এজাজের মেয়ের ধারণা বাবা ফিরে আসবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছরের মারিয়া চৌধুরীর ধারণা, তার বাবা ফিরে আসবেন। তাই প্রতিদিন সে বাবার ফেরার অপেক্ষায় থাকে। কিন্তু সে জানে না, বাবা চলে গেছেন না ফেরার দেশে।মারিয়ার বাবা এজাজ উদ্দিন চৌধুরী কায়কোবাদ জীবন বাঁচাতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন। মানবতার প্রতীক হিসেবে বেঁচে আছেন, থাকবেন কোটি মানুষের হূদয়ে।সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্য ছুটে গিয়েছিলেন এজাজ উদ্দিন। গত ২৮ এপ্রিল রাতে ধ্বংসস্তূপ থেকে পোশাকশ্রমিক শাহীনা আক্তারকে জীবিত উদ্ধারের চেষ্টায় নেমে পড়েছিলেন সুড়ঙ্গে। ড্রিল মেশিন দিয়ে রড কাটার একপর্যায়ে ফুলকি থেকে আগুন লেগে যায়। গুরুতর অগ্নিদগ্ধ এজাজকে উদ্ধার করে ভর্তি করা হয় সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। শাহীনাকে জীবিত উদ্ধারের শেষ চেষ্টা ছিল সেটিই।উন্নত চিকিৎসার জন্য ৩০ এপ্রিল এজাজকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ মে রাতে মারা যান তিনি। ৭ মে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে দাফন করা হয়। পরোপকারী এ মানুষটি রেখে গেছেন স্ত্রী জারমিন আক্তার, মেয়ে মারিয়া ও তিন বছরের ছেলে তিহাদ চৌধুরীকে।জারমিন আক্তার প্রথম আলোকে বলেন, ‘সম্মানের কথা ভাবলে ভালো লাগে, কিন্তু ওর কথা মনে পড়লে, বাচ্চাদের কথা ভাবলে কষ্টে মনটা ভারী হয়ে যায়।’ সরকার এজাজের পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছে। জারমিন আরও বলেন, ‘২৫ এপ্রিল বোনের এই বাসায় টিভিতে ঘটনা দেখে সাভারে যাবেন জানিয়ে দুপুরে বের হয়ে যান এজাজ। দুই দিন পর রাত দুইটায় ফোন করে জানান, তিনি সাভারের উদ্ধারকাজে আছেন। সাভারে গিয়েছিলেন মোটরসাইকেলে, নিয়েছিলেন দুই লাখ টাকা। মোটরসাইকেল ও টাকা ফেরত পেলেও ফিরে আসেননি তিনি।’