এখনো ভয় কাটেনি জজ মিয়ার
‘আঁর নিরপরাধ হোলারে লই সিআইডি কত নাটক হাজাইছে। মিথ্যা মামলায় আটকাই চার-চারটি বছর জেল খাডাইছে। দেশ-দশের কাছে আমারে সন্ত্রাসীর মা বানাইছে। শেষে সব নাটন মিথ্যা প্রমাণ অইছে। আমার হোলা নিদ্দুষী প্রমাণ অইছে। কিন্তু ছেলের অনুপস্থিতিতে স্বামীর ভিটেমাটি সব হারাই অন আঁই নিঃস্ব, হতের ভিখারি। একমাত্র মাইয়্যাগারে টেয়ার অভাবে হড়াইতাম হারি ন। অন কেন্নে বিয়া দিমু হেই চিন্তায় রাইতে ঘুম আইয়ে না।’কথাগুলো বলছিলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার বীরকোট গ্রামের সেই আলোচিত জজ মিয়ার মা জোবেদা খাতুন (৫৬)। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনার প্রায় ১০ মাসের মাথায় জজ মিয়াকে ওই ঘটনায় জড়িত বলে আবিষ্কার করেছিল মামলার তদন্তকারী সংস্থা সিআইডি।ভয়াবহ সেই গ্রেনেড হামলার ষষ্ঠ বর্ষপূর্তির প্রাক্কালে গত বুধবার রাতে ঢাকার গাজীপুরে অবস্থানকারী জজ মিয়ার মা জোবেদা খাতুন প্রথম আলোর সঙ্গে আলাপকালে জানান, ছেলেকে সিআইডি ধরে নিয়ে যাওয়ার পর তাঁদের সংসারে অন্ধকার নেমে আসে। সমাজের সবার কাছে তিনি হয়ে যান কুখ্যাত সন্ত্রাসীর মা। তুচ্ছতাচ্ছিল্য, নানা টিপ্পনী শুনতে হয়েছে পাড়া-প্রতিবেশীদের।কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলেন জোবেদা খাতুন। নিজেকে সামলে নিয়ে তিনি আরও জানান, বহু দিন না খেয়ে, চাউলের খুদ রান্না করে খেয়েছেন তার কোনো হিসাব নেই। টাকার অভাবে একমাত্র মেয়ে খোরশেদার পড়ালেখা বন্ধ হয়ে যায়। অনাহারে থাকতে না পেরে ছোট দুই ছেলে মোহাম্মদ বাবু ও সাইফুল ইসলাম ঢাকায় গিয়ে থাকা-খাওয়ার বিনিময়ে কারখানায় কাজ নেয়। ছেলের বিরুদ্ধে মিথ্যা অপবাদের কারণে তাঁদের মা-মেয়ের খবর নিতে এগিয়ে আসেনি প্রতিবেশীরাও। তাই বাধ্য হয়ে স্বামীর রেখে যাওয়া শেষ সম্বলটুকু নামমাত্র মূল্যে বিক্রি করে ঢাকার গাজীপুরের এক বস্তিতে আশ্রয় নেন।জজ মিয়া বলেন, ‘আমি প্রথম থেকেই মাকে বলেছি, আমি নির্দোষ। তখন সিআইডির ক্রসফায়ারের হুমকির কারণে মুখ খুলতে পারিনি। সিআইডি আমার মা-বোনকে টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখতে চেয়েছিল, কিন্তু পারেনি। আমি পৈতৃক ভিটেমাটি সবকিছু হারিয়েছি। কারাগার থেকে মুক্তি পেয়েও এখন থাকার জায়গা নেই। ঢাকার বস্তিই এখন আমার ঠিকানা।’জজ মিয়া আরও বলেন, ‘নির্দোষ প্রমাণিত হয়েছি। মামলা থেকে অব্যাহতি পেয়েছি। তবু এখনো ভয় হয়। কারণ, আমাকে নিয়ে যারা নাটক সাজিয়েছে, তারা সবাই এখনো ধরাছোঁয়ার বাইরে। তাদের শাস্তি না হলে ভবিষ্যতে এ রকম আরও নাটক সাজানোর সুযোগ পাবে।’