বৈরী আবহাওয়ার মধ্যে মাওয়া-কাওরাকান্দি নৌরুটে ঝুঁকি নিয়ে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হলেও তা আজ রোববার দুপুর পর্যন্ত স্বাভাবিক হয়নি। ফলে উভয় পারে যানজট লেগেই আছে। আর দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। বিআইডব্লি¬উটিসি ও বিআইডব্লিউটিএ সূত্র জানায়, ঝোড়ো হাওয়ায় পদ্মা উত্তাল হয়ে উঠায় গত বৃহস্পতিবার দুপুর থেকে রুটটির ১২টি ফেরির মধ্যে ১১টি ফেরি, ৮৭টি লঞ্চ, চার শতাধিক স্পিডবোট চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। ঢেউয়ের তীব্রতা কিছুটা কমলে শনিবার সকালে থেকে রো রো ফেরিসহ পাঁচ-ছয়টি ফেরি চলাচল করে। এ ছাড়া মাঝনদীতে এখনো প্রচণ্ড ঢেউ থাকায় ফেরিগুলো অন্য সময়ের তুলনায় কম গাড়ি নিয়ে নদী পার হচ্ছে। এতে উভয় ঘাটে যানজট লেগে আছে। আজ রোববার দুপুরে সরেজমিনে কাওরাকান্দি ঘাটে গিয়ে দেখা যায়, পদ্মায় তীব্র ঢেউ থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে লঞ্চ, স্পিডবোট চলাচল করছে। এ ছাড়া ফেরি চলাচল সম্পূর্ণ স্বাভাবিক না হওয়ায় ঘাটে রাতে আসা নৈশকোচগুলো পারের অপেক্ষায় রয়েছে। বরিশাল থেকে আসা একটি প্রাইভেটকারের যাত্রী সোনিয়া ইসলাম বলেন, আবহাওয়া খারাপ দেখে ভোর রাতে বরিশাল থেকে রওনা করেছি। এখনো ফেরিতে উঠতে পারিনি। হাইওয়ে সার্জেন্ট আসাদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে ফেরি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়ায় একটু যানজট সৃষ্টি হয়েছে। তবে যাত্রী ভোগান্তি কমাতে আগে যাত্রীবাহী গাড়িগুলো পার করার ব্যবস্থা করা হচ্ছে। বিআইডব্লি¬উটিসির সহকারী মহাব্যবস্থাপক মো. আশিকুজ্জামান বলেন, ‘দুপুরে আবহাওয়া একটু ভালো হওয়ায় পদ্মায় ঢেউয়ের তীব্রতা কিছুটা কমেছে। তাই আজ থেকে ডাম্প ফেরি (টানা ফেরি) চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এখন থেকে ভোগান্তি কম হবে।’