবস্থায় আছে। এদের অর্ধেক বাস করছে রাস্তায় ও বিদ্যালয়ের খোলা জায়গায়। বাকিরা এলাকাছাড়া হয়েছে। জলোচ্ছ্বাসে ওই তিন জেলার বেশির ভাগ পুকুরের পানি লবণাক্ত হয়ে পড়েছিল। সরকার ও উন্নয়ন-সহযোগীরা দুর্গত এলাকায় খাওয়ার মিষ্টি পানি সরবরাহের জন্য পানি বিশুদ্ধকরণ যন্ত্র, বৃষ্টির পানি ধরে রেখে তা সরবরাহের ব্যবস্থা করেছিল। রক্ষণাবেক্ষণের অভাবে ওই পানি সরবরাহকারী যন্ত্রগুলোর অর্ধেক অকেজো হয়ে পড়েছে।সরকার ও উন্নয়ন-সহযোগী সবাই আইলার পর দুর্গতদের সহায়তায় আশ্বাসের ঝাঁপি নিয়ে হাজির হয়েছিল। দিন যত গিয়েছে, ওই সহায়তার আশ্বাস ততই ফিকে হয়েছে। আইলা আঘাত হানার পর পর সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, নিজস্ব সম্পদ দিয়ে আপাতত পরিস্থিতি মোকাবিলা করা হবে। প্রয়োজনে সহায়তা চাওয়া হবে। ঘূর্ণিঝড় আঘাত হানার তিন মাসের মাথায় পরিস্থিতি যখন আরও খারাপ হলো তখন সরকারের পক্ষ থেকে উন্নয়ন-সহযোগীদের ডেকে বলা হলো, আইলার ক্ষয়ক্ষতি মোকাবিলায় ১১৪ কোটি ৯০ লাখ ডলার দরকার। টাকার অঙ্কে তা প্রায় ১০ হাজার কোটি টাকা। বিধ্বস্ত বেড়িবাঁধ মেরামত, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ ও মেরামত, ঘর নির্মাণসহ অন্যান্য খাতে এই সহায়তা লাগবে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত তিন বছরে উন্নয়ন-সহযোগীরা মাত্র ৪৮০ কোটি টাকা আইলাদুর্গতদের পেছনে ব্যয় করেছে।দুর্যোগ নিয়ে কাজ করে এমন উন্নয়ন-সহযোগীদের জোট ইকো একাই ২৫০ কোটি টাকা, ইউরোপীয় কমিশন ৫০ কোটি, যুক্তরাজ্য সরকারের বৈদেশিক বিষয়ক উন্নয়ন সংস্থা ডিএফআইডি ৫০ কোটি টাকা, যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক বিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএইড ৫০ কোটি টাকা, জাতিসংঘ খাদ্য কর্মসূচি ৮০ কোটি টাকার সহায়তা করেছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, উন্নয়ন-সহযোগী রাষ্ট্র ও সংস্থাগুলো আইলায় সহায়তার ব্যাপারে সরকারকে সহযোগিতা করেনি। শুরুতে অনেক বেশি সহায়তা করা হবে, এমন মনোভাব দেখালেও পরে তারা খুব সামান্য সহায়তাই দিয়েছে। তাও কয়েকটি এনজিওর মাধ্যমে তারা এই টাকা খরচ করেছে।অন্যদিকে, সরকারের পক্ষ থেকে আইলাদুর্গতদের জন্য মোট ২৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে ১০০ কোটি টাকার বরাদ্দ ছিল ঘর মেরামতের জন্য। প্রধানমন্ত্রী আইলাদুর্গত এলাকায় গিয়ে ওই সহায়তার আশ্বাস দিয়ে এসেছিলেন। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে দেওয়া ওই সহায়তার এক-তৃতীয়াংশও ঠিকমতো বণ্টন করা হয়নি। ঘর নির্মাণের জন্য ৪৮ হাজার পরিবারের প্রত্যেককে ২০ হাজার করে টাকা দেওয়ার কথা ছিল। এ বছর ওই টাকা দুই কিস্তিতে বিতরণ শেষ হলেও শ্যামনগর উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষ পুরো টাকা পায়নি। দুর্যোগ বিষয়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালনকারী খুরশিদ আলম ঘূর্ণিঝড় আইলার বর্তমান অবস্থা নিয়ে সম্প্রতি এক গবেষণা সমীক্ষা শেষ করেছেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আওতায় করা ওই গবেষণার আলোকে তিনি বলেন, একটি দুর্যোগের পর সময়মতো সহায়তা না পৌঁছালে কী ধরনের নতুন নতুন সমস্যা সৃষ্টি হতে পারে, তার একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আইলা। এই ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ যতটুকু সহায়তা চেয়েছে, তা পায়নি। যখন চেয়েছে তখন সহায়তা পৌঁছায়নি। মানুষ কী ধরনের সহায়তা চায়, তা বিবেচনায় না নিয়ে সহায়তা দেওয়া হয়েছে।এখনো হাজার মানুষ ভিটাছাড়া: গত বছরের মার্চে ১০টি আন্তর্জাতিক উন্নয়ন-সহযোগী সংস্থা আইলায় ক্ষতিগ্রস্ত মানুষের কী ধরনের সহায়তা দরকার, তার ওপর একটি সমীক্ষা চালিয়েছে। তাতে দেখা গেছে, এখনো ১০ হাজার ৯০৬টি পরিবারের ৫৪ হাজার ৫৩০ জন বেড়িবাঁধের ওপর ও বাইরে বসবাস করছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ার, সেভ দ্য চিলড্রেন, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, অক্সফাম (জিবি), অ্যাকশন এইডসহ ১০টি সংস্থা যৌথভাবে পরিচালিত সমীক্ষাটিতে দেখা যায়, আইলা এলাকায় ৪২ হাজার ২৫০ পরিবারের কাজের কোনো ব্যবস্থা হয়নি। সরকারি-বেসরকারি সংস্থার সহায়তায় খাদ্যসহায়তায় তারা টিকে আছে। ৩১ হাজার ৪৪৪ পরিবারের তিন বেলা খাবার জোটে না। যা খাবার তারা পাচ্ছে তার মানও অনেক কমেছে। ক্ষতিগ্রস্ত এলাকার জনপ্রতিনিধিরা জানান, এখনো খুলনার দাকোপ উপজেলায় প্রায় এক হাজার পরিবার, কয়রায় ৩২০ ও সাতক্ষীরার শ্যামনগরে ৪৫০টি পরিবার ঘরে ফিরতে পারেনি। তারা এখনো বাস্তুচ্যুত অবস্থায় রাস্তাসহ বিভিন্ন স্থানে বসবাস করছে। খুলনা-১ আসনের সাংসদ ননী গোপাল মণ্ডল তাঁর নির্বাচনী এলাকা দাকোপের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন, এখনো দাকোপের বেশির ভাগ অভ্যন্তরীণ রাস্তা ভাঙা। বেড়িবাঁধগুলো ঠিকমতো মেরামত না হওয়ায় তা যেকোনো সময় ভেঙে গিয়ে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। তিন বছর ধরে ফসল না হওয়ায় এলাকায় কাজ নেই। অনেকে জীবিকার তাগিদে শহরে ও পার্বত্য চট্টগ্রামে চলে গেছে। আইলায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য দেশের অন্যত্র গুচ্ছগ্রাম প্রকল্প করার দাবি করেন তিনি।{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সাতক্ষীরার কল্যাণ ব্যানার্জি ও খুলনার কাজী আবদুল্লাহ