এখনো বন্দী হচ্ছে গাছের গোড়া
নগরের ফুটপাতের যেসব গাছের গোড়া সিমেন্ট দিয়ে বাঁধানো হয়েছে তা ভেঙে ফেলার আদেশ দিয়ে আঞ্চলিক অফিসগুলোতে চিঠি পাঠায় ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। ডিসিসির কিছু কিছু অঞ্চল এরই মধ্যে কিছু কাজ করেছে। কিন্তু কিছু অঞ্চলে আবার দেখা যাচ্ছে তার উল্টোটা। ঢাকার বিভিন্ন এলাকার রাস্তা ঘুরে দেখা গেছে, গাছের গোড়ার সিমেন্ট সরিয়ে ফেলার আদেশ থাকলেও পাকা করে সিমেন্টে বাঁধাই করা হচ্ছে গাছের গোড়া। যেমন মোহাম্মদপুরের কাজী নজরুল ইসলাম রোড, ধানমন্ডির ২৭ নম্বর রাস্তা, গুলশানের এফ হোল্ডিংয়ের ১২৬ নম্বর রাস্তাসহ আরও কিছু এলাকায় দেখা গেছে এমন দৃশ্য। ফুটপাত বানানোর সময় গাছের গোড়া ফাঁকা রাখার পরিবর্তে তারা নতুন করে সিমেন্ট দিয়ে বাঁধাই করে দিচ্ছে গাছের গোড়া। মোহাম্মদপুরের কাজী নজরুল ইসলাম রোডে রাস্তার ফুটপাতের কার্পেটিংয়ের কাজ চলছিল। দিনমজুরেরা রাস্তার ফুটপাতে ইট বিছিয়ে যাচ্ছিল। আর রাস্তার সঙ্গে গাছের গোড়াগুলো সিমেন্ট দিয়ে বাঁধাই করে দেওয়া হচ্ছিল। সেখানে দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, ‘ক্লিন অ্যান্ড সাসটেইন এনভায়রনমেন্ট’ (সিএসই) প্রকল্পের আওতায় ডিসিসির তত্ত্বাবধানে এই কাজ চলছে। আদেশ থাকা সত্ত্বেও গাছের গোড়া সিমেন্ট দিয়ে বাঁধাই করা হচ্ছে। এ ব্যাপারে সিএসই প্রকল্প পরিচালক ডিসিসির উপসহকারী প্রকৌশলী মো. শিহাব উল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘লেবারদের ভুলে এটা হয়েছে। আমরা খেয়াল রাখব যেন এমনটা আর না হয়।’গুলশানের ১২৬ নম্বর সড়কের ১২ নম্বর বাড়ির সামনে সারি সারি গাছের গোড়ায় সিমেন্ট দিয়ে সদ্য পাকা করা হয়েছে। এ বিষয়ে ডিসিসির (উত্তর) অঞ্চল-৩-এর নির্বাহী প্রকৌশলী আসাদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি এগুলোকে আগে করা বলে দাবি করেন। অন্যান্য মহল্লার মতো খুব শিগগিরই এই গাছগুলোর গোড়ার সিমেন্ট সরানোর কাজ শুরু করবেন বলে তিনি জানান।