এখনো মামলা নেয়নি সাভার থানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ আমিনবাজারের বরদেশী ও বেগুনবাড়ি গ্রামের পাঁচ যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশ গতকাল মঙ্গলবারও মামলা নেয়নি। ঘটনাস্থল নিয়ে বিতর্ক সৃষ্টি করে সাভার থানা মামলা নিতে অপারগতা জানিয়েছে। তবে দারুস সালাম থানায় নিখোঁজ যুবকদের স্বজনদের পক্ষ থেকে গতকাল আরেকটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সাভার থানা বলছে, ওই পাঁচ যুবক দারুস সালাম থানা এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। তাই সাভার থানায় মামলা বা জিডি করার সুযোগ নেই। আর দারুস সালাম থানা বলছে, কোনো ঘটনা না ঘটায় মামলা নেওয়া হয়নি। তবে জিডি করার ক্ষেত্রে কোনো আপত্তি নেই। নিখোঁজ যুবকদের বিষয়ে সাভার ও দারুস সালাম থানা এবং র‌্যাব কোনো তথ্য দিতে না পারলেও পরিবারের লোকজনের সন্দেহ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনই তাঁদের তুলে নিয়ে গেছে। পরিবারের লোকজন জানান, ৫ থেকে ২৩ অক্টোবরের মধ্যে বরদেশী গ্রামের আবদুস ছাত্তার, সাইফুল ইসলাম, সেলিম, মনির হোসেন ও পাশের বেগুনবাড়ি গ্রামের সাইফুল ইসলাম (২৬) নিখোঁজ হন। এরপর ছাত্তারের পরিবারের পক্ষ থেকে ১১ অক্টোবর দারুস সালাম থানায় জিডি করা হয়। অন্যান্য পরিবারের পক্ষ থেকে সাভার থানায় একাধিকবার অভিযোগ দেওয়া হলেও পুলিশ তা গ্রহণ করেনি। এদিকে আমিনবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম সরদার বলেন, ঘটনাস্থল দারুস সালাম থানা এলাকা হওয়ায় সাভার থানায় মামলা বা জিডি করা হয়নি। তবে দারুস সালাম থানায় করা দুটি জিডির সূত্র ধরে তাঁরা খোঁজখবর নিচ্ছেন। ঘটনাস্থল দারুস সালাম থানা এলাকায়, এটা আপনি কী করে নিশ্চিত হলেন? এ প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব দেননি। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নিখোঁজ যুবকদের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। লোকজন ডায়েরি করছেন। খোঁজ নিয়ে দেখা হবে।’ জিডিতে নিখোঁজ হওয়ার কথা উল্লেখ করা হলেও মামলা না নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, মামলা নিতে হলে ঘটনা থাকতে হবে। কারা নিয়ে গেছে, তাদের বিষয়ে নিশ্চিত তথ্য থাকতে হবে। এ রকম তথ্য না থাকায় মামলা নেওয়া হয়নি।