এজাহারভুক্ত আসামি ছাত্রলীগের নেতাকে ধরে ছেড়ে দিল পুলিশ
খুলনায় হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ওরফে কচিকে আটক করেও ছেড়ে দিয়েছে পুলিশ। ফুলতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার আলাউদ্দিন ওরফে মিঠুর ওপর বোমা হামলা ও গুলিবর্ষণ করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। গত সোমবার রাত নয়টার দিকে ফুলতলা উপজেলার ভাই ভাই হোটেলের সামনে থেকে আটক করে তাঁকে খানজাহান আলী থানায় রাখা হয়। দিবাগত রাত তিনটার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। খানজাহান আলী থানার পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির নেতা আলাউদ্দিনের দেওয়া লিখিত অভিযোগ সোমবার রাতেই মামলা হিসেবে তালিকাভুক্ত করা হয়। মামলায় তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়। এজাহারভুক্ত আসামিরা হলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য শিল্পপতি শেখ আকরাম হোসেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কচি ও চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট (এমএল-জনযুদ্ধ) সদস্য আলম শেখ। এর মধ্যে আলম শেখ গত রোববার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জানা গেছে, খানজাহান আলী থানার উপপরিদর্শক (এসআই) মোর্ত্তজা ফুলতলা থানার পুলিশের সহায়তায় সোমবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার ভাই ভাই হোটেলের সামনে থেকে কচিকে আটক করে থানায় নিয়ে যান। খবর পেয়ে রাতেই ফুলতলা ও খানজাহান আলী থানা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা থানায় ভিড় করেন। রাত তিনটার দিকে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি বেগ লিয়াকতের জিম্মায় কচিকে থানা থেকে ছেড়ে দেয় পুলিশ।মামলার বাদী বিএনপির নেতা সরদার আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সোমবার রাত আটটার দিকে এসআই মোর্ত্তজা উপজেলা হাসপাতালে এসে আমার কাছ থেকে মামলার লিখিত এজাহার নিয়ে যান। ওই এজাহারে ছাত্রলীগের নেতা কচিকে আসামি করা হয়। রাত নয়টার দিকে জানতে পারি কচিকে এসআই মোর্ত্তজা আটক করে থানায় নিয়ে গেছেন। রাত তিনটার দিকে পুলিশ কচিকে ছেড়ে দেয় বলে খবর পাই।’ গতকাল খানজাহান আলী থানার কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, বোমা হামলা ও গুলিবর্ষণ করে হত্যার অভিযোগে ফুলতলা উপজেলার চেয়ারম্যান আলাউদ্দিনের করা একটি মামলায় সোমবার রাতে কচিকে আটক করা হয়। কিন্তু তাঁর হূদরোগ থাকায় চিকিৎসকের সনদের ভিত্তিতে শর্ত দিয়ে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনার সমন্বয়কারী আইনজীবী মো. মোমিনুল ইসলাম বলেন, অসুস্থ হলেও এজাহারভুক্ত আসামিকে আটকের পর কোনো অবস্থাতেই পুলিশের ছেড়ে দেওয়ার ক্ষমতা নেই। কেবল আদালতই তা করতে পারেন। পুলিশ এমন কিছু করলে ক্ষমতার অপব্যবহার করেছে।গতকাল দুপুর ১২টায় মুঠোফোনে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন শেখ প্রথম আলোকে বলেন, ছাত্রলীগ নেতা কচিকে আটক করা হয়নি। সোমবার রাতে তিনি নিজেই থানায় এসে পরে চলে যান। পুলিশ যে কাউকে থানায় ডেকে আনতে পারে। এজাহারভুক্ত আসামি হওয়া সত্ত্বেও কচিকে আটক না করে কেন ছেড়ে দেওয়া হলো—এ প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ডিউটিতে আছি। এর উত্তর এখন দিতে পারব না। পরে জানতে পারবেন।’গত ৬ মার্চ বিকেল চারটার দিকে খুলনা নগরের পুলিশ ট্রেনিং সেন্টারে চরমপন্থীদের বোমা হামলায় আলাউদ্দিন ও তাঁর ছেলে সানিসহ আটজন আহত হন।