এখনো হয়রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন থেকে মনের ভেতর তাগিদ অনুভব করছি ঘটনাটি প্রকাশ করার জন্য। খুব উল্লেখযোগ্য না হলেও একেবারে অনুল্লেখযোগ্যও নয়, বিশেষ করে আমার জন্য। প্রতিদিনই তো মানুষের জীবনে কোনো না কোনো ঘটনা ঘটে। আমাদের দেশের মেয়েদের রাস্তাঘাটে পথ চলতে সব সময়ই হয়রানির শিকার হতে হয়। এ কোনো নতুন কিছু নয়। নতুন মনে হয় তখনই, যখন কোনো নারী মাঝবয়সে এসে যৌবনের ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেখে।কিছুদিন আগে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফুটওভারব্রিজ দিয়ে নামছিলাম। আমি একা নই, সঙ্গে আমার কলেজপড়ুয়া ছেলে সঙ্গী ছিল। নিচে নেমে আসার সময় হঠাৎ পেছন থেকে হাঁটু দিয়ে ধাক্কা দেওয়ার মতো অনুভব করলাম। ধাক্কাটি ছিল সম্পূর্ণ ইচ্ছাকৃত। কেননা, পাশে আরও অনেক জায়গা ছিল। আমি পেছনে তাকিয়ে দেখি মধ্যবয়সী এক লোক। মেজাজটা পুরোপুরি বিগড়ে গেল। আমার ছেলেটি তখন নিচে নেমে গিয়েছিল। আমি আমার বাঁ হাত প্রসারিত করে লোকটিকে আটকানোর চেষ্টা করলাম। লোকটি পাশ কাটিয়ে সজোরে নিচে নেমে চলে যাচ্ছিল। সংকোচ লাগছিল ছেলেকে বলব কি না। কিন্তু পরক্ষণেই মনে হলো, এ বয়সে এসেও ঘটনাটি চেপে যাব? তৎক্ষণাৎ ছেলেকে বললাম, লোকটিকে আটকানোর জন্য। লোকটিকে দাঁড় করিয়ে যখন আমি ও আমার ছেলে জিজ্ঞেস করলাম, কেন ধাক্কা মারল—লোকটি বোকার মতো চেহারা করে এমন ভাব করল যেন এইমাত্র আকাশ থেকে পড়ল। প্রথম স্বীকারই করল না। হয়তো ভেবেছে, এই মহিলাকে ধাক্কা মেরেছি, মানুষ বিশ্বাসই করবে না। আমি যখন ভীষণ রেগে প্রায় মারমুখী হয়ে যাচ্ছিলাম, তখন রাস্তার পাশে বসে থাকা দু-তিনজন যুবক বলছে, ‘আংকেল, সরি বলে ভালোয় ভালোয় কেটে পড়েন। তা না হলে একটি মারও মাটিতে পাড়বে না।’ আমি আশ্চর্য হয়ে গেলাম ছেলেগুলোর কথা শুনেও। লোকটি আস্তে করে সরি বলে চলে গেল।সেদিন সারা রাত ঘুম হলো না। সন্ধ্যার গা রি-রি করা ঘটনাটি ঘুরেফিরে আমাকে পীড়া দিচ্ছিল। কিন্তু একটি ব্যাপার ভেবে ভীষণ ভালো লেগেছে যে আমার এত বড় ছেলের সামনে ঘটনাটির প্রতিক্রিয়া ব্যক্ত করতে আমি একটুও লজ্জা বোধ করিনি। আসলে আমরা বেশির ভাগ মেয়েই ভয়-লজ্জাকে প্রশ্রয় দিতে দিতে নিজেদের এতটাই হীন করে ফেলি যে আত্মবিশ্বাসটাই হারিয়ে যায়। আজও আনমনা হয়ে ভাবি, যৌবনের সেই দুরন্ত সময়ে ইভ টিজারদের ভয়ে কুঁকড়ে যেতাম। রাস্তায় মাথা নিচু করে হাঁটতাম। অথচ তখন ছিল প্রতিবাদ করার চূড়ান্ত সময়। কিন্তু কিছুই করতে পারিনি শুধু আত্মবিশ্বাসের অভাবে। অথচ পড়ন্ত যৌবনে এসে আজ আমি এতটা মারমুখী কেন হলাম? সেটা কি আমার সন্তান পাশে ছিল বলে, নাকি এত দিনের জমে থাকা ক্ষোভ উগরে বেরিয়ে আসতে চেয়েছিল, জানি না। আজও নিজের ভেতর উত্তর খুঁজে ফিরি।আফরোজা পারভীনমিরপুর।