এখনো লাশের জন্য অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজা ধসে নিহত ব্যক্তির সংখ্যা গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় ৯৯১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ভবনটির ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ৯৭৯টি লাশ। বাকি ১২ জন জীবিত উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।ভবনধসে নিহত ও লাশ উদ্ধারের সর্বশেষ তথ্য দেওয়া হচ্ছে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণকক্ষে থাকা বোর্ডে। ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধার বেড়ে যাওয়ায় বোর্ডেও বাড়ছে সংখ্যা।গত বুধবার রাত সোয়া ১০টা থেকে গতকাল রাত ১২টা পর্যন্ত ১৭২টি লাশ উদ্ধার করা হয়। সেনাবাহিনীর উদ্ধারকর্মীরা জানান, গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের পর বুধবার রাত ও গতকাল সর্বাধিক লাশ উদ্ধার করা হয়।স্বজনের লাশ পাবেন—এমন আশায় এখনো অপেক্ষায় আছেন অসহায়, শোকে পাথর আর মলিন মুখের শ তিনেক মানুষ। তাঁরা ঠিকানা বানিয়েছেন সাভারের অধরচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠকে। উদ্ধার করা লাশ নিয়ে গাড়ি মাঠে এলেই ঘিরে ধরছেন তাঁরা। দেখছেন, প্রিয়জনের লাশ এল কি না। শনাক্ত করতে না পারলে আবারও অপেক্ষায় থাকেন আরেকটি লাশ আসার।সেনাবাহিনীর নিয়ন্ত্রণকক্ষের হিসাবে, বুধবার সন্ধ্যা ছয়টা থেকে গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত ১৫৭টি লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে ১৫৫টিই উদ্ধার হয়েছে ভবনটির পেছনের অংশ থেকে। সামনের অংশ থেকে উদ্ধার হয়েছে দুটি লাশ।গতকাল সকাল নয়টার দিকে একটি স্থান থেকেই উদ্ধার করা হয় ১৪টি লাশ। উদ্ধারকর্মীরা জানান, উত্তর-পূর্ব কোনার সিঁড়ির নিচের অংশে এসব লাশ পাওয়া গেছে। কয়েক দিন ধরে ওপর থেকে ওই সিঁড়ির ধ্বংসস্তূপ সরানো হচ্ছিল। বিকেল তিনটার দিকে ওই সিঁড়ির কাছাকাছি একটি স্থানে বিমের সঙ্গে চাপা পড়া সাতটি লাশ উদ্ধার করা হয়।সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রিগেড কমান্ডের ব্রিগেডিয়ার জেনারেল আজমল কবীর সাংবাদিকদের বলেন, ধসে পড়া ভবনের পেছনের অংশে দ্বিতীয় তলার ছাদ বরাবর উদ্ধারকাজ চলছে। কিছু স্থানে নিচতলা পর্যন্ত ধ্বংসস্তূপ সরানো হয়ে গেছে। তবে এখনো লাশ পাওয়া যাচ্ছে। উদ্ধার অভিযান চলাকালে ২৪ ঘণ্টায়ও যদি কোনো লাশ না পাওয়া যায়, তবে ধরে নেওয়া যাবে, আর হয়তো লাশ পাওয়া যাবে না। তখন জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, তাঁরা সর্বশেষ লাশটিও উদ্ধারের চেষ্টা করবেন।অবশ্য বুধবার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সৈয়দ হাসান সারওয়ার্দী বলেছিলেন, দুই দিনের মধ্যে উদ্ধার কার্যক্রম জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।তবে গতকাল অনেক লাশ উদ্ধার হওয়ায় অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে বলে একাধিক সেনা কর্মকর্তা জানান।গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ৭১৫টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অধরচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে হস্তান্তরের অপেক্ষায় ছিল ৭০টি লাশ। মর্গে আছে ৫০টি লাশ। পরিচয় শনাক্ত না হওয়া ১৫৬টি লাশ রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। এর মধ্যে গতকাল ৯২টি লাশ দাফন করা হয়।পরিচয় শনাক্তে প্রাণান্তকর চেষ্টা: ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধার করেই তাঁর পরিচয় জানতে প্রাণান্তকর চেষ্টা করতে দেখা গেছে সেনাসদস্যদের। লাশ বিকৃত হয়ে যাওয়ায় অধরচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে নিয়ে পরিচয় শনাক্তের অবস্থা আর নেই। এ জন্য উদ্ধারের পরই প্রথমে সেনাসদস্যরা লাশের সঙ্গে মুঠোফোন বা পরিচয়পত্র আছে কি না, তা বের করার চেষ্টা করছেন। এ দুটির কোনোটি না পাওয়া গেলে মানিব্যাগে, হাতব্যাগে কারও ফোন নম্বর বা ঠিকানা আছে কি না, তা খোঁজা হয়।দুপুরে উদ্ধার করা একটি লাশের সঙ্গে সাইড ব্যাগে ‘সুমনা জুয়েলার্স’-এর মেমো পাওয়া যায়। ওই মেমোতে থাকা ফোন নম্বরে ফোন দিয়ে জানা যায়, লাশটি বীথির, স্বামীর নাম হাতেম আলী, বাড়ি মাদারীপুরে। দুপুরের দিকে একটি লাশের সঙ্গে পাওয়া ভিজিটিং কার্ডের সূত্র ধরে শনাক্ত করা হয় মানিকগঞ্জের আঁটিগ্রামের দিপালীর লাশ।লাশ হস্তান্তর নিয়ে বিড়ম্বনা: বিকেলে উদ্ধার করা হয় বাবুল হোসেনের লাশ। সঙ্গে ছিল পরিচয়পত্র। তাঁর স্বজনদের জানাতে সেনাসদস্যরা মানিব্যাগে থাকা ফোন নম্বরে ফোন করে জানতে পারেন, বাবুলের স্ত্রী বিউটি লাশের জন্য অধরচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে অপেক্ষা করছেন।কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত বিউটিকে লাশ বুঝিয়ে দেওয়ার প্রাথমিক প্রক্রিয়াই শুরু করতে পারেনি জেলা প্রশাসন। সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকেয়া হক বলেন, রোভার স্কাউটের সদস্যরা স্বজনদের দেওয়া তথ্য নিশ্চিত হয়ে সংক্ষিপ্ত প্রতিবেদন দেওয়ার পর নিয়ন্ত্রণকক্ষ থেকে লাশ দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।জানতে চাইলে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিল্লুর রহমান চৌধুরী বলেন, ‘শতভাগ নিশ্চিত হয়েই আমরা লাশ হস্তান্তর করছি। এ কারণে লাশ হস্তান্তরের সময় সব বিষয় খতিয়ে দেখা হয়।’নিখোঁজ ব্যক্তিদের সঠিক তথ্য নেই: রানা প্লাজায় কতজন কাজ করতেন, এর সঠিক হিসাব এখনো পায়নি জেলা প্রশাসন ও সেনাবাহিনী। ভবনধসের পর তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ বলেছিল, সেখানে তিন হাজার ১২২ জন কাজ করতেন।কিন্তু জীবিত উদ্ধার ও লাশের হিসাব ধরলে এই সংখ্যা পেরিয়ে গেছে। কারণ, গত ২৪ এপ্রিল ভবনটি ধসে পড়ার পর থেকে ২৮ এপ্রিল রাত পর্যন্ত দুই হাজার ৪৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়। বুধবার বিজিএমইএ বলেছে, রানা প্লাজার পাঁচ কারখানায় কাজ করতেন তিন হাজার ৬১৫ জন। হিসাবের এই গরমিলে এখনো কত মানুষ চাপা পড়ে আছেন, এর সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।ভবনধসের এক সপ্তাহ পর পুলিশ বলেছিল, এক হাজার ৩০০ লোক নিখোঁজ। জেলা প্রশাসন গত সপ্তাহে ১৮২ জনের নিখোঁজ তালিকা করে।গতকাল রাত ১২টা পর্যন্ত লাশ উদ্ধার হয়েছে ৯৭৯টি। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন পরে হাসপাতালে মারা যান।জীবিত ও মৃত মিলে সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৪২৮। বিজিএমইএর সর্বশেষ হিসাব সঠিক হলে এখনো ১৯৭ জন নিখোঁজ।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বলেন, ঘটনার পর পরই পুলিশ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা বলা হয়েছিল এক হাজার। এখন দেখা যাচ্ছে, তখনকার ওই তালিকা ঠিকই ছিল। লাশ উদ্ধার হওয়ার পর স্বজনদের কাছে হস্তান্তর করার কারণে নিখোঁজের সংখ্যা কমে এসেছে। তিনি বলেন, একই ব্যক্তি সম্পর্কে একাধিকবার তথ্য দেওয়া এবং লাশ গ্রহণের পর তালিকা থেকে নাম বাদ না দেওয়ার কারণে নিখোঁজের সঠিক তালিকা করা কষ্টকর হয়ে পড়েছে।এদিকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণকক্ষের কর্নেল ইবনে ফজলুল সায়েখ উজ জামান বলেন, বিজিএমইএর তালিকা ধরে তাঁরা নিখোঁজ ব্যক্তিদের তালিকা করার চেষ্টা করছেন। ধ্বংসস্তূপ সরানোর পরও পল্লী বিদ্যুৎ এলাকায় তাঁরা একটি ক্যাম্প রাখবেন, যাতে নিখোঁজের তালিকায় কেউ বাদ না যান।