এগারো বছর পর প্রেমের ছবিতে অমিতাভ-জয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাভি খুশি কাভি গাম’ ছবির পর আর কোনো ছবিতেই স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেননি বলিউডের তারকা দম্পতি অমিতাভ ও জয়া বচ্চন। তবে এই জুটিকে আবারও প্রেমের এক ছবির কাহিনিতে স্বামী-স্ত্রীর চরিত্রে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছেন বলিউডের চিত্রনির্মাতা সুজিত সিকার।যশ রাজের পরিচালনায় ১৯৮১ সালে মুক্তি পেয়েছিল পর্দার ও বাস্তবের জুটি অমিতাভ ও জয়া বচ্চন অভিনীত ‘সিলসিলা’ ছবিটি। ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রেই অভিনয় করেছিলেন তাঁরা। ২০ বছর বিরতির পর তাঁরা আবারও স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেন ‘কাভি খুশি কাভি গাম’ ছবিতে। এরপর পেরিয়ে গেছে ১১টি বছর। সম্প্রতি এই জুটিকে নিয়ে ছবি তৈরির পরিকল্পনা করেছেন সুজিত সিকার। নাম চূড়ান্ত না হওয়া রোমান্টিক ছবিটিতে স্বামী-স্ত্রীর চরিত্রেই অভিনয় করবেন অমিতাভ-জয়া। আর এ জন্য এখন নিয়মিত বচ্চনদের বাসভবনে যাতায়াত করছেন সুজিত। এ প্রসঙ্গে সুজিতের উদ্ধৃতি দিয়ে মুম্বাই মিরর জানিয়েছে, ‘বয়স্ক এক দম্পতিকে ঘিরেই এই ছবির কাহিনি এগিয়েছে। আমার ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন অমিতাভ ও জয়া বচ্চন। তাঁরা বিয়ে করেছিলেন ১৯৭৩ সালে। সেই হিসাবে তাঁরা ৩৯ বছর ধরে সংসার করছেন। ছবির কাহিনিতে দেখা যাবে, তাঁদের অভিনীত চরিত্র দুটিও প্রায় ৩৯ বছর ধরে সংসার করছে।’সুজিত আরও বলেছেন, ‘কালের পরিক্রমায় সত্যিকারের ভালোবাসা কখনোই হারিয়ে যায় না। শুধু ভালোবাসায় ডুবে থাকা আবেগের রং পরিবর্তিত হয়। এই ভালোবাসা কোনো প্রতিদান আশা করে না। একজন তার জীবনকে পুরোপুরি সঁপে দেয় আরেকজনের কাছে। ছবিটির মাধ্যমে এই বিষয়গুলোকেই তুলে ধরার চেষ্টা করব আমি।’বছর তিনেক আগে অমিতাভকে নিয়ে ‘জনি মাস্তানা’ ছবির কাজ করেছিলেন সুজিত। কিন্তু এখনো ছবিটি মুক্তি পায়নি। এ প্রসঙ্গে সুজিতের ভাষ্য, ‘বচ্চন সাহেবের সঙ্গে দুই বছর সময় নিয়ে “জনি মাস্তানা” ছবির কাজ করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখন পর্যন্ত ছবিটি আলোর মুখ দেখেনি। আমার মতে, বচ্চন সাহেব ছবিটিতে তাঁর অভিনয়জীবনের অন্যতম সেরা অভিনয় করেছেন। অমিতাভ-জয়াকে নিয়ে আমার নতুন ছবি “জনি মাস্তানা”র চেয়েও ভালো কিছু হবে বলেই আশা করছি।’