এজলাসে রাজনৈতিক বক্তব্য না দিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের প্রতি অনুরোধ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের এই ট্রাইব্যুনাল গতকাল বুধবার এই অনুরোধ জানান। ট্রাইব্যুনাল গোলাম আযমের পক্ষে বিদেশি দুই সাক্ষী হাজিরের দিন নির্দিষ্ট করার বিষয়ে আসামিপক্ষের আবেদন খারিজ করেন।জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য দিন ছিল গতকাল। সকালে কার্যক্রমের শুরুতে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, সাক্ষী অসুস্থ থাকায় ট্রাইব্যুনালে হাজির করা যায়নি। আরেকজন সাক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। মতিঝিল-পল্টন এলাকায় বৃষ্টির মতো গোলাগুলি হচ্ছে, এ জন্য আসামিপক্ষের একজন গুরুত্বপূর্ণ আইনজীবী আসতে পারেননি এবং তাঁর কাছে থাকা মামলার নথিপত্র আনা সম্ভব হয়নি। এই ‘অনিবার্য পরিস্থিতিতে’ তিনি মামলার কার্যক্রম মুলতবির আরজি জানান।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম এর বিরোধিতা করে বলেন, ‘এগুলো মুলতবির কোনো যৌক্তিক কারণ হতে পারে না। আসামিপক্ষের আইনজীবীরা ট্রাইব্যুনালে এসে আরজি জানাবেন, আর বাইরে গণমাধ্যমের সামনে ট্রাইব্যুনাল বাতিলের আহ্বান জানাবেন, এটা হতে পারে না।’এ সময় তাজুল ইসলাম বলেন, ‘আপনারাও কোর্টের ভেতরে বলবেন বিচার চাই, আর বাইরে বেরিয়ে বলেন ফাঁসি চাই, ফাঁসি চাই।’এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘বাইরে কী হচ্ছে না হচ্ছে, এগুলো কোর্টে টেনে আনেন কেন?’রাষ্ট্রপক্ষের আরেক কৌঁসুলি মোহাম্মদ আলী তখন বলেন, ‘যখন আমরা কোর্টে থাকি, তখন অফিসার্স অব দ্য কোর্ট (আদালতের কর্মকর্তা), কিন্তু যখন বাইরে যাই, তখন মাস পিপল (জনগণ)।’এই পর্যায়ে ট্রাইব্যুনাল সবাইকে শান্ত হওয়ার অনুরোধ জানিয়ে বেলা দুইটা পর্যন্ত কার্যক্রম মুলতবি করেন।মধ্যাহ্ন বিরতির পর আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক একটি আবেদনের শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, আসামিপক্ষের দুজন বিদেশি সাক্ষী আছেন। একজন যুক্তরাজ্যের মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের শিক্ষক উইলিয়াম শাবাজ, অন্যজন উত্তর ইউরোপে ন্যাটো বাহিনীর সাবেক প্রধান জ্যাক ডেভারেল। তিনি এই দুজনের সাক্ষ্য নেওয়ার জন্য দিন নির্দিষ্ট করার আরজি জানান।রাষ্ট্রপক্ষের আরেক কৌঁসুলি সুলতান মাহ্মুদ এই আবেদনের বিরোধিতা করে বলেন, আসামিপক্ষ এখানে আরজি করেন আর প্রেসক্লাবে গিয়ে ট্রাইব্যুনাল মানেন না বলে বক্তৃতা দেন।তাজুল ইসলাম পাল্টা জবাব দিলে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে আবার বাদানুবাদ শুরু হয়। এ সময় ট্রাইব্যুনাল উভয় পক্ষের আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘বাইরে গিয়ে আপনারা যা বলেন, তা রাজনৈতিক বক্তব্য। এখানে ওগুলো না বলাই ভালো।’পরে ট্রাইব্যুনাল আসামিপক্ষের বিদেশি দুই সাক্ষী হাজিরের দিন নির্দিষ্ট করার আবেদন খারিজ করেন। ট্রাইব্যুনাল বলেন, আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ আজকের (বুধবার) মতো মুলতবি করা হলো। বৃহস্পতিবার (আজ) সাক্ষ্য গ্রহণ হবে। আসামিপক্ষ সাক্ষী না আনলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।একই ট্রাইব্যুনাল গতকাল জামায়াতের বর্তমান আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।আলীমের বিরুদ্ধে ১১তম সাক্ষীকে জেরা শেষ: এদিকে বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রাষ্ট্রপক্ষের ১০তম সাক্ষী আবু সাঈদ জোয়ারদারকে জেরা শেষ করেছে আসামিপক্ষ। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। শারীরিক কারণে জামিনে থাকা আলীম ট্রাইব্যুনালে হাজির ছিলেন। এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।