এখানকার সবজির কাটতি অন্য রকম হতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসিয়া নদী ছিল স্রোতস্বিনী। ১২ মাস পানিপ্রবাহ থাকত। নদীর এ রূপ থেকে আশপাশে কৃষিক্ষেত্রে বৈচিত্র্যময় ফসল উৎপাদন শুরু। মূলত নদী থেকে পাওয়া সেচের পানি ছিল কৃষকের জন্য আশীর্বাদ। ছোট থাকতে আমরা দেখেছি, ‘বাইয়ারপাড়ের’ বললে হাটে সবজির কাটতি অন্য রকম হতো। প্রকৃতির এ অবস্থার পরিবর্তন শুরু হয় স্বাধীনতার পর থেকে। নদী ভরাট হতে থাকে আর প্রকৃতির ওপর কৃষকের নির্ভরতা কমতে থাকে। কিন্তু আমাদের কৃষিবৈচিত্র্যের মূল ভিত্তি হচ্ছে প্রকৃতি। এ অবস্থার কারণে টানাপোড়েনের শুরু। আমি মনে করি, আগের সেই সম্ভাবনাময় অবস্থা এখনো ফিরে পাওয়া সম্ভব। প্রথমত প্রয়োজন বাসিয়া নদী খনন। এতে পানিপ্রবাহ আসবে। আমি এ খননকাজের সঙ্গে যুক্ত আরও দুটো প্রস্তাব রাখতে চাই। একটি হচ্ছে নদীর মুখে স্লুইসগেট। অপরটি নদীজুড়ে মাছ ও কৃষিক্ষেত্র সম্প্রসারণে কিছু জীবজন্তুর খামার করা। যেমন, নদীতে মাছ চাষের পাশাপাশি ব্যাঙ, কেঁচো, সাপের জন্য অভয়াশ্রম করে দেওয়া। একটি ব্যাঙ কৃষিজমির জন্য কতটা উপকারী, মাঠের কৃষক ভালোই বোঝে। কিন্তু যাঁরা দায়িত্ব নিয়ে আছে, তারা উদাসীন। এ ছাড়া নদীপারে একটি সবজি প্রক্রিয়াজাতকেন্দ্র প্রতিষ্ঠা করলে ভালো হয়।মাঠের কৃষকদের উজ্জীবিত করতে বছরব্যাপী সরকারি-বেসরকারি পর্যায়ে মেলা বা প্রদর্শনী করা যেতে পারে। এসব মেলা থেকে কৃষকের হাত থেকে সরাসরি তাদের পণ্য কেনার জন্য ক্রেতাদের সুযোগ করে দেওয়া যেতে পারে। হাট বা বাজার পরিদর্শনের অভিজ্ঞতা থেকে আমার ধারণা, ক্রেতারা সবচেয়ে নির্ভাবনায় কেনাকাটা করে সাধারণ কৃষকের কাছ থেকে।আবদুল বাছিত সেলিমসুগন্ধী ধানের সংগ্রাহক; ব্যবস্থাপনা পরিচালক, বাছিত কৃষি প্রকল্প লিমিটেড