এগিয়ে রাখুন নিজেকে...
সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে কাজের ধরন। গত কয়েক বছরে আমাদের দেশে পেশার ক্ষেত্রে একধরনের বিপ্লব ঘটে গেছে। একদিকে যেমন তৈরি হচ্ছে নতুন নতুন প্রতিষ্ঠান, অন্যদিকে পুরোনো প্রতিষ্ঠানের আকার-আয়তন বেড়েছে। এরই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কাজের ক্ষেত্র। আগের তুলনায় বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক বেশি আধুনিকায়ন ঘটেছে এবং প্রযুক্তিনির্ভরতাও বেড়েছে। ফলে এসব প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার জন্য একদিকে যেমন আধুনিক হতে হবে, তেমনি থাকতে হবে প্রযুক্তিসংক্রান্ত দক্ষতা।করপোরেট কোচের মুখ্য পরামর্শক ও মানব উন্নয়ন বিশেষজ্ঞ যিশু তরফদারের মতে, বর্তমান সময়ে ভালো ফলের পাশাপাশি বিভিন্ন প্রযুক্তির ব্যবহারসংক্রান্ত জ্ঞানের বিকল্প নেই। এখন প্রায় প্রতিটি বড় প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইটগুলোয় প্রতিষ্ঠানের নিজেদের সম্পর্কে নানা ধরনের তথ্য থাকে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে কর্মী নেওয়া হলে বেশির ভাগ ক্ষেত্রেই তাদের ওয়েবসাইটের একটা নির্দিষ্ট স্থানে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া থাকে। যিশু তরফদার বলেন, ভালো প্রতিষ্ঠানগুলো এখন বিভিন্ন ধরনের জটিলতা এড়াতে ও স্বল্প সময়ে কর্মী নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করতে নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সম্পন্ন করতে ওয়েবসাইটের সাহায্য নিয়ে থাকে। তাই একজন চাকরিপ্রার্থীকে অবশ্যই ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে জানতে হবে। যাঁরা ইন্টারনেট ব্যবহারে দক্ষ, তাঁরাই বিভিন্ন চাকরির সুযোগ সহজে পাবেন। এ ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট ঘাঁটলে এ বিষয়ে অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। বিভিন্ন প্রতিষ্ঠানে এখন কর্মী নিয়োগের ক্ষেত্রে স্ব-স্ব প্রতিষ্ঠানের নির্দিষ্ট একটি স্থানে জীবনবৃত্তান্ত ফরম পূরণের ব্যবস্থা থাকে। এ ক্ষেত্রে চাহিদা অনুযায়ী সেই নির্দিষ্ট ফরম পূরণ করলেই চলে। তবে অনেক প্রতিষ্ঠান ই-মেইলের মাধ্যমে জীবনবৃত্তান্ত চায়। যিশু তরফদার বলেন, প্রথমেই ভালোভাবে দেখে নিতে হবে প্রতিষ্ঠানের কোন ধরনের কর্মী আবশ্যক এবং কোন কোন যোগ্যতা চেয়েছে। সে অনুযায়ী জীবনবৃত্তান্ত পাঠিয়ে দিতে হবে। অনেক সময় নির্দিষ্ট কিছু কাজের অভিজ্ঞতা চেয়ে কর্মী নিয়োগ দেওয়া হয়। সে ক্ষেত্রে কোনোভাবেই অপ্রাসঙ্গিক কোনো তথ্য জীবনবৃত্তান্তে দেওয়া যাবে না। আবার কোনো প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পর লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের আগে নিজেকে তৈরি করে নিতে হয়। যিশু তরফদার বলেন, কোনো প্রতিষ্ঠানে পরীক্ষা দেওয়ার আগে সেই প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে জানা থাকলে তা অনেক সময় কাজে লাগতে পারে। নিয়োগকর্তারা যদি বুঝতে পারেন তাঁদের প্রতিষ্ঠান সম্পর্কে চাকরিপ্রার্থীর ভালো ধারণা রয়েছে, তাহলে সেই প্রার্থীর প্রতি তাঁদের ইতিবাচক ধারণা তৈরি হয় যা চাকরি পেতে দারুণ সহায়ক হয়। আর এ জন্য চাকরিপ্রার্থীরা সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইট ঘেঁটে বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিতে পারেন অথবা ইন্টারনেটের সাহায্য নিতে পারেন।এখন বিভিন্ন চাকরির খোঁজখবর দেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি হয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান লোকবল নিয়োগের প্রাথমিক পর্যায়টি তুলে দেয় এসব প্রতিষ্ঠানের ওপরে। এসব প্রতিষ্ঠানকে চাকরির ওয়েব পোর্টাল বলা হয়ে থাকে। বাংলাদেশের শীর্ষস্থানীয় চাকরির ওয়েব পোর্টাল প্রথম আলো জবসের প্রধান পরিচালন কর্মকর্তা শৈবাল কানুনগো বলেন, বিভিন্ন জটিলতায় না গিয়ে এখন চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো চাকরির ওয়েব পোর্টালে চাকরির বিজ্ঞাপন দিয়ে থাকে। এরপর প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করার কাজটিও এসব প্রতিষ্ঠান সম্পন্ন করে দেয়। আর এ ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের অবশ্যই ইন্টারনেটের ব্যবহারে দক্ষ হতে হয়। দেশে বসেই বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরির আবেদনও করা যায় বিভিন্ন আন্তর্জাতিক চাকরির ওয়েব পোর্টালের মাধ্যমে। এভাবে ঘরে বসেই খুঁজে নেওয়া যায় নিজের চাকরিটি। আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাইসুল ইসলাম বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে এখন আমরা সহজেই ঘরে বসে চাকরির আবেদন করতে পারি। ফলে একদিকে যেমন সময় কম লাগছে, তেমনি নানা ধরনের জটিলতা থেকেও রেহাই পাওয়া যায় এবং ঘরে বসেই বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির আবেদন করতে পারছি। এখন চাকরি পাওয়ার জন্য অনেকে বই পড়ে, কোচিং সেন্টারে গিয়ে দক্ষতা অর্জনের চেষ্টা করে থাকেন। কিন্তু এখানেই শেষ কথা নয়। শেখা বা দক্ষতা অর্জনের শেষ বলতে কিছু নেই। ইন্টারনেটের বিশাল তথ্যভাণ্ডারে গিয়ে চাকরি পাওয়ার বা আবেদন করা থেকে শুরু করে পেশাক্ষেত্রে সফলতা অর্জনের নানা ধরনের লেখা বই বা নিবন্ধ পাওয়া যায়। চাকরির সাক্ষাৎকার দেওয়ার কৌশল, নেতৃত্বের গুণাবলি ও কৌশল, মানবসম্পদ বিভাগে উন্নতি, গ্রাহকসেবার উন্নয়নসহ নানা ধরনের কৌশলের বিভিন্ন দিকও জেনে নেওয়া যাবে ইন্টারনেট থেকে। এসব পড়লে একদিকে যেমন অন্যজন থেকে ব্যতিক্রম জ্ঞানের অধিকারী হওয়া যায় তেমনি ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রেও এটি অত্যন্ত সহায়ক। যাঁরা বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন, তাঁরা কীভাবে পেশাজীবনে উন্নতি করবেন, সময়ের ব্যবস্থাপনা করে চাপ সামলে উঠবেন প্রভৃতি বিষয়ও ইন্টারনেটের বিভিন্ন লেখা থেকে জেনে নিতে পারেন। বিশ্ববিখ্যাত বিভিন্ন পেশা বিশেষজ্ঞের লেখা এখন সহজেই ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়। এ জন্য নির্দিষ্ট বিষয় লিখে ইন্টারনেটে সার্চ দিন। নিমেষেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত বিষয়টি। এসব ক্ষেত্রে আপনি যদি নিজেকে পর্যাপ্ত যোগ্য মনে না করেন তাহলে অভিজ্ঞদের সাহায্য নিয়ে অনেক বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন। এসবের পাশাপাশি এখন ইন্টারনেটে বিখ্যাত পেশা বিশেষজ্ঞদের ভিডিও চিত্র ও পেশার ওপর নির্মিত বিভিন্ন তথ্যচিত্র পাওয়া যায়। যিশু তরফদার বলেন, ইউটিউবে গিয়ে টম পিটারস, স্টিফেন কোভি, ব্রেন ট্রেকিসহ বিভিন্ন বিখ্যাত পেশা বিশেষজ্ঞের সাক্ষাৎকার বা পেশাসংক্রান্ত ভিডিও চিত্র দেখতে পাওয়া যায়। এসব দেখলেও অভিজ্ঞতার ঝুলি বৃদ্ধি পাবে, পেশাজীবনে সফলতার নানা কৌশলও জানা যাবে এর মাধ্যমে।সবকিছুতে যখন আধুনিকতার ছোঁয়া লেগেছে, বেড়েছে তথ্যপ্রযুক্তির ব্যবহার, বেড়েছে কাজের ক্ষেত্র, তখন আর নিজেকে গুটিয়ে রাখবেন কেন? আপনিও তৈরি হয়ে যান আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য। আর এভাবেই একসময় আপনার সফলতা আসবেই।