এখনো যন্ত্রণায় কাতরাচ্ছেন রোজিনা
‘হাতে খুব ব্যথা। সহ্য করতে পারতাছি না।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৬ নম্বর ওয়ার্ডের ২১ নম্বর বেডে এভাবেই চিৎকার করছিলেন রোজিনা বেগম।গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের পর ভবনটির তৃতীয় তলায় আটকে পড়েন ২৫ বছরের রোজিনা। ২৬ এপ্রিল রোজিনাকে উদ্ধার করা হয়। বের হওয়ার জন্য নিজের বাঁ হাত কেটেছিলেন তিনি। সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে অস্ত্রোপচার করে তাঁর পুরো হাত কেটে ফেলা হয়। এরপরই রোজিনাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। রোজিনার বাঁ কানের পর্দা ফেটে গেছে। তিনি কানেও শুনতে পাচ্ছেন না। উদ্ধার হওয়ার পর থেকে হাসপাতালে এভাবেই কাতরাচ্ছেন রোজিনা।রোজিনার স্বামী সাইদুর রহমান জানান, কিছু খেলেই রোজিনা বমি করে ফেলেন। ব্যথা হলে তাঁকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়। রোজিনার হাতে আরেকবার অস্ত্রোপচার করা হবে জানিয়ে সাইদুর বলেন, ‘প্রথমদিকে চিকিৎসকেরা গুরুত্ব দিয়ে দেখভাল করতেন। এখন সময়মতো নার্সদেরও পাওয়া যায় না। সকালে হাতের ড্রেসিং করানোর কথা। কিন্তু দায়িত্বরত নার্সদের খুঁজে পাওয়া যাচ্ছে না।’ তিনি আরও জানান, সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান পরিদর্শনে এলে সবারই দেখা মেলে। তিনি চলে গেলে ওয়ার্ডের দায়িত্বরত কেউই থাকেন না।ব্যথায় ছটফট করতে করতেও হারিয়ে যাওয়া বোন মর্জিনাকেই খুঁজছিলেন রোজিনা। কাতরকণ্ঠে তিনি বলেন, ‘ভাই, আমার লগে নিউ ওয়েব বটম লিমিটেডে অপারেটরের কাম করত মর্জিনা। পাঁচ হাজার টাকা বেতন পাইত। কিন্তু ওরে পাইতাছি না। মর্জিনারে একটু খুইজ্যা দিবেন?’ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোজিনার শয্যার উল্টো দিকে ১৩ নম্বর বেডে নিথর শুয়ে আছেন আরেক রোজিনা। তাঁর পুরো নাম রোজিনা আক্তার। রানা প্লাজার ছয় তলার ইথার টেক্সে পিলার চাপা পড়ে কোমর ভেঙে যায় তাঁর। উদ্ধার করা হলেও দুটি কিডনিই কাজ করছে না রোজিনার। তাঁর স্বামী সাজু তালুকদার জানান, এ পর্যন্ত ছয়বার ডায়ালাইসিস করানো হয়েছে রোজিনার। তবে সুস্থ হলেও বাকিটা জীবন হুইল চেয়ারেই কাটাতে হবে তাঁকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘ভালোভাবেই তাঁদের চিকিৎসা চলছে। ক্ষত সেরে ওঠার পর বোঝা যাবে কোন কোন রোগীর অস্ত্রোপচার করানো প্রয়োজন। পুরো বিষয়টি সময়সাপেক্ষ ব্যাপার।’ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশ মুখে আছে বাংলাদেশ তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সেবা ও তথ্যকেন্দ্র। আজ সকালে বিজিএমইএর সেবাকেন্দ্রটি তদারকের দায়িত্বে ছিলেন শাহাদত হোসেন। তিনি পোস্তগোলায় বিজিএমইএর স্বাস্থ্যকেন্দ্রের স্টোরকিপার পদে কর্মরত। শাহাদতের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা মেডিকেলে এখন রানা প্লাজা ধসের ঘটনায় আহত ২৫ জন চিকিৎসা নিচ্ছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এর আগে ১২ জন শ্রমিককে উন্নত চিকিত্সার জন্য অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়। তবে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন এই ২৫ জনের কারও অবস্থার অবনতি হলে বিজিএমইএ তাত্ক্ষণিক কী ব্যবস্থা নেবে, জানতে চাইলে কোনো উত্তর দিতে পারেননি শাহাদত করিম।