চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি সিমেন্ট ক্লিংবারবাহী লাইটার জাহাজ ডুবে গেছে। নিখোঁজ রয়েছেন জাহাজের চালক ও একজন নাবিক। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় এম ভি চট্টগ্রাম লাইটারেজ নামে এই জাহাজ ডুবে যায়।ডুবে যাওয়া জাহাজটির মালিক প্রতিষ্ঠান ‘চিটাগাং ট্রেড এজেন্সী’র ব্যবস্থাপক খলিলুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, জাহাজে ১৩ জন নাবিক ছিলেন। এর মধ্যে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। দুজনের খোঁজ পাওয়া যায়নি।চট্টগ্রাম বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল বলেন, বহির্নোঙরে অবস্থানরত এমভি হংকং সান নামের একটি বিদেশি জাহাজ থেকে সিমেন্ট ক্লিংকার-বোঝাই করে লাইটার জাহাজটি কর্ণফুলী নদীর বেসরকারি ঘাটে ফিরছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লাইটার জাহাজটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।এতে বন্দরের মূল চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।ডুবে যাওয়া জাহাজটির স্থানে বয়া দিয়ে চিহ্নিত করার ব্যবস্থা হচ্ছে বলে বন্দরসূত্রে জানা গেছে। এতে ওই স্থান এড়িয়ে অন্যান্য জাহাজ চলাচল করতে পারবে।