এখনো বাগমারার ২০ হাজার নলকূপ অকেজো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভরা বর্ষা মৌসুমেও রাজশাহীর বাগমারার নলকূপ দিয়ে পানি উঠছে না। পানির স্তর অস্বাভাবিক হারে নেমে যাওয়ায় নলকূপগুলো পানি উত্তোলনের ক্ষমতা হারিয়ে ফেলেছে। এ মৌসুমেও ২০ হাজার নলকূপ অকেজো অবস্থায় রয়েছে। পানি পানে লোকজনকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, বাগমারায় দুই হাজার ৭৩১টি হ্যান্ডপাম্প রয়েছে। এর মধ্যে ৫২টি হ্যান্ডপাম্প দীর্ঘদিন ধরে অকেজো। এ ছাড়া ব্যক্তিমালিকানাধীন আরও ২৫ হাজার হ্যান্ডপাম্প রয়েছে। এ ছাড়া দুই হাজার ২২৭টি তারাপাম্প, ১০৮টি রিংওয়েল রয়েছে। এসবের ওপর নির্ভর করতে হয় পানীয় জলের জন্য। লোকজন এসব থেকে পানি সংগ্রহ করে পান করে থাকে। গত খরা মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে মার্চ মাস থেকে উপজেলার হ্যান্ডপাম্পগুলো পানি উত্তোলনের ক্ষমতা হারিয়ে ফেলে। ফলে অকেজো হয়ে পড়ে হ্যান্ডপাম্পগুলো। এর পর থেকে লোকজন গভীর নলকূপ ও ডিপ সিলিন্ডার থেকে পানি সংগ্রহ করে পান করে আসছে। এদিকে বর্ষা মৌসুম শেষের দিকে এলেও অকেজো হওয়া হ্যান্ডপাম্পগুলোর বেশির ভাগ এখনো চালু হয়নি।খোঁজ নিয়ে জানা গেছে, বর্ষা মৌসুম শুরুর পর উপজেলার হামিরকুৎসা, গোয়ালকান্দি ও ঝিকড়া এলাকাসহ আশপাশের নিচু এলাকার অকেজো হওয়া পাঁচ হাজার নলকূপ চালু হলেও অবশিষ্ট ২০ হাজার নলকূপ দিয়ে এখনো পানি উঠছে না। নলকূপগুলো অকেজো অবস্থায় পড়ে রয়েছে বর্ষা মৌসুমেও। উপজেলার নরদাশ গোবিন্দপাড়া, শুভডাঙ্গা, গণিপুর, বাসুপাড়া, দ্বীপপুর, বড়বিহানালী ইউনিয়ন এলাকার হ্যান্ডপাম্প শুষ্ক মৌসুম থেকেই অকেজো অবস্থায় রয়েছে। সরেজমিনে এসব এলাকায় অকেজো পাম্প দেখা যায়। এসব এলাকার লোকজনকে নির্ভর করতে হচ্ছে তারাপাম্প, রিংওয়েল ও ডিপ সিলিন্ডারের ওপর। তার পরও সচল তারাপাম্প ও রিংওয়েলের চাহিদা অনুযায়ী সংখ্যা কম। লোকজন নিরুপায় হয়ে নিকটবর্তী সচল তারাপাম্প, ডিপ সিলিন্ডার থেকে পানি পান করছে। উপজেলা জনস্বাস্থ্য দপ্তরের উপসহকারী প্রকৌশলী আবদুস সাত্তার জানান, পানির স্তর এখনো ৩৫ থেকে ৪০ ফুট নিচে রয়েছে। ভারী বর্ষণ না হওয়ায় এবং বর্ষা মৌসুমেও ধানখেতে পানি সেচের জন্য গভীর নলকূপ চালু থাকায় হ্যান্ডপাম্পগুলো দিয়ে পানি উঠছে না। তিনি জানান, ১৫ থেকে ১৬ ফুট নিচ পর্যন্ত স্তর থাকলে হ্যান্ডপাম্পগুলো সচল থাকা সম্ভব। তার পরও পানি ওঠাতে কিছুটা সমস্যা হতে পারে। পানির স্তর এই মৌসুমে সাত থেকে আট ফুট নিচে থাকা স্বাভাবিক। এ পর্যন্ত থাকলে হ্যান্ডপাম্পগুলো সচল থাকবে বলে তিনি জানান। গোবিন্দপাড়া ইউপির চেয়ারম্যান বিজন কুমার সরকার জানান, তাঁর এলাকার হ্যান্ডপাম্পগুলো এখনো অকেজো রয়েছে। বর্ষা মৌসুমেও খাওয়ার পানির জন্য লোকজনকে কষ্ট করতে হচ্ছে। গণিপুর ইউপির চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, তাঁর এলাকার বেশির ভাগ নলকূপ দিয়ে এখনো পানি উঠছে না। বাগমারা থানা মোড়ের দোকানদার জয়নাল আবেদিন জানান, তাঁর নলকূপ দিয়ে এখনো পানি ওঠেনি। নিরুপায় হয়ে তিনি নিকটবর্তী তারাপাম্প থেকে পানি সংগ্রহ করছেন। রমজান মাসে কষ্ট আরও বেড়েছে বলে জানিয়েছেন তিনি। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বাগমারা জোন সূত্রে জানা গেছে, এই বর্ষা মৌসুমেও তাদের ১৪২টি ও ব্যক্তিমালিকানাধীন আরও ১৫২টি গভীর নলকূপ চালু রয়েছে ধানখেতে পানি সেচের জন্য। এসব গভীর নলকূপ চালু থাকায় হ্যান্ডপাম্প দিয়ে পানি উঠছে না বলে জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশলী। তাঁর মতে, তারাপাম্পের সংখ্যা বাড়ালে লোকজনের পানীয় জলের কষ্ট কিছুটা লাঘব হবে। রাজশাহী আবহাওয়া অধিদপ্তরের মেকানিক্যাল সহকারী আশরাফুল ইসলাম বলেন, এ বছর বৃষ্টিপাতের পরিমাণ কম। গত জুন মাসে সর্বোচ্চ ৬১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তার পর থেকে ভারী বর্ষণ হয়নি। গত জুলাই মাসে সর্বোচ্চ ৩২ মিলিমিটার, আগস্টের ১৩ তারিখেও সর্বোচ্চ ৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সর্বশেষ ১৬ আগস্ট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ১২ মিলিমিটার।