এগিয়ে যাওয়ার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশের বইমেলা বাংলা ভাষা ও ভাষা আন্দোলনের প্রতি আমাদের মিলিত অর্ঘ্য। আমাদের বইমেলা এই জাতীয় আকাঙ্ক্ষাকে সফলভাবে ধারণ করতে পেরেছে। বাংলা ভাষার চর্চা বাড়ছে, মেলার অবকাঠামো বদলাচ্ছে, সুযোগ-সুবিধা বাড়ছে। জনমানসে এই মেলা একটি বিশিষ্ট স্থান অধিকার করতে পেরেছে—এটা খুবই ইতিবাচক। বই জ্ঞানচর্চা বা সুস্থ বিনোদনে ভূমিকা রাখবে, এটাই কাম্য। কিন্তু আমাদের প্রকাশনাশিল্পে এর বোধ হয় কিছু ঘাটতি আছে। বই মানসম্মত হচ্ছে না। হালকা বা সস্তা জিনিস প্রশ্রয় পাচ্ছে। প্রকাশকেরা এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারেন। বই ছাপার আগে তাঁরা যদি মানের দিকে একটু নজর দেন, তাহলেই অনেক মেদ ঝরিয়ে ফেলা সম্ভব। যাঁরা মেলায় যান, বইপত্র কেনেন, তাঁদেরও কিছু দায়িত্ব আছে। মননশীল বইয়ে পাঠক আগ্রহ দেখালে প্রকাশকেরও আগ্রহ বাড়বে।ভালো বইয়ের জন্য গবেষণা খুব জরুরি বিষয়। কিন্তু আমাদের বইপত্রে গবেষণা অবহেলিত। মননশীল বইপত্রেও গবেষণা অনুপস্থিত। পুরোনো চিন্তার পুনরুক্তি বা মাঠপর্যায়ে তড়িঘড়ি কিছু তথ্য সংগ্রহের ভিত্তিতে প্রণীত বই দিয়ে বাজার বোঝাই। এসব বন্ধ করা না গেলে মৌলিক জ্ঞানের চর্চা অসম্ভব। আর গবেষণাধর্মী বইয়ের ক্ষেত্রে শুধু পাঠক-লেখক-প্রকাশকের সচেতনতাই যথেষ্ট নয়, গবেষণার ব্যয়ভার নির্বাহের জন্য সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা জরুরি।অনেকে বলছেন, বাংলা একাডেমীর প্রাঙ্গণ থেকে মেলা সরিয়ে নেওয়া দরকার। আমি এর সঙ্গে একমত নই। বইমেলা আমাদের জাতীয় আবেগ ও ইতিহাসের সঙ্গে যুক্ত। ভিড় বাড়ছে বলে মেলার সঙ্গে বাংলা একাডেমীর ঐতিহাসিক বন্ধন ছিন্ন করা ঠিক হবে না। ব্রিটেনের প্রধানমন্ত্রী এখনো ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সরু গলির বাড়িতেই থাকেন। কারণ, এটা ব্রিটেনের ঐতিহ্য। মেলার ভিড় সামলাতে অন্য সমাধান ভাবা যেতে পারে। মেলার সময়সীমা বাড়ানো যেতে পারে। মেলা দুপুর থেকে শুরু হয়, এটাও বদলানো যায়। তাহলে সকাল-সকাল অনেকে ঘুরে যেতে পারেন।বাংলা একাডেমী কোনো প্রকাশনা প্রতিষ্ঠানকে স্টল দেওয়ার ক্ষেত্রে বইয়ের সংখ্যা বিবেচনা করে। এই সংখ্যা পূরণ করতে গিয়ে প্রকাশক বেশি বই ছাপতে বাধ্য হন। সংখ্যা দিয়ে যাচাই করার এটা একটা সমস্যা। বাংলা একাডেমী সারা বছর এমনিতেই যাচাই করতে পারে কারা ভালো বই করছে। তার ভিত্তিতে স্টল দিতে পারে।বইমেলার কাছে কী চাই? প্রতিবার বইমেলার মধ্য দিয়ে আমরা যেন নতুন কিছু জানতে পারি, শিখতে পারি, জাতি হিসেবে আমরা যেন আরও একধাপ এগিয়ে যেতে পারি।ইতিহাসবিদ, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়