এখনো বুক কাঁপে উপকূলবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কয়রা উপজেলাকে একটি যুদ্ধবিধ্বস্ত জনপদ বললে ভুল হবে না। মহারাজপুর ইউনিয়ন দিয়ে কয়রায় ঢুকতেই চোখে পড়বে মৃত গাছের সারি। কয়রা সদর হয়ে পাবনার দিকে যেতে দেখা যাবে ফেটে চৌচির অনাবাদি ফসলের মাঠ। আর বিধ্বস্ত ঘর-বাড়ি ও বিদ্যালয় ভবন দুই বছর ধরে একই রকম আছে। ২০০৯ সালের ২৫ মে এই উপজেলায় আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। পার্শ্ববর্তী কপোতাক্ষ থেকে আসা জলোচ্ছ্বাস ভাসিয়ে নেয় উপকূল রক্ষার বেড়িবাঁধ।আইলা আঘাত হানার দুই বছর হলো। এখনো কয়রার দক্ষিণ বেতকাশি এলাকায় বেড়িবাঁধ মেরামত শেষ হয়নি। মানুষের হাতে কাজ নেই। খাওয়ার পানির তীব্র সংকট। স্থায়ী পুনর্বাসন পুরোদমে শুরুই হয়নি। ক্ষতিগ্রস্ত অন্য এলাকা খুলনার দাকোপ আর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার অবস্থা প্রায় একই রকম।দাকোপ উপজেলার মধ্যেই দুই ধরনের চিত্র। একদিকে পানির অভাবে ফেটে চৌচির হওয়া ফসলের মাঠ, অন্যদিকে অথৈ জলের সঙ্গে মানুষের যুদ্ধ। পূর্ব সুতারখালি, নলিয়ান বনফাঁড়ি ও কামারখোলার বেশ কিছু অংশে বেড়িবাঁধ টপকে প্রায়ই জোয়ারের পানি ঢুকে পড়ছে। ভাটার টানে তা বেরিয়ে গেলেও রেখে যাচ্ছে লবণপানির ক্ষত।তবে বেড়িবাঁধ মেরামত হওয়ার পর বেশির ভাগ এলাকায় জোয়ারের পানি প্রবেশ বন্ধ হয়েছে। প্রায় দুই বছর ধরে জোয়ারের সঙ্গে আসা লবণপানির কারণে বেশির ভাগ মাটিতে লবণের স্তর পড়ে গেছে। নলিয়ান গ্রামে গেলে চোখে পড়ে ফেটে চৌচির ফসলি জমি। আলগা হওয়া মাটির বাঁধন জোড়া কবে লাগবে—সেই আশায় বসে আছেন কৃষক। মাটিতে লবণের স্তর পড়ায় এ বছর বোরোর আবাদ করা যায়নি। আসছে আমনেও চাষ হবে না বলে মনে করছেন স্থানীয় লোকজন। আসছে বর্ষায় এই লবণ কাটবে এই আশার পাশাপাশি নলিয়ানের মনোজ মণ্ডলের শঙ্কা, ‘আবার বেশি বর্ষা হলি ঘরবাড়ি ডুইবে যাবি। সেই ভয়ও করে।’পূর্ব সুতারখালি গ্রামে গিয়ে দেখা গেল, চারদিকে নদী ও খালবেষ্টিত ওই এলাকায় খাওয়ার পানির জন্য মানুষের হাহাকার। ২০টি খাল ও ছয়টি নদীবেষ্টিত এই এলাকার মানুষকে নৌকায় করে খাল পেরিয়ে দুরদুরান্ত থেকে খাওয়ার পানি আনতে হয়।মেরামত হয়েছে এমন বেড়িবাঁধগুলোর অবস্থাও খুব একটা ভালো নয়। চিংড়িচাষিদের উৎপাতে বাঁধের বুক ঝাঁঝরা হয়ে গেছে। আসছে বর্ষায় কখন আবার ভাঙে, সেই ভয়ে বুক কাঁপে উপকূলবাসীর। ২০ বছর আগে মেয়াদোত্তীর্ণ হওয়া এবং আইলার আঘাতে ক্ষতবিক্ষত বেড়িবাঁধ তাদের লবণপানির জোয়ার থেকে রক্ষা করতে পারছে না।খুলনার জেলা প্রশাসক জমসের আহমেদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, দক্ষিণ বেতকাশি ছাড়া বেশির ভাগ এলাকায় বেড়িবাঁধ মেরামত হয়ে গেছে। বাকি কাজ চলতি মাসের মধ্যে শেষ হবে। এলাকায় কাজ না থাকার কথা স্বীকার করে তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টির জন্য এনজিওগুলোকে উদ্বুদ্ধ করা হচ্ছে।বারে বারে নিঃস্ব হতে হয়: সরেজমিন কয়রা, দাকোপ ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ঘুরে দেখা গেছে, সদ্য মেরামত হওয়া বেড়িবাঁধগুলোতে আবার ভাঙন ধরেছে। নতুন মেরামত হওয়া ও অক্ষত বেড়িবাঁধগুলোর পাশে আবারও চিংড়িঘের চালু হয়েছে। চিংড়িচাষিরা বেড়িবাঁধ ফুটো করে ও কেটে ঘেরে পানি তুলছে। অনেক স্থানে বাঁধ কেটে বসানো হয়েছে অবৈধ স্লুইসগেট। কয়রার পদ্মপুকুর, উত্তর ও দক্ষিণ বেতকাশি, মহারাজপুর ইউনিয়ন; সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা, খলসেবুনিয়া ও জালিয়াখালি ইউনিয়নের বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা গেছে।গ্রামবাসী জানায়, মেরামত হয়েছে দেখে বেড়িবাঁধগুলোর পেছনের গ্রামগুলোতে অনেকে ফিরে এসেছিল। ধার-দেনা করে ঘর বানিয়েছিল। সর্বনাশা বাঁধের ভাঙন তাদের আবারও নিঃস্ব করে ছেড়েছে। দুর্বল মেরামতের কারণে একই এলাকায় দুই থেকে তিনবার বেড়িবাঁধ ভাঙার ঘটনা ঘটেছে। ফলে বেশির ভাগ বেড়িবাঁধ মেরামত হয়েছে শুনেও গ্রামবাসী ভিটায় ফিরতে ভয় পাচ্ছে। কয়রার মহারাজপুর ইউনিয়নের আবু বকর মিস্ত্রির বাড়িতে গিয়ে দেখা গেল, চারদিকে খুঁটি আর গোলপাতা দিয়ে একটি ছাউনি তৈরি করে ভিটায় বসবাস করছেন তিনি। ‘গত ডিসেম্বরে ১০ হাজার টাকা ধার কইরে ঘর বানালিও বেড়ি ভাইঙ্গে তা তলাই গেছে। তাই এহন ছাপরা তুলি থাইকতেছি।’ এ মন্তব্য করে বকর মিস্ত্রি বলেন, ‘এলাকার অনেকেই বাড়িঘর ছাইড়ে চইলে গেছে। আমরা এখনো বাপ-দাদার ভিটে আঁকড়ে ধইরে টিইকে আছি। কিন্তু কাজ না পাইলে কী কইরে এলাকায় থাকব।’ এই প্রশ্ন তুলে আকাশের দিকে তাকিয়ে থাকেন তিনি।৫৪ হাজার মানুষ ভিটাছাড়া: গত মার্চে ১০টি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা আইলায় ক্ষতিগ্রস্ত মানুষের কী ধরনের সহায়তা দরকার তার ওপর একটি সমীক্ষা চালায়। এতে দেখা যায়, এখনো ১০ হাজার ৯০৬টি পরিবারের ৫৪ হাজার ৫৩০ জন বেড়িবাঁধের ওপরে ও বাইরে বসবাস করছে। বাস্তুভিটা ছাড়া এই মানুষগুলো আসন্ন বর্ষায় বড় ধরনের বিপদের মুখে পড়বে বলে তাদের আশঙ্কা।ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ার, সেভ দ্য চিলড্রেন, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, অক্সফাম (জিবি), অ্যাকশন এইডসহ ১০টি সংস্থার যৌথ সমীক্ষায় দেখা যায়, আইলা এলাকায় ৪২ হাজার ২৫০ পরিবারের কাজের কোনো ব্যবস্থা হয়নি। সরকারি-বেসরকারি সংস্থার সহায়তায় খাদ্য সহায়তায় তারা টিকে আছে। ৩১ হাজার ৪৪৪ পরিবারের তিন বেলা খাবার জোটে না। যা খাবার তারা পাচ্ছে, তার মানও অনেক কমেছে। স্থানীয় মানুষের অভিযোগ, বেড়িবাঁধ মেরামতে বিলম্বের কারণে আইলা এলাকায় দুর্দশার মাত্রা দিন দিন বাড়ছে। সরকারের খাদ্য ও পুনর্বাসন কার্যক্রম দেরিতে শুরু হয়েছে। উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর কাছ থেকে পর্যাপ্ত সহায়তাও পাওয়া যায়নি, যা পাওয়া গেছে, তার বাস্তবায়ন নিয়েও রয়েছে নানা অভিযোগ।নানা রঙের ঘর: সাতক্ষীরার শ্যামনগর, খুলনার কয়রা, দাকোপ এবং বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে রাস্তার দুই পাশে বিভিন্ন রঙের ঘর। স্থানীয় লোকজন জানান, বেশ কিছু এনজিও এই ঘরগুলো নির্মাণ করেছে। প্রত্যন্ত এলাকায় ঘর বানানোর পরিমাণ খুবই কম। দাতাদের দৃষ্টি আকর্ষণের জন্য একেক এনজিও বিভিন্ন রঙের ঘর নির্মাণ করেছে।স্থানীয় উন্নয়ন সংস্থাগুলোর সূত্রে জানা গেছে, আইলায় ক্ষতিগ্রস্ত ৪২ হাজার ২৫০টি ঘরের মধ্যে এনজিওগুলোর সহায়তায় এবং নিজ উদ্যোগে ১৮ হাজার ৪২১টি ঘর মেরামত করা হয়েছে। ২৩ হাজার ৮২৯ পরিবার অস্থায়ী ঘরে বসবাস করছে। চার হাজার ৭০০ পরিবারের কোনো ঘরই নেই।সরকারের পক্ষ থেকে ৪৭ হাজার ৮০০ পরিবারের প্রত্যেককে ২০ হাজার করে টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওই টাকার মধ্যে কয়রা ও দাকোপের ৩৮ হাজার পরিবারের বেশির ভাগকে ১২ হাজার টাকা করে দেওয়া হয়েছে। বাকি টাকা গৃহনির্মাণসামগ্রী কেনার রসিদ দেখানোর পর দেওয়া হবে বলে জানানো হয়েছে। ফলে ব্যাংকগুলোতে রসিদ তৈরি করা নিয়ে একটি দালালচক্র ক্ষতিগ্রস্তদের কাছ থেকে এক থেকে দুই হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানান কয়রা উপজেলার উত্তর বেতকাশির জহুরুল শিকদার। গৃহনির্মাণের অর্থ বরাদ্দ পাওয়াদের তালিকা তৈরির ক্ষেত্রে দুর্নীতি-অনিয়মের অভিযোগ তুলে সাতক্ষীরার শ্যামনগরের জাতীয় পার্টির সাংসদ গোলাম রেজা হাইকোর্টে রিট করায় অর্থ বরাদ্দ বন্ধ ছিল। গত ডিসেম্বরে রিট খারিজ হয়ে গেলে চলতি মাস থেকে অর্থ বণ্টন শুরু হয়।