এজাহার করবেন যেভাবে
অপরাধী ও সংঘটিত আমলযোগ্য অপরাধের বিস্তারিত বিবরণসহ শাস্তি দাবি করে বা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় অপরাধের সংবাদ লিপিবদ্ধ করাকে এজাহার বলে; যা FIR (First Information Report) বা প্রাথমিক তথ্যবিবরণী নামেও পরিচিত। এজাহার লিখিত বা মৌখিক যেকোনোভাবেই করা যেতে পারে। মৌখিক এজাহারের ক্ষেত্রে থানার সংশ্লিষ্ট কর্মকর্তা বিনা মূল্যে ঘটনার বিবরণ লিপিবদ্ধ করে দেবেন এবং ওই ঘটনার বিবরণ তিনি তথ্য প্রদানকারীকে পড়ে শুনিয়ে আপত্তি না থাকলে তাতে তাঁর স্বাক্ষর নেবেন। যদি তথ্য প্রদানকারী কোনো সংশোধন-সংযোজন আনতে চান, তবে তা আনার পর স্বাক্ষর নেবেন। অন্যদিকে লিখিত এজাহারের বেলায় সংঘটিত অপরাধের বিস্তারিত বিবরণ স্বাক্ষরসহ দরখাস্ত আকারে সংশ্লিষ্ট থানায় দাখিল করতে হয়। ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় এজাহার সম্পর্কে বলা হয়েছে, কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আমলযোগ্য কোনো অপরাধ সংঘটিত হওয়া সম্পর্কে কোনো সংবাদ মৌখিকভাবে প্রদান করা হলে তিনি বা তাঁর নির্দেশক্রমে অন্য কেউ সঙ্গে সঙ্গে তা লিখে তথ্য প্রদানকারীকে পড়ে শোনাবেন এবং তথ্য প্রদানকারীর স্বাক্ষর নেবেন। লিখিতভাবে প্রদত্ত সংবাদের ক্ষেত্রেও তথ্য প্রদানকারী স্বাক্ষর করবেন। প্রাপ্ত দরখাস্তের তথ্যাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাহারের জন্য নির্ধারিত বিপি ২৭ ফরমে তুলে মামলার জন্য প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করবেন।তবে অপরাধের সংবাদটি বিস্তারিত না হলেও তা গ্রহণযোগ্য হবে এবং পুলিশ বা আইন প্রয়োগকারী বাহিনী ঘটনা আমলে নিয়ে তদন্ত করতে পারবে। যেকোনো ব্যক্তিই অপরাধ সংঘটনস্থলের নিকটবর্তী থানায় এজাহার রুজু করতে পারেন। এ জন্য তাঁকে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রয়োজন নেই। তবে আমল অযোগ্য অপরাধের ঘটনা তদন্ত করতে বিচারিক ম্যাজিস্ট্রেটের পূর্বানুমতির প্রয়োজন পড়ে।এজাহারে যেসব বিষয় থাকবে ঠিকমতো এজাহার করতে না পারায় অনেকেই বাধ্য হয়ে টাকার বিনিময়ে দালালের সাহায্য নেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, ঘটনার প্রত্যক্ষ সাক্ষী না হওয়ায় এজাহারে এসব দালাল ঘটনার প্রকৃত বিবরণ তুলে ধরতে ব্যর্থ হয়। ফলে এজাহার দুর্বল হয়ে যায় এবং আসামির বিপক্ষে মামলা প্রমাণ করা কঠিন হয়ে পড়ে। এজাহার হলো ফৌজদারি মামলার ভিত্তি, তাই এজাহারে অপরাধী ও অপরাধের পুঙ্খানুপুঙ্খ বিবরণ সতর্কতার সঙ্গে তুলে ধরতে হয়। এজাহারে তাই—(১) সুস্পষ্টভাবে অপরাধীর নাম ও ঠিকানা (জানা থাকলে) উল্লেখ করা; (২) অপরাধের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা যৌক্তিকভাবে লিপিবদ্ধ করা; (৩) অপরাধ সংঘটনের তারিখ ও সময় উল্লেখ করা; (৪) অপরাধের সংঘটনস্থল উল্লেখ করা; (৫) অপরাধ সংঘটনের কোনো পূর্বসূত্র বা কারণ থেকে থাকলে তার বর্ণনা তুলে ধরা; (৬) সন্দেহভাজন ব্যক্তিদের সম্পর্কে ধারণা দেওয়া; (৭) অপরাধ-পরবর্তী অবস্থা, যেমন—সাক্ষীদের আগমন, আহত ব্যক্তির চিকিৎসা ইত্যাদি সম্পর্কে বর্ণনা; (৮) সাক্ষীদের নাম, ঠিকানা ইত্যাদি উল্লেখ করা; (৯) অপরাধীদের কেউ বাধা দিয়ে থাকলে তার ধারাবাহিক বর্ণনা করা; (১০) কোনো বিষয় তাৎক্ষণিকভাবে লেখা সম্ভব না হলে পরবর্তী সময়ে সে বিষয়টি সংযোজন করা হবে—এমন একটি কৈফিয়ত রাখা প্রভৃতি বিষয় উল্লেখ করা জরুরি। এ ছাড়া এজাহার দাখিলে কোনো কারণে বিলম্ব হলে যথাযথ ও যৌক্তিক কারণ দর্শানো এবং কোনো ঘষামাজা, কাটাকাটি না থাকা ভালো। যদিও ফৌজদারি অপরাধের কোনো তামাদি নেই, তথাপি এজাহার দায়েরে বিলম্ব মামলার গুণগতমান বিনষ্ট করে। এজাহারের পাঁচটি কপি করতে হয়—এর মধ্যে মূল কপি কোর্টে, প্রথম কার্বন কপি পুলিশ সুপারের কাছে, দ্বিতীয় কার্বন কপি থানায়, সাদা কাগজে অতিরিক্ত কপি সার্কেল সহকারী পুলিশ সুপারের কাছে এবং সাদা কাগজে অতিরিক্ত কপি এজাহারদাতার কাছে প্রেরণ করতে হয়।এজাহারের পর পুলিশি দায়িত্বআমলযোগ্য অপরাধের সংবাদ শুনে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এজাহার হিসেবে গ্রহণ থেকে বিরত থাকতে পারবেন না। আমলযোগ্য কোনো অপরাধের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফৌজদারি কার্যবিধাি অনুসারে তদন্ত আরম্ভ করতে হবে। সংবাদদাতা সংবাদটি লিখিতভাবে দিতে না চাইলে অথবা তা লেখা হলে তাতে স্বাক্ষর দিতে না চাইলে সংবাদটি জিডিভুক্ত করে পরবর্তী ব্যবস্থা নিতে হবে। প্রাথমিক তথ্যদাতা টেলিফোন, ফ্যাক্স, ই-মেইল বা যোগাযোগের অন্যকোনো মাধ্যম ব্যবহার করে কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ দিলে সংবাদদাতাকে থানায় এসে এজাহার রুজুর জন্য বলতে হবে। তার নাম, ঠিকানা, খবরের উৎস প্রভৃতি লিপিবদ্ধ করতে হবে এবং সংবাদদাতা থানায় না এলে সংবাদ গ্রহণকারী কর্মকর্তা নিজেই বিষয়টি এফআইআর করে ব্যবস্থা নেবেন। অপরাধ সংঘটনের সংবাদ কোনো আমলযোগ্য ঘটনা না হলে তা জিডি হিসেবে গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা নিতে হবে। সংবাদদাতা স্বাক্ষর না দেওয়ার কারণে প্রয়োজনীয় কার্যক্রম বন্ধ রাখা যাবে না। সংবাদ পেলে ডাক্তারি কিংবা অন্যকোনো প্রয়োজনীয় সার্টিফিকেট না পাওয়ার কারণে এজাহার বিলম্বিত করা যাবে না। ম্যাজিস্ট্রেট আমলযোগ্য কোনো অপরাধ তদন্ত করার জন্য পুলিশকে নির্দেশ দিলে ম্যাজিস্ট্রেটের প্রেরিত লিখিত বার্তাই পুলিশ কর্মকর্তা এজাহার হিসেবে গণ্য করে পদক্ষেপ নেবেন।জিডি ও এজাহারের পার্থক্যজিডি করা হয় অপরাধ সংঘটনের আশঙ্কা থেকে এবং এজাহার করতে হয় অপরাধ সংঘটনের পরপর। এজাহার কেবল আমলযোগ্য অপরাধের ক্ষেত্রেই দায়ের করা যায়, কিন্তু জিডি যেকোনো অপরাধ, এমনকি কোনো কিছু হারিয়ে গেলেও করা যায়। মনে রাখতে হবে, এজাহার মানে মামলা দায়ের, কিন্তু জিডি কোনো মামলা নয়। শেষ কথাফৌজদারি মামলার বিচারে এজাহার অত্যধিক গুরুত্বপূর্ণ একটি দলিল। তাই বিচারকালে এজাহারে কোনো ত্রুটি ধরা পড়লে তা আর সাধারণত সংশোধন করা যায় না। এজাহারের ওপর মামলার ভাগ্য অনেকখানি নির্ভর করে। একটি শক্তিশালী এবং নিরেট এজাহার একদিকে যেমন আইনের শত ব্যাখ্যার মধ্যেও ন্যায়বিচার নিশ্চিত করতে পারে, অন্যদিকে ঠিক তেমনি আইনগতভাবে দুর্বল ও অসংগতিপূর্ণ এজাহার মামলার গুণগত মান নষ্ট করে বিচার বিলম্বিত করে আসামিদের জন্য বেকসুর খালাসের ব্যবস্থা করতে পারে। তাই এজাহার করার আগে যথাযথ সতর্কতা অবলম্বনের পাশাপাশি এ বিষয়ে পুলিশের জন্য প্রশিক্ষণ ও বর্তমান প্রক্রিয়াটি সংশোধন করে এজাহারের জন্য জনবান্ধব ছক প্রবর্তন করাও অত্যাবশ্যক।লেখক প্রভাষক, আইন বিভাগ, ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়।