এজলাস কক্ষে বিশৃঙ্খলা: বিএনপি সমর্থক ১৩ আইনজীবীর জামিন
এজলাস কক্ষে বিশৃঙ্খলা-হট্টগোল, পুলিশের কাজে বাধা ও নাজেহাল করার অভিযোগে করা দুটি মামলায় জামিন পেয়েছেন বিএনপি-সমর্থক ১৩ আইনজীবী। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শাহাদত হোসেনের আদালত তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন।১৩ আইনজীবীর মধ্যে সাংসদ সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া ও আইনজীবী তৌহিদুল ইসলাম ও আবুবকর সিদ্দিককে ধানমন্ডি থানায় দায়ের করা একটি মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে আদালত তা নাকচ করে জামিন আবেদন মঞ্জুর করেন। সংবিধান নিয়ে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর কটাক্ষপূর্ণ বক্তব্যের অভিযোগে রিটের শুনানিকালে ২ আগস্ট হাইকোর্টের এজলাস কক্ষে হইচই ও বিশৃঙ্খলা ঘটে। এ ঘটনায় ওই রাতেই পুলিশ বাদী হয়ে ১৪ জন আইনজীবীসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে। আর ওই মামলার তদন্ত করতে গেলে ৪ আগস্ট আদালত চত্বরে ডিবি পুলিশের তদন্ত কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটে। পরে মারধরের অভিযোগে ৪ আগস্ট রাতে নয় আইনজীবীসহ অজ্ঞাত সাত-আটজনের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়।