এখনো তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লান্তিহীন যাত্রা! আলফাজ আহমেদ, হাসান আল মামুন, মতিউর মুন্না, রজনী কান্ত বর্মণ দেশের শীর্ষ ফুটবলে কাটিয়ে দিয়েছেন কাছাকাছি ২০ বছর। তাঁদের লম্বা ক্যারিয়ারের রহস্য খুঁজেছেন মাসুদ আলমপ্রামাণ্যচিত্রের নাম ‘এখনো তাঁরা’।চার পোড় খাওয়া ফুটবলার নিয়ে এই প্রামাণ্যচিত্র কল্পিত। আলফাজ আহমেদ, হাসান আল মামুন, মতিউর মুন্না, রজনী কান্ত বর্মণ। বিষয়বস্তুর ইঙ্গিত শিরোনামেই দেওয়া আছে, এখনো তাঁরা, মানে এই খেলোয়াড়েরা এখনো খেলে যাচ্ছেন। বাংলাদেশের ঘরোয়া শীর্ষ ফুটবলে চারজনেরই ২০ বছর বা এর কাছাকাছি সময় চলছে!এই সময়ে কত মুখ হারিয়ে গেছে, কত উত্থান-পতন এসেছে বাংলাদেশের ফুটবলে। কিন্তু এই মুখগুলো এতটুকু বিবর্ণ নয়। নানা ঝড়ঝাপটা সামলে উঁচিয়ে ধরে আছেন ফুটবলের ঝান্ডা। এত দীর্ঘ সময় নিয়ে খেলে যাওয়া সত্যিই সহজ নয়। এখানেই তাঁদের কৃতিত্ব, নিজেকে ফিট রেখে ক্লান্তিহীন খেলে যাচ্ছেন। অনেকেই বলতে পারেন, সেভাবে খেলোয়াড় উঠে আসছে না। তাই হয়তো চ্যালেঞ্জটা খুব বড় হয়ে দাঁড়ায়নি। বাংলাদেশের বাস্তবতায় কথাটা কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা ঠিক। কিন্তু কুড়ি বছর টানা সবাই খেলে যেতে পারে না। এটা বিশেষ কিছুই।নব্বইয়ের দশকের একেবারে গোড়ায় ঢাকার শীর্ষ ফুটবলমঞ্চে যাঁদের পদার্পণ, সেই তালিকায় এখন সবচেয়ে জ্যেষ্ঠ ফুটবলার আলফাজ। ঢাকার সে সময়ের শীর্ষ লিগ প্রথম বিভাগে তাঁর আগমন ১৯৯২ সালে রহমতগঞ্জের হয়ে। সেই আলফাজ কুড়ি বছর পেরিয়ে এখন বিদায়ের কথা ভাবছেন, মোহামেডানের জার্সি গায়ে হয়তো আগামী লিগে আবাহনীর বিপক্ষে ম্যাচে অবসর নেবেন। এরই মধ্যে মোহামেডানের সহকারী কোচ হিসেবে কাজে নেমেছেন। তবে এই সেদিনও মাঠে নেমে খেলেছেন।কীভাবে প্রেরণাটা পেয়েছেন? আলফাজ বললেন, ‘ফুটবলপ্রেম। এই প্রেম ছিন্ন করা কঠিন।’ এভাবে এতগুলো বছর টানা খেলে যাওয়ারই বা রহস্য কী? একবাক্যে তাঁর জবাব, ‘শৃঙ্খলা। একজন ফুটবলার তার ক্যারিয়ারটা লম্বা করতে পারবে তখনই, যখন সে নিজে ডিসিপ্লিনড থাকবে।’ তার অর্থ এই নয়, যাঁদের ক্যারিয়ার সংক্ষিপ্ত, তাঁরা সবাই শৃঙ্খলা না মানার কারণেই বিদায় নেন। আসলে নিজেকে ফিট রাখাই আসল কথা, যেটা চল্লিশের কাছাকাছি গিয়েও আলফাজ এখনো ধরে রাখতে পেরেছেন।হাসান আল মামুনকে দেখুন, ৯২ সালে বিকেএসপির ছাত্র থাকা অবস্থাতেই বিজেএমসির হয়ে ঢাকা লিগে অভিষেক। তখন বয়স একেবারেই কম। এসএসসি পরীক্ষা দেবেন। ঘটনাচক্রে সে সময় বিজেএমসির টিমটাই হয় বিকেএসপির ছাত্রদের নিয়ে। সেই শুরুর পর ইয়ংমেন্স, আবাহনী, মুক্তিযোদ্ধা (টানা ১০ বছর খেলেন), মোহামেডান ঘুরে এখন তাঁবু ফেলেছেন শেখ জামালে। ক্লাব কর্মকর্তাদের কাছে চাহিদা ফুরোয়নি, ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসেও পেয়েছেন ভালো পারিশ্রমিক।আলফাজের মতো হাসান আল মামুনও পেছনে তাকিয়ে আপ্লুত, ‘ফুটবলপ্রেমই এত বছর টানা খেলতে সাহায্য করেছে।’ নিজেই বলেন, ‘হয়তো গতিটা আগের চেয়ে একটু কমে গেছে। কিন্তু ফিটনেস রাখতে পেরেছি আগের মতোই। এখনো একটা জুনিয়র ছেলে যেভাবে দৌড়ায়, সেভাবে দৌড়াতে চেষ্টা করি।’ বিকেএসপিতে থাকতে একদিন ভালো খেলোয়াড় হওয়ার স্বপ্ন এঁকেছিলেন চোখে, তা পূরণ হয়েছে। কিন্তু ফুটবলের ক্ষুধাটা আগের মতোই আছে, ‘আমি এখনো বাচ্চাদের মতোই ফুটবলপাগল।’এই যে খেলছেন, সে অর্থে দলে জায়গা নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়? প্রশ্নটা শেষ করতে না দিয়েই হাসান আল মামুন বললেন, ‘নতুন খেলোয়াড় অনেক আসছে। জায়গা ধরে রাখা সহজ ব্যাপার নয়। তবে আমরা যারা ১৮-২০ বছর ধরে এখনো খেলছি, তাদের সবচেয়ে বড় গুণ নিজেকে খেলার জন্য তৈরি রাখতে পারা। এটা সবাই পারে না।’ ঢাকার ফুটবলের যৌবন দেখেছেন, কালের বিবর্তনের এই সময়েও ৩৭ বছর বয়সে মামুন বলতে পারেন, ‘ফুটবল এখনো উপভোগ করছি। অবসর নিয়ে আপাতত ভাবছিই না।’সমান বয়সী মতিউর মুন্নার মুখেও অবসরের কথা নেই। এত দূর আসার পেছনে ‘পরিশ্রমই আসল, বরাবরই কঠোর পরিশ্রম করে এসেছি’ বলার পর যোগ করেন, ‘মন-প্রাণ সাড়া দিলেও সত্যি কথা, এখন ১৮ বছরের তরুণের মতো আর শরীর সাড়া দেয় না। কিন্তু ইচ্ছাশক্তি ঠিকই প্রেরণা জোগায়। সেই প্রথম দিনটির মতো এখনো ফুটবলমাঠে উজ্জীবিত হই।’ সাধারণ বীমার হয়ে ঢাকার প্রথম বিভাগে চাটগাঁর ছেলের শুরু ১৯৯৩ সালে। অগ্রণী ব্যাংক-মোহামেডান-মুক্তিযোদ্ধা-মোহামেডান-মুক্তিযোদ্ধা-ব্রাদার্স-আবাহনী হয়ে এই মৌসুমে মোহামেডানের অধিনায়ক।১৯ বছরের এই পরিক্রমায় মাঝখানে ৯৭ সালের দিকে খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন মতিউর মুন্না। কিছুদিন ব্যবসা-ট্যাবসা দিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তবে খেলায় কখনো বিরতি পড়েনি। সে সময় ব্রাদার্সে চুক্তি করান দলটির ব্যবস্থাপক আমের খান। সেই মুন্নাই পরে জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন। মানুষের ভাগ্য যে কখন কাকে কোথায় নেবে সত্যিই বলা কঠিন!রজনীর গল্পটা আরও চমকপ্রদ। স্ত্রী ও দুই মেয়ে থাকে পশ্চিমবঙ্গে, তিনি সীমান্ত পাড়ি দিয়ে তাদের কাছে যান। দেশে এসে আবার ফুটবলে ব্যস্ত হন। এভাবেই বেশ কয়েক বছর ধরে চলছে এই ডিফেন্ডারের দিনকাল, যাঁকে ‘ফাইটার’ বলে ডাকেন অনেকে। ঢাকার প্রথম বিভাগে অগ্রণী ব্যাংকের জার্সি গায়ে অভিষেক ১৯৯৪ সালে, এখন মোহামেডানের জার্সি গায়ে টেনে চলেছেন সাদা-কালোর জোয়াল। ছোটবেলায় অন্যের বাড়িতে লজিং থেকে ফুটবল খেলতেন, অনেক কষ্টে কাটানো সেই জীবন রজনীকে আজ এনে দিয়েছে সুখ-স্বাচ্ছন্দ্য।এই যে খেলে চলেছেন, রজনীর কাছে এর মূল রহস্যটা একাগ্রতা। কম কথা বলা গাজীপুরের সেই কিশোরের আজও খেলার প্রতি অসম্ভব আন্তরিকতা, ‘ফুটবলটাকে পেশা হিসেবে নিয়েছি। এটা জীবিকারই বড় অংশ। তবে জীবিকাই সব নয়, ভালো লাগারও বিরাট ভূমিকা আছে। তাই আজও খেলছি। যত দিন ফিট থাকব, খেলে যাব।’আলফাজ শেষের বাঁশি শুনছেন। ১৭-১৮ বছর খেলে কদিন আগে বিদায় নিয়েছেন ডিফেন্ডার ফিরোজ মাহমুদ (টিটু)। এই খেলোয়াড়েরাও একসময় বুট জোড়া তুলে রাখবেন। প্রতিশ্রুতি নিয়ে এসেও হারিয়ে গেছেন অনেক ফুটবলার। এঁরা তা হননি। এখানেই এই খেলোয়াড়েরা আলাদা। তাঁরা শ্রদ্ধা, ভালোবাসা দাবি করছেন।জাতীয় দল থেকে বেশ আগেই সরে গেছেন। এই খেলোয়াড়েরা একসময় বিদায় নেবেন ঘরোয়া ফুটবল থেকেও। সেই দিনটি সম্ভবত আর বেশি দূরে নয়। তখন আরও শূন্যতাই নেমে আসবে ঘরোয়া ফুটবলে!