এখনো বই বিলি করে যাচ্ছেন পলান সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নীরবে কাজ করে যাওয়া পাঁচজন কৃতী মানুষের স্বপ্ন ও সংগ্রাম নিয়ে এই বিশেষ আয়োজনরাজশাহীর বাঘা উপজেলার বাউসা বাজার পার হয়ে দিঘা বাজারের দিকে যেতেই হাতের ডান পাশে নতুন একটি ভবন চোখে পড়বে। সম্প্রতি যাঁরা ওই রাস্তা দিয়ে যাবেন, তাঁরা কেউ ভবনটির দিকে না তাকিয়ে পারবেন না। এটি একটি ‘পাঠাগার’। রাজশাহী জেলা পরিষদ সাত লাখেরও বেশি টাকা খরচ করে এই পাঠাগার নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছে। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হবে। নিভৃত গ্রামের ভেতরে এত বড় পাকা ভবনে এমন পাঠাগার সচরাচর আর চোখে পড়ে না। একজন মানুষ সারা দেশের মানুষের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন এই গ্রামের দিকে। সে জন্য এ গ্রামেই এমন একটি বিরল দৃষ্টান্ত স্থাপনের সুযোগ এসেছে। সারা দেশের এমনকি সারা পৃথিবীতে বসবাসকারী সব বাঙালির কাছে এ মানুষটির নাম একবার উচ্চারণ করাই যথেষ্ট। তিনি হচ্ছেন পলান সরকার। যাঁকে প্রথম আলো বইপ্রেমী বলে খেতাব দিয়েছে।যৌবনে পলান সরকার যাত্রায় অভিনয় করতেন, অন্য অভিনেতাদের বই পড়ে শোনাতেন, পাণ্ডুলিপি লিখে দিতেন, প্রম্পট করতেন। সেই থেকে বই পড়ার একটা নেশা পলান সরকারকে পেয়ে বসে। বর্তমানে ইলেকট্রনিক মিডিয়ার প্রসারের কারণে গ্রামাঞ্চলে যাত্রাপালা অনেকটাই উঠে গেছে। যাত্রা, নাটকের বইও আর তেমন পাওয়া যায় না, কিন্তু পলান সরকারের মনে বইয়ের আসন আরও পাকাপোক্ত হয়ে যায়। এখন বয়স হয়েছে। ছেলেমেয়েরা বড় হয়েছে। সংসারের দায়িত্ব এখন আর তাঁর নেই। এখন শুধুই অবসর। নিজের এই দীর্ঘ অবসরে তিনি বই কেনেন, পড়েন আর অন্যকে বই পড়তে উত্সাহিত করেন। এ কাজ করতে গিয়ে পলান সরকার একটা বিরাট কাজ করে ফেলেছেন। ১৫-২০টি গ্রামে গড়ে তুলেছেন বই পড়ার আন্দোলন।পলান সরকার স্থানীয় বাউসা ইউনিয়নের চৌকিদারি ট্যাক্স আদায় করতেন। এ থেকে যা পান, তা দিয়ে তিনি বই কেনেন। বাঘা উপজেলার আড়ানী বাজারের বইয়ের লাইব্রেরিগুলোও তাঁকে পাইকারি দামে বই দিয়ে থাকে। তিনি শুধু বই বিলিই করেন না, কোনো দাওয়াত খেতে গেলে তিনি বই ছাড়া আর কোনো উপহার দেন না। তাঁর চালকলে হালখাতার সময় যাঁরা বাকি শোধ করেন, তিনি তাঁদের একটি করে বই উপহার দেন। তিনি স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি। ওই বিদ্যালয়ের যখন পরীক্ষার ফল প্রকাশিত হয়, তখন যাদের রোল নম্বর এক থেকে দশের মধ্যে থাকে, তিনি তাদের একটি করে বই উপহার দেন। অন্য ছাত্রছাত্রীদেরও বই দিতেন, তবে পড়ে ফেরত দেওয়ার শর্তে। এভাবেই পলান সরকার বই পড়ার আন্দোলন শুরু করেন। সে আন্দোলন গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়ে। ক্রমেই গ্রামে গ্রামে জনপ্রিয় হয়ে ওঠেন পলান সরকার। আশপাশের ১৫-২০টি গ্রামের প্রায় সব বাড়িতেই তাঁর প্রবেশাধিকার প্রতিষ্ঠিত হয়। সব বাড়িতে জামাই আদর পান তিনি।২০০৭ সালের বইমেলা সামনে রেখে ১৭ ফেব্রুয়ারি পলান সরকারকে নিয়ে প্রথম আলোর ‘ছুটির দিনে’তে প্রচ্ছদ প্রতিবেদন ছাপা হলো ‘বিনি পয়সায় বই বিলাই’। প্রথম আলোর কাছ থেকে সেই ছবিটি নিয়ে গ্রামীণফোন ২৬ মার্চ দেশের বেশ কয়েকটি প্রধান দৈনিকের আধা পৃষ্ঠাজুড়ে একটি বিজ্ঞাপন প্রকাশ করে এবং টেলিভিশন পলান সরকারকে নিয়ে একটি বিজ্ঞাপন প্রচার করতে থাকে। এরপর থেকে পলান সরকারকে নিয়ে মিডিয়ায় ঝড় ওঠে। ২০০৭ সালের ১৯ মে রাজশাহীর বাঘায় এক সংবর্ধনায় প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, ‘প্রকৃত মানুষ গড়ার জন্য আমাদের ঘরে ঘরে পলান সরকারের মতো বইয়ের আলো জ্বালতে হবে।’বিশেষ অতিথি সেলিনা হোসেন বলেন, ‘আমাদের উচিত, পলান সরকারের মতো বাড়িতে বাড়িতে পাঠশালা গড়ে তোলা।’পলান সরকারকে নিয়ে শিমুল সরকারের রচনা ও পরিচালিত নাটক সায়াহ্নে সূর্যোদয় চ্যানেল আই প্রচার করে।এ বছর পলান সরকারের বয়স হয়েছে ৮৯ বছর। কয়েক দিন আগে বাউসা গ্রামে গিয়ে দেখা যায়, একইভাবে ব্যাগে বই নিয়ে পলান সরকার বের হয়েছেন বাউসা পূর্বপাড়ায় বিলি করার জন্য। উদ্বোধনের অপেক্ষায় রয়েছে তাঁর পাঠাগার। ৪০ বাই ২৫ বর্গফুট আয়তনের দুই কক্ষবিশিষ্ট পাঠাগারের একটি পলান সরকারের বসার জন্য। এটা অফিস হিসেবে ব্যবহার করা হবে। পড়ার ঘরে রয়েছে আট ফুটের একটি টিনের র্যাক, তিনটি আলমারি ও ১০টি চেয়ার। জানতে চাই, আপনার বই পড়ার আন্দোলন এখন এই পাঠাগারে সীমাবদ্ধ থাকবে কি না। পলান সরকার খুব গুছিয়ে কথা বলতে পারেন। কথা বলে মানুষকে হাসাতে পারেন, কাঁদাতেও পারেন। বললেন, ‘আমি হাঁটতে হাঁটতে এ সমাজটাকে বদলানোর আন্দোলনে নেমেছি। যত দিন আমি হাঁটতে পারি, তত দিন আমার আন্দোলন চলবেই। আমি হাঁটতে হাঁটতে মানুষের বাড়িতে বই পৌঁছে দেবই।’ যাঁরা পাঠাগারে আসবেন, তাঁরা ইচ্ছামতো বই পড়বেন। তিনি বলেন, ‘আমার বয়স হয়েছে। জানি না, আর কত দিন হাঁটতে পারব। যেদিন আমার পথচলা থেমে যাবে, সেদিন এই পাঠাগার আমার পক্ষে আন্দোলন করে যাবে।’