এখনো মনের মানুষ খুঁজছেন ডিক্যাপ্রিও!
ভিক্টোরিয়াস সিক্রেট মডেল ইরিন হিদারটনের সঙ্গে চুটিয়ে অভিসার চালাচ্ছেন ‘টাইটানিক’ তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। অথচ এখনো নাকি সত্যিকারের মনের মানুষের খোঁজ পাননি তিনি। সম্প্রতি এমন স্বীকারোক্তিই দিয়েছেন ৩৭ বছর বয়সী এই হলিউডের অভিনেতা। মার্কিন অভিনেত্রী ব্লেক লাইভলি, মডেল বার রাফায়েল ও গিজেল বান্ডচেনের সঙ্গে চুটিয়ে প্রেম করার পর ইদানীং আরেক মডেল ইরিনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ডিক্যাপ্রিও। কিন্তু তাঁর মতে, এখনো এমন কাউকে তিনি খুঁজে পাননি, যাঁর সঙ্গে থিতু হওয়া যায়! এ প্রসঙ্গে ডিক্যাপ্রিও জানিয়েছেন, ‘আমার জীবনে প্রথম প্রেমিকা যে কে তা আমি মনেই করতে পারি না। জীবনে যদি সত্যিকারের প্রেম আসত তাহলে তো আর আমাকে এখন ব্যাচেলর অবস্থায় কেউ দেখতেন না। এত দিনে ঠিকই বিয়ে করে থিতু হয়ে যেতাম।’ এক খবরে জানিয়েছে কন্ট্যাক্ট মিউজিক।জীবনসঙ্গী হিসেবে কেমন মেয়ে পছন্দ, এমন এক প্রশ্নের জবাবে ডিক্যাপ্রিও বলেছেন, ‘ভনিতা করেন, এমন মেয়ে আমি একদমই সহ্য করতে পারি না। অনুদার, নিষ্ঠুর এবং সুযোগসন্ধানী মেয়েদেরকেও আমার কাছে ঘেঁষার সুযোগ দিই না। বেশির ভাগ পুরুষের মতো সত্ ও অকৃত্রিম আচরণের মেয়েই আমাকে বেশি টানে। সর্বোপরি একজন ভালো মনের মানুষকেই জীবনসঙ্গী করতে চাই আমি।’