এখনো প্রিন্সের অপেক্ষায়
ব্লু গোল্ড ম্যাকাও দম্পতি প্রিন্স ও প্রিন্সেস দুই মালিকের হেফাজতে রয়েছে। তাই আলাদা দিন কাটছে তাদের। মামলার বিবাদী বলছেন, ‘প্রিন্সকে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন মহানগর হাকিম আদালত। কিন্তু পুলিশ এ বিষয়ে উদ্যোগ নিচ্ছে না।’আর মামলার বাদী বলছেন, ‘আদালত এমন কোনো নির্দেশ দেননি। এ জন্য প্রিন্স তাঁর হেফাজতেই রয়েছে।’অপর দিকে কলাবাগান থানার পুলিশের বক্তব্য, ‘গতকাল সোমবার পুলিশের পক্ষ থেকে আদালতের রায়ের ব্যাখ্যা নেওয়া হয়েছে। ওই রায় অনুযায়ী কাল বুধবার পুলিশ আদালতে প্রতিবেদন জমা দেবে। বৃহস্পতিবার দুই পক্ষের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে শুনানি।’মামলার বাদী সিঙ্গাপুর-প্রবাসী মোহাম্মদ ইকরার সেলিম প্রিন্সকে লালন-পালনের দায়িত্ব দেন আবদুল ওয়াদুদের কাছে। বিবাদী আবদুল ওয়াদুদ সিঙ্গাপুর থেকে মেয়ে পাখি প্রিন্সেসকে এনে পুরুষ পাখিটির জোড়া তৈরি করেন। এরপর ওরা ডিম দেয় এবং বাচ্চা ফোটায়। প্রায় তিন বছর পর ইকরার সেলিম পাখিটি ফেরত চাইলে আবদুল ওয়াদুদ তা দিতে অপারগতা প্রকাশ করেন।এরপর ইকরার সেলিম আদালতের আশ্রয় নিলে মহানগর হাকিম পাখিটি তাঁর কাছে ফেরত দেওয়ার নির্দেশ দেন। এরপর আবদুল ওয়াদুদের পক্ষে আইনজীবী নির্বাহী হাকিমের আদালতে বিশেষ আবেদন করেন। আদালত দুই পক্ষকে ১০ জানুয়ারি হাজির হয়ে শুনানিতে অংশ নেওয়ার নির্দেশ দেন। কিন্তু তার আগে পাখিটি কার জিম্মায় থাকবে, তা নিয়ে দুই পক্ষ পরস্পরবিরোধী অবস্থান নেয়।বাদী মোহাম্মদ ইকরার সেলিমের ভাই নাজির আহমেদ বলেন, ‘প্রিন্স তাঁদের বাসায় আসার পর আগের মতো স্বাভাবিক আচরণ করছে। আম্মু, ভাইয়া, আঙ্কেল বলে ডাকছে।’ তিনি আরও বলেন, আদালতের রায়ের অপেক্ষায় আছেন তাঁরা।বিবাদী আবদুল ওয়াদুদ বলেন, ‘আদালতের নির্দেশ থাকলেও পুলিশ পাখিটি ফেরত দেয়নি। পাখির সংসার রক্ষায় তিনি সবার সহযোগিতা চান এবং সর্বাত্মক চেষ্টা করবেন।’এ প্রসঙ্গে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক গতকাল রাতে প্রথম আলোকে বলেন, আদালতের রায়ের ব্যাখ্যা সংগ্রহ করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।গতকাল সোমবার ‘ও পাখি তুই কান্দিস না’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকে বিভিন্ন মহল পাখি দুটি যে মালিকের কাছেই থাক না কেন, ওদের সংসার রক্ষার পক্ষে মত দিয়েছে।