এজাহার করতে যত ঝামেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

০১.নাসরিন (ছদ্মনাম) থানায় এসেছেন তাঁর শ্বশুরের বিরুদ্ধে মামলা করতে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সব ঘটনা খুলে বললেন। নাসরিনের ওপর অনেক দিন ধরে তাঁর শ্বশুর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। নাসরিনের বিরুদ্ধে তাঁর শ্বশুরের যত অতুষ্টির কারণ, তাঁর ছেলে অর্থাৎ নাসরিনের স্বামী তাঁর পছন্দ অনুযায়ী বিয়ে করেননি। নাসরিনের সঙ্গে তাঁর স্বামীর প্রেমের বিয়ে। তাই বিয়ের পর থেকেই তাঁর শ্বশুর নাসরিনকে সহ্য করতে পারতেন না। নাসরিন নিতান্তই মধ্যবিত্ত ঘরের মেয়ে। তাঁর শ্বশুরবাড়ি সেই অর্থে উচ্চবিত্ত বলা যায়। মাঝেমধ্যে নাসরিনের শ্বশুর তাঁকে প্রহার করতেন। এত দিনের চাপা ক্ষোভ সামলাতে না পেরে নাসরিন তাঁর মামাতো ভাইয়ের পরামর্শে তাঁর স্বামীর অমতেই থানায় মামলা করতে যান। কিন্তু কীভাবে মামলা করতে হয় তা জানা নেই তাঁর। থানার কর্মকর্তা নাসরিনকে লিখিত আকারে অভিযোগ দিতে বললে নাসরিন তাঁর শ্বশুরের দ্বারা প্রহার হওয়ার ঘটনা লিখে দিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিকে এজাহার হিসেবে গ্রহণ করলেন। এজাহার হিসেবে লেখার সময় নাসরিনকে জিজ্ঞেস করা হলো, তাঁর স্বামীও তাঁকে মারধর করেন কি না। নাসরিনকে দু-একবার তাঁর স্বামীও প্রহার করেছেন। এটি নিতান্তই একটি স্বাভাবিক ঘটনা হিসেবেই প্রকাশ করলেন থানার কর্মকর্তার কাছে। কিন্তু নাসরিনের সরল স্বীকার যে কত বড় বিপদ ডেকে এনেছে তিনি তখনো বুঝতে পারেননি। পুলিশ কর্মকর্তা মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে এজাহার করলেন। আসামি করা হলো তাঁর স্বামী ও শ্বশুরকে। নাসরিনকে জানানো হলো না তখন কোন আইনে মামলা হলো সে সম্পর্কে। যথারীতি মামলার তদন্ত শেষে চার্জশিট হলো।আদালত থেকে ওয়ারেন্ট জারি হলো তাঁর স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে। তত দিনে নাসরিন তাঁর স্বামীকে নিয়ে পৃথক বাড়িতে বসবাস শুরু করলেন। নাসরিন তো আদালতের নোটিশ পেয়ে অবাক, তাঁর স্বামীকে তো তিনি আসামি করেননি। আদালতে সাক্ষ্য-প্রমাণ শুরু হলো, নাসরিন ও তাঁর স্বামী ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেলেন। তাঁদের ভাগ্যে এখন কী আছে?নাসরিনের এই ঘটনায় পুলিশ হয়তো দণ্ডবিধির ৩২৫ বা ৩২৬ ধারায় মামলা নিলেই হতো। অথচ নারী ও শিশুনির্যাতন দমন আইনে নাসরিনকে না জানিয়েই তাঁর স্বামীসহ আসামি করা হলো। নাসরিনকে ফেলে দেওয়া হলো আরও ভোগান্তিতে।০২.তুহিনকে (ছদ্মনাম) পাড়ার কয়েকটি বখাটে ছেলে মিলে বেদম পেটাল তাদের চাঁদা না দেওয়ায়। তুহিনের ভাই এ ঘটনায় মামলা রুজু করার জন্য থানায় গেলেন লিখিত আকারে এজাহারের দরখাস্ত নিয়ে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রথমে মামলা নিতে চাইলেন না। পরের দিন আসতে বললেন। কথামতো তুহিনের ভাই সকালবেলা গিয়ে থানায় হাজির। তখন তাঁর লিখিত আবেদনটি কম্পোজ করিয়ে নিয়ে আসতে বলা হলো। তিনি কম্পোজ করে নিয়ে এলেন। পরে দুই দফায় কিছু জায়গায় সংশোধনী করে পরের দিন বিকেলে এজাহারটি পুলিশ গ্রহণ করল। অথচ এজাহারের আবেদন কম্পোজ করিয়ে দিতে হবে এমন কোনো আবশ্যক নেই।থানায় এজাহার করতে গিয়ে এমন ভোগান্তির ঘটনা অহরহই ঘটছে। সাধারণ মানুষ থানায় এজাহার কীভাবে করতে হবে না জানার কারণে মামলা করতে গিয়ে পড়ছে নানা সমস্যায়। প্রতিপক্ষ একটু শক্তিশালী বা প্রভাবশালী হলে থানা এজাহার নিতেও চায় না অনেক সময়। অথচ এজাহার গ্রহণকালে পুলিশের যথেষ্ট আন্তরিক ও সতর্ক থাকা উচিত। ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির অধীন বেশির ভাগ থানার কার্যাবলি অনুসন্ধানে দেখা গেছে, প্রতিটি থানাতেই এজাহার গ্রহণকালে সাবধানতা, সচেতনতা, দূরদর্শিতার অভাব রয়েছে। ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির নিয়মিত সভায়ও এর সত্যতা বেরিয়ে এসেছে। অনেক সময় দেখা গেছে, এজাহার গ্রহণকালে এজাহারকারীকে সঠিকভাবে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় না। এ রকম অনেক মামলাও আদালতে আসে যেখানে সুনির্দিষ্ট অভিযোগ এজাহারে থাকা সত্ত্বেও এবং মেডিকেল সনদ দ্বারা প্রমাণ হওয়া সত্ত্বেও এজাহার কলাম পূরণকালে সঠিক ধারা দেওয়া হচ্ছে না। অনেক সময় এজাহারের বক্তব্য পড়ে শোনানো হয় না। ফলে মামলায় সাক্ষ্যের সময় এজাহারের সঙ্গে সাক্ষ্যের গরমিল পাওয়া যায়। একজন এজাহারকারী হচ্ছে মামলায় প্রথম সাক্ষী। তাই এজাহারকারীর সাক্ষ্যের ওপর অনেকাংশ নির্ভর করে মামলার বিচার ও পরিণতি। তাই এজাহার গ্রহণের সময় সতর্ক না থাকার কারণে মামলার বিচারে এর প্রভাব পড়ে। নিয়ম অনুযায়ী, কোনো এজাহারকারী যদি মৌখিক কোনো বিবৃতি দেন, তাহলে তা লিখিত আকারে নিয়ে এজাহারকারীকে পড়ে শোনাতে হবে এবং তাঁর স্বাক্ষর নিতে হবে। যে কর্মকর্তা এজাহার লিখবেন তিনিই সিল ও স্বাক্ষর প্রদান করবেন। কোনো আমলযোগ্য অপরাধের ঘটনা থানায় এলে তা মৌখিক আর লিখিত যা-ই হোক—এজাহার হিসেবে নিতে থানা বাধ্য থাকবে। কোনো ঘটনা টেলিফোনে বা ই-মেইলে পেলে সংবাদদাতাকে থানায় গিয়ে এজাহার দায়ের করার কথা বলতে হবে। যদি বার্তা প্রেরণকারীকে না পাওয়া যায়, তাহলে কর্মকর্তা নিজেই এজাহার দায়ের করতে পারবেন, যদি ঘটনাটির সত্যতা পাওয়া যায়। কোনো গুরুতর অপরাধের খবর পাওয়া গেলে মেডিকেল সনদের জন্যও দেরি করবেন না থানার কর্মকর্তা।দেরিতে এজাহার: ঘটনা সংঘটিত হওয়ার কত দিনের মধ্যে পুলিশকে সংবাদ দিতে হবে বা এজাহার করতে হবে তার কোনো সুনির্দিষ্ট সময় দেওয়া নেই আইনে। তবে এজাহার দায়ের করতে বিলম্ব করা উচিত নয়। বিলম্বে এজাহার দায়ের মামলার গুণাগুণ নষ্ট করতে পারে। দেরিতে এজাহার দায়ের মামলাকে দুর্বল করে। তবে কোনো কারণে এজাহার করতে বিলম্ব হলে তার সুনির্দিষ্ট কারণ এজাহারের আবেদনে উল্লেখ করে দিতে হবে।