এগিয়ে যাবে উন্নয়নতরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালি মাত্রই স্বপ্নবিলাসী। এই বাংলার আলো-বাতাস-জল-মাটিতে এমন কিছু আছে, যা মানুষকে স্বপ্ন দেখতে উজ্জীবিত করে, জীবন ও জীবিকার তাগিদ অতিক্রম করে সামনে চলার প্রেরণা জোগায়। এমন স্বপ্নই দেখেছিল এ দেশের কোটি কোটি মানুষ—রক্তাক্ত স্বাধীনতাসংগ্রামের শেষে স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে সব মানব সন্তানের সব মানবাধিকার। এরপর অতিক্রান্ত হয়ে গেছে ঊনচল্লিশটি বছর, পদ্মা-মেঘনা-যমুনা-সুরমা-কর্ণফুলীর বুকে বয়ে গেছে কত পানি—সময় থেমে থাকেনি, কিন্তু আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে বারবার। কত ঘাত-প্রতিঘাতে কখনো থমকে গেছি, চিন্তা-চেতনা পোড় খেয়েছে কত শতবার। কিন্তু স্বপ্ন দেখা থেমে যায়নি। স্বপ্নভঙ্গের বেদনায় মাঝেমধ্যে আপ্লুত হলেও স্বপ্ন দেখে চলেছি এখনো, একদিন নিশ্চয়ই স্বপ্ন পূরণ হবে—এই প্রত্যাশায়।আমাদের আর্থসামাজিক-রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে মনে হয় একটি ক্রান্তিকাল অতিক্রম করছি আমরা। জনগণের বিশাল ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার এখন ক্ষমতায়। ‘দিনবদলের’ স্বপ্ন দেখাতে চেয়েছেন রাজনৈতিক নেতৃত্ব—আমরাও চাই, স্বপ্ন দেখি, এমনভাবে দিনবদল হবে যেখানে অসহিষ্ণুতার রাজনৈতিক সংস্কৃতির স্থলে স্থান করে নেবে পরমতসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, জনমানুষের চিন্তা-চেতনাকে সম্মান দেখিয়ে সংসদের ভেতরে-বাইরে সুস্থ, গতিশীল, অগ্রসর চিন্তার প্রতিফলন। আমরা যেন ভুলে না যাই, এখনো এ দেশের লাখ লাখ মানুষ ঘুমাতে যায় পরের দিনের সূর্যোদয় তাদের পেটে ভাত জোগাতে পারবে কি না, সেই দুঃস্বপ্ন মাথায় নিয়ে। শিক্ষাও এখন ক্রমাগত পণ্য হয়ে উঠছে। সেই পণ্যের পশরা ক্রয়ে ব্যর্থ লাখ লাখ শিশু কখনো কখনো বিদ্যালয়ের আঙিনায়ই আসতে পারে না, কখনো বা ঝরে যায় নীরবে-নিভৃতে। প্রতিবন্ধী শিশু, আদিবাসী শিশু, শ্রমজীবী শিশু থেকে যায় দৃষ্টির আড়ালে। স্বপ্ন দেখি গ্রাম-গঞ্জ, নগর-বন্দর, হাওর-বাঁওড়—সর্বত্র শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মুখর হবে শিশু-কিশোরদের পদচারণে, নতুন প্রজন্মের আলোকিত মানুষগুলো মুছে দেবে পুরোনো প্রজন্মের সব গ্লানি, সব অপ্রাপ্তির বেদনা।স্বপ্ন দেখি—এ দেশের ঘরে-বাইরে সব নারী-পুরুষের মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, সুশাসনের সুবাতাস সামনে এগিয়ে নেবে আমাদের জনগোষ্ঠীকে, এগিয়ে যাবে উন্নয়নতরী। এমন এক দেশ হবে আমাদের স্বপ্নের এই দেশ, যেখানে কোনো নারীর মর্যাদা হবে না ভূলুণ্ঠিত, এসিড-সন্ত্রাসে কলঙ্কিত হবে না সমাজ, মাদকাসক্তির বেড়াজালে নিবদ্ধ হবে না আমাদের সন্তানেরা, বিচারের বাণী নীরবে-নিভৃতে কাঁদবে না—প্রতিষ্ঠিত হবে সব মানব সন্তানের সব মানবাধিকার।স্বপ্ন দেখে যাব—যাঁরা স্বপ্ন দেখাতে পারেন, ‘দিনবদলের’ অঙ্গীকার নিয়ে যারা সামনে এগোতে চান, তাঁরা দল-মত-নির্বিশেষে সবাইকে নিয়ে চলবেন, সবার আর্থসামাজিক-রাজনৈতিক মতাদর্শকে সম্মান প্রদর্শন করে এগিয়ে যাবেন। শুভ হোক এ পথচলা, মঙ্গল হোক সবার।