এখনো ত্রাণ পৌঁছায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবল বর্ষণ ও পাহাড়ধসে বান্দরবানে অনেক প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দুর্গত এলাকায় ত্রাণ-সহায়তা পৌঁছায়নি। প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, আজ শুক্রবার পুরোদমে ত্রাণ-সহায়তা শুরু হতে পারে।তবে, বান্দরবান শহরের আশপাশের ঝুঁকিপূর্ণ জায়গা থেকে যারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিল, তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে।প্রশাসন সূত্র জানায়, শহরের ১৯টি আশ্রয়কেন্দ্রে দুই হাজার ৪৩৮ জন আশ্রয় নেয়। তাদের বেশির ভাগই এসেছে বান্দরবানের ওয়াপদা ব্রিজ, শেরেবাংলা নগর ও আর্মি পাড়া থেকে। গতকাল পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় তাদের বেশির ভাগই নিজ নিজ বাড়িতে ফিরে গেছে।এদিকে জেলা প্রশাসন সূত্র জানায়, পাহাড়ধসে বান্দরবানে মৃতের সংখ্যা ৩৭ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ গতকাল দুপুরে নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধসের ঘটনায় আহত একজন মারা যায়। এ নিয়ে নাইক্ষ্যংছড়িতে নিহতের সংখ্যা দাঁড়াল ১০। এ ছাড়া লামার ফাইতংয়ে ২৪ এবং রূপসীপাড়া ইউনিয়নে তিনজন নিহত হয়। আহত হয় আরও ৪৩৫ জন।বান্দরবান জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘স্থানীয়ভাবে যারা শহরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এসেছিল, তাদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করতে বেগ পেতে হয়নি। প্রশাসনের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতারাও এ ক্ষেত্রে সহযোগিতা করেছেন। তবে লামা ও আলীকদম উপজেলায় বেশি বৃষ্টিপাত হয়েছে। লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও বাসভবনও ডুবে গেছে। সেখানে সহায়তা পৌঁছতে সমস্যা হচ্ছে।লামা উপজেলার ফাইতং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুল আলম বলেন, ‘জেলা প্রশাসন থেকে আমরা এখনো কোনো সহায়তা পাইনি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের স্থানীয়ভাবে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘সাহায্য বলতে যা পেয়েছি, তা হলো বুধবার বিকেলে সেনাবাহিনীর দেওয়া কিছু খিচুড়ি আর পাঁচ বস্তা চাল। শুনেছি, কাল সাংসদ, জেলা প্রশাসক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান দুর্গত এলাকা পরিদর্শনে আসবেন। আশা করছি তখন কিছু সাহায্য পাওয়া যাবে।’নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম সোহেলের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল পর্যন্ত সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে সরকারি ত্রাণ পৌঁছায়নি। তিনি বলেন, ‘আজ (বৃহস্পতিবার) বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকার ইউপি চেয়ারম্যানদের হাতে ত্রাণসামগ্রী বুঝিয়ে দেওয়া হয়েছে। কাল (শুক্রবার) থেকে পুরোদমে ত্রাণ কার্যক্রম শুরু হবে।’স্থানীয় সূত্র জানায়, গতকালও লামার বিভিন্ন এলাকার লোকজন পানিবন্দী ছিল। লামা ও আলীকদমের সঙ্গে সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে। মঙ্গলবার পাহাড়ধসের পর থেকে এ দুই উপজেলায় বিদ্যুৎসংযোগও বন্ধ রয়েছে।বান্দরবানের জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম বলেন, ‘এ পর্যন্ত ক্ষতিগ্রস্তদের জন্য ৪৫ টন চাল ও নগদ ১৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।’ তিনি বলেন, পাহাড়ধসের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়েজ আহম্মদকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।